পুনর্বিবেচনার আবেদন রায়ের বিরুদ্ধে অবস্থান: জয়নুল
সরকার সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের রায় পুনর্বিবেচনার আবেদন করে সর্বোচ্চ আদালতের রায়ের বিরুদ্ধে অবস্থান নিয়েছে বলে মন্তব্য করেছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি জয়নুল আবেদীন।
সর্বোচ্চ আদালতের রায় পুনর্বিবেচনা চেয়ে রোববার রাষ্ট্রপক্ষের আবেদনের পরদিন সোমবার এ নিয়ে সংবাদ সম্মেলন ডাকে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি।
এতে সমিতির সভাপতি জয়নুল বলেন, “অতীতে বহুবার বে-আইনি সংশোধনীর বিরুদ্ধে অনেক সিদ্ধান্ত দেশের এই সর্বোচ্চ আদালত দিয়েছে। কিন্তু সেই সব সিদ্ধান্ত বা আদেশের বিরুদ্ধে সরকার এইভাবে ক্ষুব্ধ হয়ে কোনো রিভিউ আবেদন করেছে বলে আমাদের জানা নাই।“
রায় পুনর্বিবেচনায় সরকারের আবেদনটি বাতিল হবে আশা প্রকাশ করে বিএনপিপন্থি এই আইনজীবী বলেন, “যে সাত বিচারপতি এই রায় দিয়েছেন, তার মধ্যে পাঁচ বিচারপতি এখনও আপিলের দায়িত্বে আছেন। আমরা বিশ্বাস করি সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের রায়ের মত পুনর্বিবেচনার আবেদনটিও তারা বাতিল করবেন।”
ষোড়শ সংশোধনী বাতিলে আপিলের রায়ের পর্যবেক্ষণ নিয়ে সরকার ও উচ্চ আদালতের মধ্যে টানাপোড়েনে সমালোচনার মধ্যে ছুটিতে বিদেশ গিয়ে পরে পদত্যাগপত্র পাঠান সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহা।
আপিলের রায়টি আপিল বিভাগের সব বিচারকে সর্বসম্মত রায় হলেও এ নিয়ে সরকার সাবেক প্রধান বিচারপতিকে বিতর্কিত করার চেষ্টা করেছে বলে অভিযোগ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নেতা জয়নুল আবেদীনের।
সমিতির শহীদ শামসুল হক হলে (দক্ষিণ হলে) আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, “আপিলে ষোড়শ সংশোধনী বাতিলের রায় আপিল বিভাগের সব বিচারকদের সর্বসম্মত রায়। তা সত্ত্বেও প্রধান বিচারপতি এসকে সিনহার বিরুদ্ধে একের পর এক ভিত্তিহীন অভিযোগ সৃষ্টি করেছেন এবং তাকে বিতর্কিত করার সর্বাত্মক চেষ্টা করেছেন। সর্বশেষ তাকে পদত্যাগ করিয়েছেন।
“আপিল বিভাগের এ রায় কোনো ব্যক্তি বা গোষ্ঠীর বিরুদ্ধে নয়। কিন্তু রোববার পুনর্বিবেচনার আবেদনের পর অ্যাটর্নি জেনারেলের বক্তব্যে মনে হয়েছে ষোড়শ সংশোধনী বাতিলের কারণেই জুডিশিয়াল ক্যু করে তাকে বিদায় করেছেন। এখন রিভিউ আবেদনটি দাখিল করে পুরো রায়টি বাতিলের চক্রান্ত করছেন।”
৯০৮ পৃষ্ঠার রিভিউ আবেদনে রাষ্ট্রপক্ষ মোট ৯৪টি যুক্তি তুলে ধরেছে জানিয়ে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম সাংবাদিকদের বলেছিলেন, “রায়ে যেসব অপ্রাসঙ্গিক পর্যালোচনা এসেছে, তা বাতিল চাওয়া হয়েছে।
“এছাড়া সুপ্রিম কোর্টের বিচারক অপসারণ সংক্রান্ত আইন হওয়ার আগেই আপিলের রায়ে ষোড়শ সংশোধনী বাতিল করা হয়েছে- যা আমাদের কাছে অপরিপক্ক মনে হযেছে। রিভিউ আবেদনে আমরা ওই রায় বাতিল চেয়েছি।”
এসব যুক্তি বিবেচনায় নিয়ে আপিল বিভাগ রায় পুনর্বিবেচনা করবে বলে আশা প্রকাশও করেন অ্যাটর্নি জেনারেল।
তবে সরকারের ইচ্ছামতো রায় দিতে বিচারকদের ভয়ভীতি দেখানোর চেষ্টা হচ্ছে বলে অভিযোগ জয়নুল আবেদীনের।
সরকার বিচার বিভাগকে পূর্ণ নিয়ন্ত্রণে নিতে চাইছে মন্তব্য করে তিনি বলেন, “সরকার নিজেদের স্বার্থে বিচার বিভাগকে পরিচালিত করতে চায়। তারা যেভাবে চায় সেভাবেই আদালতকে রায় দিতে হবে; যদি তা না করা হয়, বিচারপতি সিনহার মতো তাদেরকেও একই পরিণতি বরণ করতে হবে। এভাবেই অন্যান্য বিচারপতিদের তারা ভয় দেখানোর চেষ্টা করছে।”
জয়নুল আবেদীন বলেন, “বিচার বিভাগ হচ্ছে সংবিধানের অভিভাবক। এটা স্বীকৃত যে, আইন বিভাগ আইন প্রণয়ন করবেন। সে আইন সংবিধান মোতাবেক হয়েছে কিনা, সংবিধানের সাথে সাংঘর্ষিক কিনা এবং কোনো দলের বা ব্যক্তির স্বার্থে কিনা- তা দেখার দায়িত্ব বিচার বিভাগের। বিচার বিভাগ ষোড়শ সংশোধনী বাতিলের রায় দিয়ে সে দায়িত্বই পালন করেছেন।
“অথচ এই রায়ের পরে সরকারের বিভিন্ন মহল থেকে অহেতুক এবং অসৌজন্যমূলক ও আদালতের প্রতি অশ্রদ্ধামূলক বক্তব্য রেখেছেন, যা অনাকাঙ্ক্ষিত ও অনভিপ্রেত।”
ষোড়শ সংশোধনী বাতিলের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের রিভিউ আবেদনের প্রেক্ষাপটে ডাকা সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যের ফাঁকে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে নিম্ন আদালতে বিচারাধীন মামলা নিয়েও কথা বলেন জয়নুল আবেদীন।
তিনি বলেন, “এ ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে সরকার খালেদা জিয়ার মামলার রায়কেও প্রভাবিত করার চেষ্টা করছে।“
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, সহ-সম্পাদক শামীমা সুলতানা দীপ্তি, সাবেক সহ-সভাপতি এবিএম অলিউর রহমান খান, আইনজীবী রফিকুল ইসলাম মেহেদী, আবেদ রেজা, খোরশেদ আলম, সগীর হোসেন লিয়ন, একেএম এহসানুর রহমান এবং এএইচ এম কামরুজ্জামান মামুন উপস্থিত ছিলেন।
