রাজধানীতে শুরু শিশু অধিকার সপ্তাহ
‘শিশু পেলে অধিকার, খুলবে নতুন বিশ্বদ্বার’ প্রতিপাদ্য নিয়ে সুবিধা বঞ্চিত ও পথশিশুদের সমাবেশের মধ্য দিয়ে রাজধানীতে শুরু হয়েছে শিশু অধিকার সপ্তাহ পালন।
বুধবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল মাঠ প্রাঙ্গণে ওই সমাবেশ শেষে আনুষ্ঠানিকভাবে ‘শিশু অধিকার সপ্তাহ-২০১৭' উদ্বোধন করেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি।
মন্ত্রণালয়ের পথশিশু পুর্নবাসন কার্যক্রম, বাংলাদেশ শিশু একাডেমিসহ কয়েকটি বেসরকারি সংস্থার যৌগ উদ্যাগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে প্রতিমন্ত্রী চুমকি বলেন, “শিশুদের অধিকার নিয়ে এবং সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে কাজ করছে বর্তমান সরকার। সাম্প্রতিক সময়ে রোহিঙ্গা শিশুদের যাতে কোনো ক্ষতি না হয় সে বিষয়েও খোঁজ- খবর নেওয়া হচ্ছে।”
সুবিধাবঞ্চিত শিশুদের নিজের সন্তানের মতো দেখার আহ্বান জানিয়ে তিনি বলেন, তাদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিতে হবে।
অনুষ্ঠানে বাংলাদেশ শিশু একাডেমির চেয়ারম্যান সেলিনা হোসেন বলেন, “শিশুদের জন্মের পর সম অধিকার দিতে হবে। তারা নিজেদেরকে নিজের অধিকারে আদায় করার জন্য সচেষ্ট থাকতে হবে।”
শিশুদের উদ্দেশে তিনি বলেন, “ভবিষ্যতে তোমাদের সামনে অনেক স্বপ্ন আছে। সেই স্বপ্নের দরজা দিয়ে প্রবেশ করতে হলে তোমাদের পড়াশুনার করতে হবে।”
অনুষ্ঠান থেকে মুক্তিযুদ্ধ ও ভাষা আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল কেন্দ্রিক ইতিহাসের বিভিন্ন অধ্যায় শিশুদের শোনান কথাসাহিত্যিক সেলিনা হোসেন।
শিশুদের উদ্দেশে চিত্রনায়ক ফেরদৌস আহমেদ বলেন, “তোমাদের ভালো করে পড়াশুনা করতে হবে। পড়াশুনা করে তোমরা কেউ ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে; অভিনেতাও হবে, অভিনয়জগতে তোমরা আমাকে ছাড়িয়ে যাবে- সেই আত্মবিশ্বাস তোমাদের তৈরি করতে হবে।”
শিশুদের খারাপ কাজ থেকে বিরত থাকতে সর্তক করে দিয়ে তিনি বলেন, “বড়দের কথা শুনবে, তাদের পরামর্শ অনুযায়ী কাজ করবে, সফল হবে।”
মহিলা ও শিশু মন্ত্রণালয়ের সচিব নাছিমা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে জগন্নাথ হলের প্রাধ্যক্ষ অধ্যাপক অসীম সরকার, ডন ফোরামের সভাপতি মো. মাহবুবুর রহমান, বাংলাদেশ শিশু একাডেমির পরিচালক আনজীর লিটন, পথশিশু পুর্নবাসন কার্যক্রমের কার্যক্রম পরিচালক আবুল হোসনে এবং সুবিধা বঞ্চিত শিশুদের প্রতিনিধি মিলি ও তানভীর বক্তব্য দেন।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান, ক্রীড়া প্রতিযোগিতা এবং প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
