২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পিঠ দেয়ালে ঠেকে গেছে: সন্তু লারমা

পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়িত না হওয়ায় নিপীড়ন-নির্যাতনে জুম্ম জনগণের ‘পিঠ দেয়ালে ঠেকে গেছে’ বলে অভিযোগ করেছেন জনসংহতি সমিতির সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা (সন্তু লারমা)।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Nov 2017, 11:15 PM

Updated : 12 Apr 2022, 12:48 AM

পাহাড়ে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হলে তার দায় সরকারকে নিতে হবে বলেও হুঁশিয়ার করেছেন তিনি।

বুধবার ঢাকায় এক সংবাদ সম্মেলনে সন্তু লারমা অভিযোগ করেন, চুক্তির মৌলিক বিষয়গুলোর দুই-তৃতীয়াংশই অবাস্তবায়িত রয়ে গেছে।

“চুক্তিতে সেনাবাহিনীর সকল প্রকার অস্থায়ী ক্যাম্প প্রত্যাহারের বিধান থাকলেও এখনও চার শতাধিক ক্যাম্প পার্বত্যাঞ্চলে রয়েছে। সেনাশাসন চলমান হেতু পার্বত্য চট্টগ্রামে অবাধে যত্রতত্র সেনা অভিযান, তল্লাশি, ধরপাকড়, মারপিট, দমন-পীড়ন এবং বাক স্বাধীনতা ও সভা সমাবেশের উপর হস্তক্ষেপ চলছে।”

এছাড়া তিন পার্বত্য জেলার সাধারণ প্রশাসন, আইন-শৃঙ্খলা, পুলিশ, ভূমি ও ভূমি ব্যবস্থাপনা, বন ও পরিবেশ, পর্যটন, মাধ্যমিক শিক্ষা, উন্নয়ন ইত্যাদি বিষয়গুলো এখনও জেলা পরিষদে হস্তান্তর করা হয়নি। পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ আইন কার্যকর করা হয়নি।

ভূমি বিরোধ নিষ্পত্তি, বসতি স্থাপনকারী বাঙালিদের পার্বত্য চট্টগ্রামের বাইরে সম্মানজনক পুনর্বাসন, ভারত প্রত্যাগত শরণার্থী ও অভ্যন্তরীণ জুম্ম উদ্বাস্তদের স্ব-স্ব জায়গা-জমি দিয়ে তাদের যথাযথ পুনর্বাসন করা হয়নি বলেও উল্লেখ করেন সন্তু লারমা।

পার্বত্য চট্টগ্রাম সমস্যার শান্তিপূর্ণ সমাধানের লক্ষ্যে ১৯৯৭ সালের ২ ডিসেম্বর পার্বত্য শান্তি চুক্তি সই হয়। পাহাড়িদের পক্ষে এই চুক্তিতে সই করেছিলেন সন্তু লারমা।

ওই চুক্তির দুই দশক পূর্তি সামনে রেখে বুধবার হোটেল সোনারগাঁওয়ে এই সংবাদ সম্মেলনে জনসংহতির নেতারা ছাড়াও ঐক্য ন্যাপের সভাপতি পঙ্কজ ভট্টাচার্য, কলামনিস্ট সৈয়দ আবুল মকসুদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মেসবাহ কামাল, মানবাধিকারকর্মী নুমান আহমেদ খান, বাংলাদেশ আদিবাসী ফোরামের অর্থ সম্পাদক এন্ড্রু সলোমারসহ অনেকে উপস্থিত ছিলেন।

সন্তু লারমা বলেন, ২০০৯ সালে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকার ক্ষমতায় আসার পর ‘চুক্তির প্রতিটি ধারা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে’ বলে প্রতিশ্রুতি দিয়েছিল।

“দুঃখের বিষয় হলেও সত্য বিগত নয় বছরে রাষ্ট্রীয় ক্ষমতায় আসীন থাকা সত্ত্বেও বর্তমান শেখ হাসিনা সরকার চুক্তির মৌলিক বিষয়সমূহ বাস্তবায়নে কোনো কার্যকর উদ্যোগ গ্রহণ করেনি।”

পার্বত্য চট্টগ্রামে নিয়োজিত গোয়েন্দা বাহিনী, আইন-শৃঙ্খলা বাহিনী ও সশস্ত্র বাহিনীর সদস্যরা ক্ষমতাসীন দলের নেতাদের প্রত্যক্ষ সহযোগিতায় শান্তিচুক্তি বিরোধী ও জুম্ম স্বার্থ পরিপন্থি কাজ করে চলেছে বলে অভিযোগ করেন তিনি।

সরকারকে সতর্ক করে সন্তু লারমা বলেন, “পার্বত্য চট্টগ্রামের সামগ্রিক পরিস্থিতি উদ্বেগজনক ও অত্যন্ত নাজুক। জুম্ম জনগণ নিরাপত্তাহীন ও অনিশ্চিত এক চরম বাস্তবতার মুখোমুখি হয়ে কঠিন জীবনযাপনে বাধ্য হচ্ছে।বস্তুত পার্বত্য চট্টগ্রামের বিরাজমান সমস্যা রাজনৈতিক ও শান্তিপূর্ণ উপায়ে সমাধানের ক্ষেত্রে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নের বিকল্প নেই।

“পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের পিঠ দেয়ালে ঠেকে গেছে। তাদের আর পেছনে যাওয়ার কোনো রাস্তা নেই। ফলশ্রুতিতে পার্বত্য চট্টগ্রামের যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির জন্য সরকারই দায়ী থাকবে।”

২০১৬ সালে ঘোষিত দশ দফা কর্মসূচির ভিত্তিতে অসহযোগ আন্দোলন চালিয়ে যাওয়া, পার্বত্য চট্টগ্রাম চুক্তি বিরোধী ও জুম্ম স্বার্থ পরিপন্থি সব কার্যক্রম প্রতিরোধ এবং পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে বৃহত্তর আন্দোলনের ডাক দিয়েছেন সন্তু লারমা।