উৎসবের বড়দিন
বিশ্বের অন্যান্য স্থানের মতো বাংলাদেশেও খ্রিস্ট ধর্মের অনুসারীরা নানা আয়োজনে উদযাপন করছে যিশু খ্রিস্টের জন্মতিথি বড়দিন।
এ উপলক্ষে গির্জাগুলো ফুল, রঙ্গিন কাগজ আর আলোয় আলোয় সাজানো হয়েছে মনোরম সাজে। ক্রিসমাস ট্রি থেকে ঝুলছে আলোর মালা। বানানো হয়েছে খ্রিস্টের জন্মের ঘটনার প্রতীক গোশালা। সেই সঙ্গে বড়দিনের কেক তো আছেই।
সোমবার বড়দিন হলেও আগের রাত থেকেই উৎসবে মেতে উঠেছেন খ্রিস্টানরা, তাদের বাড়ি বাড়ি চলছে উৎসব।
রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের খ্রিস্টান ধর্মাবলম্বীদের বড়দিনের শুভেচ্ছা জানিয়েছেন।
বড়দিন উপলক্ষে এক বাণীতে রাষ্ট্রপতি বলেন, যিশুখ্রিষ্টের মতে মানুষের পরিত্রাণের উপায় হল জগতের মাঝে ভালোবাসা, সেবা, ক্ষমা, মমত্ববোধ, সহানুভূতি ও ন্যায় প্রতিষ্ঠাসহ শান্তিপূর্ণ অবস্থান। পূর্ণ অন্তর, মন ও শক্তি দিয়ে তিনি ঈশ্বর ও সকল মানুষকে ভালোবাসতে শিক্ষা দিয়েছেন।
“জাতিতে জাতিতে সম্প্রীতি ও ঐক্য স্থাপনসহ সমস্যাসঙ্কুল বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় যিশুখ্রিষ্টের শিক্ষা ও আদর্শ খুবই প্রাসঙ্গিক বলে আমি মনে করি।”
রাষ্ট্রপতি হামিদ বলেন, বাংলাদেশের সব ধর্মের মানুষ আবহমানকাল ধরে পারস্পরিক ভালোবাসা ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ।
বড়দিনের প্রথম প্রহরে ঢাকার ফার্মগেইটের হলি রোজারি চার্চে প্রার্থনায় অংশ নেন সব বয়সী মানুষ। ছবি: তানভীর আহাম্মেদ
খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় এই উৎসব দেশে ধর্মীয় সম্প্রদায়গুলোর মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনকে আরও দৃঢ় করবে বলে আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এক শুভেচ্ছা বাণীতে তিনি বলেন, ন্যায়, শান্তি ও সত্য প্রতিষ্ঠার মাধ্যমে শোষণমুক্ত সমাজব্যবস্থা প্রবর্তন করা ছিল যিশুখ্রিস্টের অন্যতম ব্রত।
“বিপন্ন ও অনাহারক্লিষ্ট মানুষের জন্য মহামতি যিশু নিজেকে উৎসর্গ করেছেন। তার ন্যায়, জীবনাচরণ ও দৃঢ় চারিত্রিক গুণাবলির জন্য মানব ইতিহাসে তিনি অমর হয়ে আছেন।আজকের সমাজব্যবস্থায় তার শিক্ষা ও আদর্শগুলোকে অনুসরণ করা প্রয়োজন বলে আমি মনে করি।”
প্রার্থনায় শান্তি ও সম্প্রীতি কামনা
রোববার রাত ১১টার দিকে বিভিন্ন গির্জা ও উপাসনালয়ে প্রার্থনার মধ্য দিয়ে শুরু হয় বড়দিনের উদযাপন। সেখানে মঙ্গলবাণী পাঠের মাধ্যমে নিজের পরিশুদ্ধি এবং জগতের সব মানুষের জন্য মঙ্গল কামনা করা হয়।
সোমবার বিভিন্ন চার্চে প্রার্থনায় শান্তি ও মঙ্গলের কামনা করার পাশাপাশি বড়দিনে উৎসবের আনন্দেও মেতেছেন তারা।
সকালে কাকরাইলের সেন্ট মেরিস ক্যাথেড্রালে বড়দিনের প্রার্থনায় অংশ নেয় খ্রিস্টান ধর্মাবলম্বী হাজারও নারী-পুরুষ ও শিশু।
এই চার্চের ফাদার ক্যারুবিন বাকলা বলেন, “আজ ঈশ্বরপুত্র যিশুর জন্মদিন, এই দিনটা অনেকটাই রহস্যাবৃত ছিল, দিনটি আজ উন্মোচিত হল। দেহ ধারণের মাধ্যমে অদৃশ্য ঈশ্বরকে প্রকাশিত করলেন। এই ঈশ্বর আমাদের প্রেমময়, দয়াবান, জীবনদাতা, রক্ষাকারী- এমন অনেকভাবেই আমরা ব্যাখ্যা করি এবং বিশ্বাস করি।”
