২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মন্ত্রী-এমপিদের ডিও লেটারে ভিকারুননিসায় ভর্তি নয়: কাদের

শিক্ষার্থী ভর্তিতে সরকারের মন্ত্রী-এমপিদের তদবিরকে পাত্তা না দিতে রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Oct 2017, 08:14 PM

Updated : 11 Oct 2022, 02:38 PM

শনিবার ঢাকার খ্যাতনামা এই শিক্ষাপ্রতিষ্ঠানের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে বক্তব্যে একথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, “শুনতেছি আপনাদের ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার্থী ভর্তিতে মন্ত্রী-এমপিরা ডিও লেটার দেয়। মন্ত্রী-এমপিদের এই সব ডিও লেটারে ভর্তি নিয়ে মেধা নষ্ট করবেন না।

“কোন মন্ত্রী এখানে ভর্তির জন্য ডিও লেটার দেয়, কোন এমপি ডিও লেটার দেয়? কারও ডিও লেটারে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে ভর্তি নিবেন না।”

সুপারিশের ভিত্তিতে শিক্ষার্থী ভর্তিতে প্রতিষ্ঠানের ফলাফল খারাপ হবে বলে সতর্ক করেন তিনি।

ভিকারুননিসা কর্তৃপক্ষকে প্রতিষ্ঠানের অবকাঠামোসহ অন্যান্য সমস্যা নিরসনে উদ্যোগ নিতে বলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক কাদের।

তিনি বলেন, “মেয়েদের গোডাউনে কেন ক্লাস করতে হবে? ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের বাইরে ফিটফাট ভেতরে সদরঘাট অবস্থা। এ প্রতিষ্ঠানে অবকাঠামোসহ অনেক সংকট ও সমস্যা রয়েছে। এ অবস্থার পরিবর্তন দরকার। আর এর জন্য প্রতিষ্ঠানের সদিচ্ছা থাকতে হবে।”

এ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের উদ্দেশ্যে তিনি বলেন, “আপনারা প্রাইভেট কোচিং করিয়ে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের পড়ালেখার মান নষ্ট করবেন না। পরীক্ষার্থী তৈরি নয়, সকলকে শিক্ষার্থী বানান।”

মেয়েদের মাদক সেবন না করার পরামর্শ দিয়ে ওবায়দুল কাদের বলেন, “এখানকার মেয়েরা কি মাদক সেবন করে? কোনো মেয়ে কি ইয়াবা খায়? মাদক-ইয়াবাকে না বলতে হবে। কোনোভাবেই মাদক, ইয়াবা সেবন করা যাবে না।”

ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি গোলাম আশরাফ তালুকদারের সভাপত্বিতে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ নাজনীন ফেরদৌসসহ অভিভাবক-শিক্ষক প্রতিনিধি, শিক্ষার্থীরা।

অনুষ্ঠান শেষে কৃতি শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন মন্ত্রী।