২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছাপচিত্রে যাপিত জীবনের গল্প

প্রাত্যহিক জীবনের নানা ঘটনাবলী, যাপিত জীবনের নানা অনুষঙ্গ বা খুব চেনা চরিত্র নিয়ে নিরীক্ষায় মেতে উঠেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ছাপচিত্র বিভাগের একদল শিক্ষার্থী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Nov 2017, 12:20 AM

Updated : 11 Oct 2022, 02:47 PM

লিথোগ্রাফি, এচিং, অ্যাকুয়াটিন্ট, উডকাট, ড্রাই পয়েন্ট, পেন্সিল, ওয়াটারকালার, পোস্টার কালার-মাধ্যমে তাদের আঁকা নানা ছাপচিত্র নিয়ে চারুকলার জয়নুল গ্যালারিতে শুরু হয়েছে ছাপচিত্র বিভাগের বার্ষিক শিল্পকর্ম প্রদর্শনী।

বুধবার দুপুরে এই প্রদর্শনীর উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামান। এতে বিশেষ অতিথি হিসেবে ছিলেন চারুকলা অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেন, ছাপচিত্র বিভাগের ‘অনারারি’ অধ্যাপক সৈয়দ আবুল বার্ক আল্ভী।

উদ্বোধনের সময় অধ্যাপক মো. আখতারুজ্জামান বলেন, “দেশে যখন আর্ট স্কুল প্রতিষ্ঠা হল, তখন থেকেই ছাপচিত্র বিভাগ দেশের চিত্রকলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। শিল্পাচার্য জয়নুল আবেদিন ও শিল্পগুরু সফিউদ্দীন আহমেদের প্রচেষ্টায় স্থাপিত হয়েছে এই বিভাগ। শিক্ষার্থীরা  তাদের শিল্পকর্মের মাধ্যমে বাংলাদেশের গণমানুষকে শিল্পকর্মের সঙ্গে আরও বেশি সম্পৃক্ত করবে, এটিই কামনা করি।”

প্রদর্শনীর আহ্বায়ক ছাপচিত্র বিভাগের সহযোগী অধ্যাপক আনিসুজ্জামান জানান, বার্ষিক শিল্পকর্ম প্রদর্শনীতে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের ৪০ জন শিক্ষার্থীর ১১৫টি শিল্পকর্ম প্রদর্শিত হচ্ছে। এর মধ্যে বিভিন্ন মাধ্যমের নয়টি শিল্পকর্মকে তারা পুরস্কারের জন্য নির্বাচন করেছেন।

এ বছর ‘শিল্পাচার্য জয়নুল আবেদিন’ অ্যাওয়ার্ড পেয়েছেন স্নাতকোত্তর পর্বের শিক্ষার্থী সাকিব সেলিম। এচিং ও অ্যাকুয়াটিন্টে আঁকা তার ছবির শিরোনাম ‘স্টোরি অব এক্সটিনশন অ্যান্ড সারভাইভাল’। যুগের পরিবর্তনের সঙ্গে প্রকৃতির বিভিন্ন অনুষঙ্গের শারীরিক গঠন পরিবর্তন, বিবর্তনের কথা ফুটে উঠেছে এই ছবিতে।

বাস্তব, পরাবাস্তবের দ্বান্দ্বিক অবস্থানের কথা উঠে এসেছে স্বপন কুমার সানার ‘রিয়েলাইজেশন’ ছবিতে। লিথোগ্রাফ মাধ্যমে আঁকা তার এই বিমূর্ত ধারার ছবিটি জিতে নিয়েছে ‘শিল্পগুরু সফিউদ্দীন আহমেদ ’ অ্যাওয়ার্ড।

‘যুক্তি আর সমন্বয় সাধনই মানুষকে এক সুতোয় বাঁধার মূল সূত্র’-ছাপচিত্র বিভাগের সঞ্চিতা বিশ্বাস তার নিজের ভাবনা তুলে ধরেছেন ‘ইউনিফিকেশন’ ছবিতে। লিথোগ্রাফ মাধ্যমের ছবিটি জিতে নিয়েছে ‘শিল্পী মোহাম্মদ কিবরিয়া মেমোরিয়াল’অ্যাওয়ার্ড।

মানব চরিত্রের বিচিত্র খেয়ালের কথা তুলে ধরে ‘ফ্যান্টাসি অব হিউম্যান’ ছবিটির জন্য ফাহমিদা আকতার পেয়েছেন ‘শিল্পী হাবিবুর রহমান মেমোরিয়াল’ অ্যাওয়ার্ড। তার ছবির মাধ্যমে উডকাট।

