ন্যাশনাল সার্ভিসের আওতায় ৩৭ জেলা
বেকার যুবক-যুবতীদের অস্থায়ী কর্মসংস্থানের জন্য গঠিত ন্যাশনাল সার্ভিস কর্মসূচিতে ৩৭ জেলাকে আনা হয়েছে।
২০১০ সালের ৬ মার্চ কুড়িগ্রাম জেলা দিয়ে এই কর্মসূচি যাত্রা শুরু করে। বর্তমানে ৩৭টি জেলার ১২৮টি উপজেলায় ১ লাখ ২৮ হাজার ৮৯৬ জনকে প্রশিক্ষণ এবং ১ লাখ ২৬ হাজার ৫৬১ জনের অস্থায়ী কর্মে নিয়োজিত করা হয়েছে। এই কর্মসূচিতে যুক্ত যুব নারী প্রায় ৪৫ শতাংশ।
বৃহস্পতিবার যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ন্যাশনাল সার্ভিস কর্মসূচির কেন্দ্রীয় সমন্বয় কমিটির সভায় এ তথ্য জানানো হয়।
যুব ও ক্রীড়া সচিব মো. আসাদুল ইসলামের সভাপতিত্বে এসভায় সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।
দ্বিতীয় পর্যায়ে রংপুর বিভাগের ৭টি জেলার ৮টি উপজেলায়, তৃতীয় পর্বে ১৭টি জেলার ১৭টি উপজেলায়, ষষ্ঠ পর্বে ১৩টি জেলার ২০টি উপজেলায় ও সপ্তম পর্বে ১৮টি জেলার ২০টি উপজেলায় এ কর্মসূচি গ্রহণ করা হয়।
ন্যাশনাল সার্ভিস কর্মসূচির অধীনে ১০টি বিষয়ের উপর ৩ মাস প্রশিক্ষণ দিয়ে বিভিন্ন সরকারি সেবা প্রদানকারী প্রতিষ্ঠানে ২ বছরের জন্য অস্থায়ী কর্মেসংস্থানে সংযুক্তি প্রদান করা হচ্ছে বলে সভায় জানানো হয়।
বর্তমানের দারিদ্র্য মানচিত্র অনুযায়ী বিভিন্ন উপজেলাকে ন্যাশনাল সার্ভিস কর্মসূচির আওতাভুক্ত করা হচ্ছে।
এ কর্মসূচিতে অন্তর্ভুক্ত যুব নারী ও পুরুষকে প্রশিক্ষণকালে মাথাপিছু দৈনিক ১০০ টাকা এবং দুই বছরের অস্থায়ী কর্মসংস্থানকালে মাসিক ৬ হাজার টাকা দেওয়া হয়।
ন্যূনতম এইচএসসি পাস এবং ২৪ থেকে ৩৫ বছর বয়সী বেকার যুবারা ন্যাশনাল সার্ভিস কর্মসূচির জন্য বিবেচিত হয়ে থাকে।
