২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রাণী ও পরিবেশের স্বাস্থ্যের প্রতি যত্নবান হওয়ার আহ্বান

নিজের স্বাস্থ্যের পাশাপাশি প্রাণী ও পরিবেশের স্বাস্থ্যের প্রতিও সমান যত্নবান হওয়ার আহ্বান জানানো হয়েছে ‘বিশ্ব এক স্বাস্থ্য দিবসে’।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2017, 11:03 PM

Updated : 19 Aug 2022, 05:54 PM

রোববার ঢাকার শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে দিবসটি উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় বিশ্ববিদ্যালয়টির উপাচার্য ড. কামাল উদ্দিন আহাম্মদ বলেন, “আমরা যদি নিয়ন্ত্রিতভাবে শিল্পায়ন করতাম, তাহলে আমাদের পরিবেশ দূষিত হত না।

“জনসংখ্যা বৃদ্ধির ফলে বন উজাড় হচ্ছে, বাস্তুসংস্থানসহ জীববৈচিত্র্য ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমরা সভ্য ও সচেতন নই বলেই পরিবেশ দূষণ হচ্ছে। আমরা মানসিকভাবেও পলিউটেড। কেননা যার মন দূষিত, সেই দূষণ করেন।”

সে কারণে সবকিছু বিবেচনায় নিয়ে নিজের স্বাস্থ্যের পাশাপাশি প্রাণী ও পরিবেশের স্বাস্থ্যের প্রতিও যত্নবান হওয়ার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়টির কোষাধ্যক্ষ মো. আনোয়ারুল হক বেগ বলেন, “জগৎ একটাই। প্রাণী সুস্থ থাকলে, আমরা সুস্থ থাকব। সেকারণেই সকল বিজ্ঞানীদের পরস্পরের সমন্বয়ের মাধ্যমে কাজ করতে হবে।”

শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের মেডিসিন অ্যান্ড পাবলিক হেলথ এবং ওয়ান হেলথ বাংলাদেশ আয়োজিত এ আলোচনা সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশনের (এফএও)ওয়ান হেলথ সমন্বয়কারী ড. নীতিশ চন্দ্র দেবনাথ।

তিনি বলেন, “মানুষের উদীয়মান সংক্রামক রোগগুলোর মধ্যে ৭৫ শতাংশ রোগ আসছে প্রাণী ও প্রাণিজাত দ্রব্য থেকে। সচেতনতার অভাবে এসব রোগ পৃথিবীব্যাপী দ্রুত ছড়িয়ে পড়ছে।”

এটি রোধ করার জন্য সমন্বিত প্রয়াসের প্রয়োজন বলে মনে করেন তিনি।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়টির বিশ্ব এক স্বাস্থ্য দিবস উদযাপনের সমন্বয়ক ও মেডিসিন এন্ড পাবলিক হেলথ বিভাগের চেয়ারম্যান ড. কে বি এম সাইফুল ইসলাম বলেন, “ইবোলা, বার্ড ফ্লু এর মতো রোগের প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও সচেতনতা বৃদ্ধিতে স্থায়ীভাবে এক স্বাস্থ্য কার্যক্রম  চালু থাকা দরকার। এজন্য সরকারি-বেসরকারি সমন্বিত উদ্যোগ প্রয়োজন।”

এনিমেল সায়েন্সেস অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন ড. মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়টির উপ-উপাচার্য ড. মো. সেকেন্দার আলী।