২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুলিশের নতুন অস্ত্র ‘সাউন্ড স্টিমুলেটর’

রাজপথের আন্দোলনে জনতাকে সামলে রাখতে নতুন অস্ত্র ‘সাউন্ড স্টিমুলেটর’ ব্যবহার শুরু করেছে ঢাকা মহানগর পুলিশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Nov 2017, 08:16 PM

Updated : 11 Oct 2022, 02:47 PM

তীক্ষ্ণ শব্দ তরঙ্গ সৃষ্টির মাধ্যমে আন্দোলনকারীদের সরে যেতে বাধ্য করাই এ যন্ত্রের কাজ।

বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে বৃহস্পতিবার বাম দলগুলোর ডাকা আধাবেলা হরতালে শাহবাগ এলাকায় এই যন্ত্র ব্যবহার করে মিছিলকারীদের ছত্রভঙ্গ করে পুলিশ।

সকালে হরতালের শুরুতেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মোড় থেকে প্রগতিশীল ছাত্র জোটের কর্মীরা বিক্ষোভ মিছিল নিয়ে শাহবাগ মোড়ের দিকে অগ্রসর হন। শাহবাগ থানার সামনে পুলিশ বাধা দিলে তা ভেঙে তারা শাহবাগ মোড়ে অবস্থান নেন।

কিন্তু পুলিশ তাদের সাঁজোয়া যান থেকে ‘সাউন্ড স্টিমুলেটর’ ব্যবহার করলে আন্দোলনকারীদের সেখানে টেকা দায় হয়ে পড়ে। শব্দ থেকে বাঁচতে অনেকে দুহাতে কান ঢেকে ফেলেন। অনেকে কানে কাগজ বা তুলাজাতীয় কিছু গুঁজে শব্দ ঠেকানোর চেষ্টা করেন। এক পর্যায়ে তারা সেখান থেকে সরে গিয়ে মিছিল নিয়ে চলে যান শেরাটন মোড়ের দিকে।

 

বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক লিটন নন্দী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এটা আমাদের সহ্যের বাইরে ছিল। এটা একশ ডেসিবলের চেয়ে বেশি ছিল। এ কারণে আমরা সেখান থেকে ঘুরে চলে আসি।”

তার বিশ্বাস, পুলিশের এই নতুন অস্ত্র দৃশ্যমাণ কোনো ক্ষতি না করলেও এর কারণে স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে।

“এমন শব্দ, কানের পর্দা ফেটে যাওয়ার মত অবস্থা হয়েছে। শাহবাগের ওখানে দুটি বড় হাসপাতাল, গুরুতর রোগীরা আছে। এরকম এলাকায় পুলিশ ওই রকম তীব্র শব্দ তৈরি করেছে।”

এ ব্যাপারে পুলিশের রমনা অঞ্চলের উপ-কমিশনার মারুফ হাসান সরদারের সঙ্গে যোগাযোগ করা হলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “এটা একটা লাউড স্পিকার, আর কিছু না।”

তবে সাউন্ড স্টিমুলেটর কত ডেসিবলের শব্দ তৈরি করে, কীভাবে কাজ করে তার বিস্তারিত জানাতে পারেননি তিনি। 

“আমি তো ভাই মেপে দেখি নাই এটা কত ডেসিবল শব্দ উৎপন্ন করে। আমি তো সায়েন্টিস্ট না।”

নিজে এ বিষয়ে ‘টেকনিক্যাল পার্সন’ না বলে স্বীকার করলেও পুলিশের এ উপকমিশনারের দাবি, এ যন্ত্রের শব্দ হাসপাতালে যাওয়ার কোনো সুযোগ ছিল না।

“আমরা এই যন্ত্রটা হাসপাতালের দিকে তাক করে ব্যবহার করিনি। স্পিকার ছিল হাসপাতালের বিপরীত দিকে। তাছাড়া হাসপাতাল থেকে আমাদের কাছে কোনো কমপ্লেইন দেয়নি।”

তবে পুলিশের বক্তব্যের সঙ্গে একমত নন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আবদুল্লাহ আল হারুন।

তিনি বলেন, উচ্চশব্দ উৎপন্নকারী কোনো যন্ত্রই হাসপাতালের আশপাশে ব্যবহার করা উচিত না।

“আমি বিষয়টি শুনেছি। আমাদের স্টাফরা জানিয়েছেন, সকাল ৮টার দিকে শাহবাগ মোড়ে উচ্চশব্দের যন্ত্র ব্যবহার করেছে। এই এলাকায় এটা করা উচিত না। এখানে দুটো হাসপাতালে অনেক রোগী থাকেন। এ বিষয়টি তাদের বিবেচনা করা দরকার।”