২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শরণার্থী নিয়ে দুই দিনের কনফারেন্স হচ্ছে ইউল্যাবে

রোহিঙ্গা সংকটের প্রেক্ষাপটে শরণার্থী বিষয়ক দুই দিনব্যাপী আলোচনা সভার আয়োজন করেছে ইউনিভার্সিটি অফ লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Dec 2017, 07:07 PM

Updated : 19 Aug 2022, 06:13 PM

বুধবার প্রতিষ্ঠানের এক সংবাদ বিজ্ঞপ্তিতে শুক্র ও শনিবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ‘রিফিউজিস ইন দ্য পাবলিক ইম্যাজিনেশান’ শীর্ষক সম্মেলনের কথা জানানো হয়।

বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ও মানবিক বিভাগ আয়োজিত কনফারেন্সে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজির মানবিক ও সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক অঞ্জলি গেরা রায় এবং দিল্লি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক দেবযানী সেনগুপ্ত মূল বক্তা হিসাবে উপস্থিত থাকবেন।

প্রথম দিনে দেশভাগ, নারী ও অভিবাসন বিষয়ে বক্তব্য রাখবেন অধ্যাপক ফখরুল আলম, নিয়াজ জামান, ফেরদৌস আজিম, রাজিয়া সুলতানা খান ও পারভীন হাসান।

একই দিনে শরণার্থী বিষয়ক একটি আলোচনায় অধ্যাপক সৈয়দ মঞ্জুরুল ইসলাম ও আফসান চৌধুরী অংশ নেবেন।

সম্মেলনের দ্বিতীয় দিনে ড. সলিমুল্লাহ খান ইউরোপীয় তাত্ত্বিকদের লেখার আলোকে মানবাধিকার বিষয়ে আলোচনা করবেন।

ওই দিন ড. জিয়া রহমান, মাশরুর শহিদ হোসেইন, ওলিউর রহমান ও সামিরাহ তাবাসসুম বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন।

রোহিঙ্গা ইস্যুতে কাজ করা সাংবাদিকদের আলোচনার মধ্য দিয়ে সম্মেলন শেষ হবে বলে জানানো হয় সংবাদ বিজ্ঞপ্তিতে।

এতে বলা হয়, “যুদ্ধ, রাজনৈতিক ও সামাজিক অস্থিরতা, জলবায়ূ পরিবর্তন ইত্যাদি বিভিন্ন কারণে সৃষ্ট জোরপূর্বক উচ্ছেদমূলক অভিবাসন এই সময়ের একটি বড় সংকট।

“রাখাইন প্রদেশের রোহিঙ্গা সম্প্রদায়ের উপর চলমান বর্বরতা দেশে এবং বিশ্বে ব্যাপকভাবে সমালোচিত হয়েছে। এই প্রেক্ষাপটে উক্ত সম্মেলনে অংশগ্রহণকারী বক্তারা এই অভিবাসনের রাজনৈতিক, অর্থনৈতিক, ভৌগোলিক ও মনস্তাত্ত্বিক প্রভাব ও তাৎপর্য আলোচনা করবেন।”