পাল্টা সংবাদ সম্মেলনে বার সহসভাপতি
সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের রায় পুনর্বিবেচনার আবেদন নিয়ে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি- সম্পাদকের সংবাদ সম্মেলন তাদের ‘ব্যক্তিগত সিদ্ধান্তে’ হয়েছে বলে দাবি করেছেন সহসভাপতি অজিউল্লাহ।
আওয়ামী লীগ সমর্থক এই আইনজীবী বুধবার এক পাল্টা সংবাদ সম্মেলনে বলেছেন, বিএনপি সমর্থক সভাপতি ও সম্পাদক ‘রাজনৈতিক উদ্দেশ্যে’ আগের সংবাদ সম্মেলন করেছিলেন।
অজিউল্লাহ বলেন, “ষোড়শ সংশোধনীর আপিলের রায়ে সংক্ষুব্ধ হয়ে রায়ের বিরুদ্ধে সরকার পক্ষ রিভিউ পিটিশন দাখিল করেছেন। সংবিধানের ১০৫ অনুচ্ছেদ অনুযায়ী রিভিউ দাখিল করার সাংবিধানিক অধিকার রয়েছে সংক্ষুব্ধদের। লিগ্যাল কোরাম অনুযায়ী সংক্ষুব্ধরা রিভিউ দায়ের করতে পারেন।
“কিন্তু এ রিভিউ নিয়ে সমিতির সভাপতি জয়নুল আবেদীন ও সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন সংবাদ সম্মেলন করে অনেক বক্তব্য দিয়েছেন। তারা রিভিউ শুনানি নিয়ে সংশয়মূলক বক্তব্য দিয়েছেন। সরকার নাকি বিচার বিভাগকে নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে যেতে চায়।”
“তাদের এ ধরনের বক্তব্য বেআইনি, অনভিপ্রেত ও অনাকাঙ্ক্ষিত। এটা রাজনৈতিক উদ্দেশ্যে করা হয়েছে। কারণ তারা দুজনই একটি বিশেষ রাজনৈতিক দলের নেতা,” বলেন অজিউল্লাহ।
তিনি বলেন, ছুটির দিনে সংবাদ সম্মেলন করে তাদের দেওয়া বক্তব্যের সঙ্গে বারের কোনো সম্পৃক্ততা নেই। এ ধরনের কোনো বিষয় বারের ‘রেজুলেশনে পাস হয়নি’।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সহ-সম্পাদক শফিকুল ইসলাম, সদস্য মো হাবিবুর রহমান (হাবিব)।
এছাড়া আওয়ামী লীগের নেতা ইউসুফ হোসেন হুমায়ুন, বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান আব্দুল বাসেত মজুমদারও ছিলেন।
