বাবলার আবেদনের শুনানি রোববার পর্যন্ত মুলতবি
রংপুর সিটি করপোরেশন নির্বাচনের ভোট পুনর্গণনার আবেদনের ‘আইনানুগ নিষ্পত্তি’ চেয়ে বিএনপির পরাজিত মেয়র প্রার্থী কাওসার জামান বাবলার রিটের শুনানি রোববার পর্যন্ত মুলতবি রেখেছে হাই কোর্ট।
বিচারপতি মোয়াজ্জাম হোসাইন ও বিচারপতি মো. সোহরাওয়ারদীর হাই কোর্ট বেঞ্চে বৃহস্পতিবার ওই রিট আবেদনের ওপর প্রাথমিক শুনানি হয়।
বাবলার পক্ষে আদালতে শুনানি করেন ব্যারিস্টার এম মাহবুব উদ্দিন খোকন।
পরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, অনিয়ম, কারচুপি, এজেন্টদের বের করে দেওয়াসহ বিভিন্ন অভিযোগ জানিয়ে গত ২৪ ডিসেম্বর রিটার্নিং কর্মকর্তার কাছে ভোট পুনর্গণনার আবেদন করেন কাওসার জামান বাবলা।
সেখানে জবাব না পেয়ে পরে ২৭ ডিসেম্বর প্রধান নির্বাচন কমিশনারের কাছে আবেদন করেন। ইসি সচিবালয় এখন পর্যন্ত সে আবেদনে সাড়া না দেওয়ায় এই রিট আবেদন করা হয়েছে বলে জানান মাহবুব উদ্দিন খোকন।
তিনি বলেন, তাদের আবেদনে নির্বাচন কমিশনের নিষ্ক্রিয়তাকে চ্যালেঞ্জ করা হয়েছে।
“আদালত আজ আংশিক শুনানি নিয়ে রোববার পর্যন্ত মুলতবি রেখেছেন। সেদিন আবার শুনানি নিয়ে আদেশ দিতে পারে।”
গত বছরের ২১ ডিসেম্বর রংপুর সিটি করপোরেশনের নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফা ১ লাখ ৬০ হাজার ৪৮৯ ভোট পেয়ে নির্বাচিত হন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জেলা আওয়ামী লীগের প্রার্থী সাবেক মেয়র সরফুদ্দীন আহমেদ ঝন্টু (নৌকা) পেয়েছেন ৬২ হাজার ৪০০ ভোট।
আর বিএনপির প্রার্থী কাওসার জামান বাবলা (ধানের শীষ) ৩৫ হাজার ১৩৬ ভোট পেয়ে তৃতীয় হন।
