২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রমিকদের পাওনার দাবিতে বিজিএমইএ ভবন ঘেরাও

গাজীপুরে বন্ধ হয়ে যাওয়া লাক্সমা সোয়েটার কারখানার শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধের দাবিতে ঢাকায় বিজিএমইএ ভবন ঘেরাও করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2017, 07:00 PM

Updated : 11 Oct 2022, 02:42 PM

গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের নেতৃত্বে কারখানাটির শতাধিক শ্রমিক বুধবার সকাল ১১টায় বিক্ষোভ মিছিল নিয়ে কারওয়ান বাজারে যান। তারা ঘণ্টাব্যাপী বিজিএমইএ ভবন ভবন ঘেরাও করে রাখেন।

সেখানে সমাবেশে গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের কার্যকরী সভাপতি সাদেকুর রহমান শামীম বলেন, “গাজীপুরসহ সারা দেশে একের পর এক গার্মেন্টস কারখানা মালিকরা আইন লঙ্ঘন করে বন্ধ করে শ্রমিকদের পাওনা থেকে বঞ্চিত করছেন। শ্রমিকদের উপর এই জুলুম-নির্যাতন বন্ধে যে সব সরকারি প্রতিষ্ঠানের দায়িত্ব পালনের কথা, তারা নির্বিকার।”

তিনি লাক্সমা সোয়েটারের প্রায় ১১শ শ্রমিকের বকেয়া বেতন পরিশোধের দাবি জানান।

সংগঠনটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মঞ্জুর মঈন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কর্মসূচির এক পর্যায়ে বিজিএমএই ভবনে শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে মালিক সমিতির প্রতিনিধিদের এক সভা অনুষ্ঠিত হয়। মালিক সমিতি চার দিন সময় চাইলে ঘেরাও প্রত্যাহার করা হয়।

তিনি বলেন, লাক্সমা সোয়েটার ছাড়াও সেখানকার অনেক কারখানায় সম্প্রতি শ্রমিকদের আইনানুগ পাওনা থেকে বঞ্চিত করা হয়েছে।

নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়ছে বলে শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবিও জানান মঈন।

ঘেরাও কর্মসূচিতে শ্রমিক নেতাদের মধ্যে ছিলেন মোরসালিন আহমেদ, জালাল হাওলাদার, ইকবাল হাসান, এম এ শাহীন, মোহাম্মদ শাহীন প্রমুখ।