প্রধানমন্ত্রীর সঙ্গে সিপিএ সম্মেলনে অংশ নেওয়া প্রতিনিধিদলের সাক্ষাৎ
কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের ৬৩তম সম্মেলনে অংশ নেওয়া প্রতিনিধিদলের সদস্যরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
প্রতিনিধিদলের সদস্যরা মঙ্গলবার সন্ধ্যায় গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন।
সিপিএর ৫২টি দেশের মধ্যে ৪৪টি দেশ, ১৮০টি শাখার মধ্যে ১১৪টি শাখা এবার ঢাকায় ফোরামের ৬৩তম সম্মেলন অংশ নিয়েছে।
প্রধানমন্ত্রী গণভবনের লনে বিদেশি অতিথিদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং সিপিএ সম্মেলনে অংশ নেওয়ায় আন্তরিক ধন্যবাদ জানান।
বর্তমানে সিপিএর ভাইস চেয়ারপারসনের দায়িত্বে থাকা মনজোবা লিফাঙ্কা বাংলাদেশের স্পিকার শিরীন শারমিন চৌধুরীর স্থলাভিষিক্ত হচ্ছেন।
প্রধানমন্ত্রী সিপিএর নির্বাহী কমিটির নতুন চেয়ারপারসনের সঙ্গে কথা বলেন।
এ সময় শিরীন শারমিন চৌধুরী, ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া, প্রধানমন্ত্রীর উপদেষ্টা গওহর রিজভী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এবং প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম উপস্থিত ছিলেন।