তেজগাঁওয়ের হোলি রোজারিও চার্চে তিন দফায় প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়, যেখানে কয়েক হাজার নানা বয়সী মানুষ মিলিত হন।
বড়দিনের উৎসবকে ঘিরে বর্ণিল করে সাজানো হয়েছে চার্চ এলাকা; ক্রিসমাস ট্রি আর আলোকসজ্জা ছিল নজরকাড়া।
চার্চ প্রাঙ্গণে ঢুকতেই প্রার্থনাকারীদের চোখে পড়ে যিশু কোলে মা মেরির বড় আকারের ভাস্কর্য, যার চরণে প্রণাম জানিয়ে পূজারীরা প্রবেশ করেন ভেতরে।
সকাল ৭টায় শুরু হয় প্রথম দফার প্রার্থনা, দ্বিতীয়টি সকাল ৯টায় এবং শেষটি সকাল ১১টায়। সেখানে থাকা সমাধিতে গিয়েও অনেককে মৃতদের জন্য প্রার্থনা করতে দেখা যায়।
বড়দিনের প্রথম প্রহরে ঢাকার ফার্মগেইটের হলি রোজারি চার্চে খ্রিস্টান ধর্মাবলম্বীরা। ছবি: তানভীর আহাম্মেদ
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “যিশু খ্রিষ্টের জন্মদিন আমাদের উৎসবের দিন, প্রার্থনার দিন। প্রার্থনার সময় নিজের, পরিবারের এবং সকল মানুষের মঙ্গল কামনা করেছি।”
সকাল ৯টার প্রার্থনা পরিচালনা করেন ঢাকার আর্চবিশপ কার্ডিনাল প্যাট্রিক ডি রোজারিও; আর সকাল ৭টার প্রার্থনা পরিচালনায় ছিলেন দুই ফাদার- মিন্টু পালমা ও রণজিৎ গোমেজ।
ফাদার রণজিৎ বলেন, “এ বছর যেহেতু পোপ মহোদয় বাংলাদেশ ঘুরে গেছেন, সেহেতু বড়দিনের উৎসবটা আমাদের জন্য বিশেষ। দেশ ও বিশ্ববাসীর মধ্যে যেন শান্তি ও সম্প্রীতি বিরাজ করে সেই প্রার্থনা আমরা করেছি। গরীব-দুঃখীসহ সকলের জন্য যেন মানবতাবোধ জাগ্রত হয় সেই প্রার্থনাও ছিল।”
তিনি বলেন, “প্রার্থনা মূলত আনুষ্ঠানিকতা মাত্র। চার্চে প্রার্থনা নিয়মিতই হয়ে থাকে, তবে বড়দিনের প্রার্থনা হয় উৎসবমুখর। প্রার্থনার অল্প সময়ের পর পরিবার ও আত্মীয়-স্বজনের সঙ্গে সময় কাটানো বা সামাজিক আয়োজনই বড়দিনের মুখ্য বিষয়।”
বর্ণিল আয়োজন
গির্জার পাশাপাশি খ্রিস্টানদের বাড়ি বাড়ি এবং রাজধানীর বিভিন্ন হোটেলে চলছে বড়দিনের নানা অনুষ্ঠান, বিশেষ করে শিশুদের জন্য আলাদা আয়োজন করেছে পাঁচ তারকা হোটেলগুলো।
বড়দিনের প্রথম প্রহরে ঢাকার ফার্মগেইটের হলি রোজারি চার্চে প্রার্থনায় অংশ নেন সব বয়সী মানুষ। ছবি: তানভীর আহাম্মেদ
পাঁচ তারকা হোটেল সোনারগাঁওয়ে টিকেট কেটে বড়দিনের আয়োজনে অংশ নিতে পারছে মানুষ।
শিশুদের কেন্দ্র করে ‘কিডস ক্রিসমাস পার্টির’ আয়োজন সাজানো হলেও তাদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে দেখা যায় বড়দেরকেও।
হোটেলের ওয়েসিস প্রাঙ্গণে আনন্দ আয়োজনের সূচনা সকাল ১০টায় হওয়ার কথা থাকলেও হোটেলের লবিতে তার আগেই হাজির হয়ে যান সান্তা ক্লজ।
বড়দিনের প্রথম প্রহরে ঢাকার ফার্মগেইটের হলি রোজারি চার্চে প্রার্থনায় খ্রিস্টান ধর্মাবলম্বীরা। ছবি: তানভীর আহাম্মেদ
সকাল থেকে বিকাল ৪টা পর্যন্ত ওয়েসিস প্রাঙ্গণে সান্তা ও ডিজনি মাসকটের সঙ্গে সময় কাটানোর পাশাপাশি শিশুদের কেন্দ্র করে বিভিন্ন আয়োজনের কথা জানিয়েছে হোটেল কর্তৃপক্ষ।
সোনারগাঁও হোটেলের জনসংযোগ কর্মকর্তা নাভীদ হাসান বলেন, “ম্যাজিক শো, পাপেট শোর পাশাপাশি বিভিন্ন রকমের খেলাধুলার আয়োজন রেখেছি আমরা।”
