স্বেচ্ছায় অবসরে গেলেন ওএসডি সচিব বিডি মিত্র
চাকরির মেয়াদ শেষ হওয়ার প্রায় আট মাস আগে স্বেচ্ছায় অবসরে গেছেন সাবেক খাদ্য সচিব বরুণ দেব মিত্র, জনপ্রশাসনের কর্মকর্তাদের কাছে যিনি বিডি মিত্র নামে পরিচিত।
গত ১৭ এপ্রিল থেকে ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) থাকার পর সম্প্রতি তিনি স্বেচ্ছায় অবসরে যেতে সরকারের কাছে আবেদন করেন।
তার পরিপ্রেক্ষিতে জনপ্রশাসন মন্ত্রণালয় মঙ্গলবার বরুণ দেবকে চাকরি থেকে অবসর দিয়ে আদেশ জারি করে।
এতে বলা হয়েছে, “জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা বরুণ দেব মিত্রকে তার আবেদনের পরিপ্রেক্ষিতে চাকরিকাল ২৫ বছর পূর্ণ হওয়ায় সরকারি কর্মচারী (অবসর) আইন অনুযায়ী অবসরোত্তর ছুটি ব্যতীত গত ১৯ নভেম্বর থেকে সরকারি চাকরি থেকে স্বেচ্ছা অবসর প্রদান করা হল।”
১৯৮২ সালের নিয়মিত বিসিএস ব্যাচের কর্মকর্তা বরুণ দেবের ২০১৮ সালের ২৮ অগাস্ট অবসরে যাওয়ার কথা ছিল।
১৯৮৩ সালের ২৭ অক্টোবর প্রশাসন ক্যাডারের কর্মকর্তা হিসেবে চাকরিতে যোগ দেওয়া বরুণ দেবের বাড়ি হবিগঞ্জ।
চাকরি থেকে স্বেচ্ছায় অবসর নিলেও বরুণ দেব বিধি অনুযায়ী ১৮ মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ ল্যাম্পগ্রান্টসহ অবসরজনিত সুবিধা পাবেন বলে আদেশে বলা হয়েছে।
বরুণ দেব মিত্র
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব থাকাকালে ২০১০ সালের ২৮ জানুয়ারি বরুণ দেবকে খাদ্য মন্ত্রণালয়ের (তৎকালীন খাদ্য বিভাগ) ভারপ্রাপ্ত সচিব করা হয়।
২০১২ সালের ১৭ মে বরুণ দেবকে রাষ্ট্রদূত নিয়োগ দিতে তার চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়। ওই বছরের ২৩ মে তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ দেন।
পরে তিনি জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের ইকনোমিক মিনিস্টার পদে নিয়োগ পান বরুণ দেব। গত ১৭ এপ্রিল তাকে ওএসডি করে সরকার। এরপর তার আর কোথাও পদায়ন হয়নি।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ক্ষোভ থেকেই স্বেচ্ছা অবসরে গেছেন বরুণ দেব।
“১৯৮২ সালের নিয়মিত ব্যাচ থেকে যারা সচিব হয়েছিলেন, তাদের বেশিরভাগই জ্যেষ্ঠ সচিব হয়ে অবসরে গেছেন। অনেক দিন ধরে ওএসডি হয়ে আছেন। বিভিন্ন জায়গায় তদবির করেও পদায়ন না হওয়ায় অনেকটা ক্ষোভ থেকেই তিনি স্বেচ্ছায় অবসরে যাওয়ার আবেদন করেন।”
