সাংবাদিক জগলুল ছিলেন ‘সবার আপন’
সড়ক দুর্ঘটনায় নিহত সাংবাদিক ও কলামনিস্ট জগলুল আহমেদ চৌধূরীকে স্মরণ করতে গিয়ে তার অমায়িক আচরণের কথাই বেশি এল বন্ধু ও সহকর্মীদের কাছ থেকে।
জগলুল আহমেদ চৌধূরী স্মৃতি ট্রাস্টের আয়োজনে বুধবার জাতীয় প্রেস ক্লাবে এই স্মরণ সভা হয়।
২০১৪ সালের ২৯ নভেম্বর ঢাকার কারওয়ান বাজারে সড়ক দুর্ঘটনা মারা যান জগলুল আহম্মেদ চৌধূরী। তিনি বাসসের প্রধান সম্পাদক ও ব্যবস্থাপনা পরিচালক ছিলেন।
স্মরণসভায় বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, “জগলুলের কোনো অহংকার ছিল না। তিনি সাংবাদিকতায় কখনও শিষ্টাচার ‘ব্রেক’ করেননি। তার আচার-আচরণ ছিল খুবই মার্জিত। সকলকে সম্মান করতেন।”
১৯৬৯ সালে গণআন্দোলনের সময় থেকে জগলুল চৌধূরীর সঙ্গে পরিচয় তখনকার ছাত্রনেতা তোফায়েলের।
“আমার স্পষ্ট মনে আছে, তখন জগলুল অবজারভারের ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি। ১৭ জানুয়ারি আন্দোলন শুরু হয়। ১৮ তারিখি লাঠিচার্জের প্রতিবাদে আন্দোলন করি ।পরদিন আমার নাম উল্লেখ করে জগলুল নিউজ করেছিল। আমার নামে নিউজ সেটাই প্রথম। একথা আমি পরে অনেকবার তাকে (জগলুল) বলেছি।”
খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেন, “জগলুলের সাথে আমার সম্পর্ক ১৯৫৬ সালে, তখন আমরা দ্বিতীয় শ্রেণিতে পড়ি। যতদিন গেছে, ততই আমাদের বন্ধুত্ব বেড়েছে।”
জাতীয় প্রেস ক্লাবের সভাপতি মুহাম্মদ শফিকুর রহমান বলেন, “বিশ্ববিদ্যালয় জীবন থেকে জগলুলকে চিনতাম। আমি, জগলুল একই ভবনে থাকতাম।”
ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্তের সঞ্চালনায় এই স্মরণ সভায় ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনামসহ অনেকেই বক্তব্য দেন।
জগলুলের মৃত্যুর দুই বছর পর ২০১৬ সালের ১ নভেম্বর কিডনি জটিলতায় আক্রান্ত হয়ে মারা যান তার স্ত্রী তাজিন চৌধুরী। এই দম্পতির দুই সন্তান অন্তরা চৌধুরী ও নাবিদ চৌধুরী।
স্মরণ সভায় জগলুলের বোন হেলেনা বেগম কথা বলতে গিয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন।
“তিন বছরে পরিবার সেখানে শোকটাকে সয়ে এনেছিল। আমরা ভুলেই থাকি। তা না হলে কি চলতে পারতাম। আজ জাতীয় প্রেসক্লাবে তার ছবিটা দেখে …. (কান্নায় ভেঙে পড়েন তিনি)।”
