২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২ কোটি টাকা আত্মসাতে অধ্যক্ষের বিরুদ্ধে দুদকের মামলা

বিভিন্ন খাতের ফি বাবদ শিক্ষার্থীদের থেকে আদায় করা প্রায় দুই কোটি টাকা আত্মসাতের অভিযোগে হবিগঞ্জের বৃন্দাবন সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ বিজিত কুমার ভট্টাচার্য্যর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন-দুদক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2018, 08:34 PM

Updated : 19 Aug 2022, 01:22 PM

মঙ্গলবার হবিগঞ্জ সদর থানায় কমিশনের সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক মলয় কুমার সাহা বাদী হয়ে মামলাটি করেন বলে দুদকের উপ-পরিচালক প্রনব কুমার ভট্টাচার্য্য জানিয়েছেন।

বিজিত ভট্টাচার্য্য বর্তমানে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের রসায়ন বিভাগের প্রধান।

মামলায় তার সঙ্গে বৃন্দাবন সরকারি কলেজের ক্যাশিয়ার মো. বাবুল মিয়াকেও আসামি করা হয়েছে।

প্রনব ভট্টাচার্য্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আসামিরা বৃন্দাবন সরকারি কলেজে কর্মরত থেকে ২০০৯ সালের ২ এপ্রিল থেকে ২০১৫ সালের ৫ এপ্রিল পর্যন্ত কলেজের শিক্ষার্থীদের থেকে বিভিন্ন খাতের ফি বাবদ এক কোটি ৯১ লাখ এক হাজার ৮০৪ টাকা আদায় করে আত্মসাৎ করেন।”

এজাহারে আরও বলা হয়, ওই টাকা বিধি মোতাবেক কলেজের সংশ্লিষ্ট খাতে ব্যয় না করে, বা ব্যাংক হিসাবে জমা না করে এবং ভাউচার দাখিল না করে, এমনকি জমা-খরচ বা আয়-ব্যয় ক্যাশ বইতে এন্ট্রি না দিয়ে, আদায় রেজিস্ট্রার ও ক্যাশ বই প্রতারণামূলকভাবে বিনষ্ট করেছেন আসামিরা।