যান্ত্রিক জীবনের হাহাকার ফুটে উঠেছে শ্বাশ্বতী দে’র ‘স্টিল লাইফ’ ছবিতে। স্নাতক দ্বিতীয় পর্বের শিক্ষার্থীর উডকাট মাধ্যমে আঁকা এই ছবি পেয়েছে ‘মিডিয়া বেস্ট’ অ্যাওয়ার্ড। বিভাগের নাসরিন রেহানা ইভার ‘ফ্লাই’ এবং মাজহারুল ইসলাম মহিমের ‘ল্যান্ডস্কেপ’ ছবিগুলোও পেয়েছে ‘মিডিয়া বেস্ট’ অ্যাওয়ার্ড। রেহানার মাধ্যম ড্রাই পয়েন্ট আর মাহিমের লিথোগ্রাফি।

জলরঙে আঁকা শাকিল মৃধার ‘স্টিল লাইফ’ ছবিটি পেয়েছে ‘শিল্পী সৈয়দ আবুল বার্ক আলভী’ পুরস্কার। ‘শিল্পী মাহমুদুল হক অ্যাওয়ার্ড’ পেয়েছেন ইমাম মাহাদি, স্নাতক দ্বিতীয় বর্ষের এই ছাত্রের ছবির শিরোনাম ‘ল্যান্ডস্কেপ স্টাডি’, মাধ্যম পেন্সিল।

প্রদর্শনীটি ৬ ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে।

শিল্পকলা একাডেমিতে শুরু হচ্ছে সার্ক উৎসব

বাংলাদেশ, ভুটান, মালদ্বীপ ও শ্রীলঙ্কার চারু ও নৃত্য শিল্পীদের অংশগ্রহণে বৃহস্পতিবার থেকে রাজধানীর শিল্পকলা একাডেমিতে শুরু হচ্ছে চার দিনব্যাপী সার্ক উৎসব।

সন্ধ্যায় শিল্পকলা একাডেমির নন্দনমঞ্চে সার্ক উৎসবের উদ্বোধন করেন সংস্কৃতি সচিব ইব্রাহীম হোসেন খান। এতে বিশেষ অতিথি হিসেবে থাকবেন সার্ক কালচারাল সেন্টারের পরিচালক ওয়াসান্তে কতোয়ালা।

শিল্পকলা একাডেমির এ আয়োজনে সহযোগিতা করছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও সার্ক কালচারাল সেন্টার। সার্ক উৎসবে থাকছে হস্তশিল্পী প্রদর্শনী, লাঠিখেলা ও ঐতিহ্যবাহী নৃত্য পরিবেশনা।

বুধবার দুপুরে এক সংবাদ সম্মেলনে শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী আয়োজনের বিস্তারিত তুলে ধরেন।

উৎসবের উদ্বোধনী দিন ও দ্বিতীয় দিন বিকালে শিল্পকলা একাডেমির উন্মুক্ত প্রাঙ্গণে পরিবেশিত হবে বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা। দ্বিতীয় ও তৃতীয় দিন শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে পরিবেশিত হবে বাংলাদেশ, ভুটান, মালদ্বীপ ও শ্রীলঙ্কার ঐতিহ্যবাহী নৃত্য।

একাডেমির চিত্রশালা প্লাজায় চারটি দেশের শিল্পীদের হস্তশিল্প প্রদর্শিত হবে। উৎসবের দ্বিতীয় দিন থেকে এই প্রদর্শনী সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে।

১ ও ২ ডিসেম্বর জাতীয় চিত্রশালার ৪ নম্বর গ্যালারিতে সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত আয়োজন করা হয়েছে সার্ক হস্তশিল্প কর্মশালা। এই কর্মশালা পরিচালনা করবেন শিল্পী কামরুজ্জামান স্বাধীন।

১ ও ২ ডিসেম্বর জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে আয়োজন করা হয়েছে ঐতিহ্যবাহী নৃত্য কর্মশালা। এটি পরিচালনা করবেন তামান্না রহমান। এই দুদিন বিকালে জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে পরিবেশিত হবে চারটি দেশের বিভিন্ন ধারার নৃত্য।

৩ ডিসেম্বর বিকালে জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে হবে সমাপনী অনুষ্ঠান।