২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় রাজপথ অবরোধের ঘোষণা ভাড়াটিয়া সংগঠনগুলোর

বাড়িভাড়া নিয়ন্ত্রণ আইন সংস্কারসহ তিন দাবিতে ঢাকায় রাজপথ অবরোধের কর্মসূচি দিয়েছে ভাড়াটিয়া সংগঠনগুলো।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Oct 2017, 05:58 PM

Updated : 12 Apr 2022, 12:28 AM

আগামী ১২ নভেম্বর রাজধানীর বিভিন্ন এলাকায় সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত রাজপথ অবরোধ হবে বলে রোববার এক সংবাদ সম্মেলনে জানানো হয়েছে।

সংবাদ সম্মেলনে ভাড়াটিয়া পরিষদের সভাপতি মো.বাহারানে সুলতান বাহার বলেন, সারাদেশে আবাসিক ভবন, কারখানা ও দোকানপাটে লক্ষ লক্ষ ভাড়াটিয়া বসবাস করেন। কিন্তু এসব জায়গায় ভাড়া সংক্রান্ত কোনো আইন বা নীতিমালা কার্যকর নেই।

১৯৯১ সালে বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ আইন করা হলেও তার কার্যকারিতা না থাকায় বাড়ির মালিকরা কোনোকিছুর তোয়াক্কা না করেই ভাড়া বাড়িয়ে দিচ্ছেন বলে দাবি করেন তিনি।

জাতীয় ভাড়াটিয়া কল্যাণ সোসাইটির সভাপতি একেএম গোলাম মহিউদ্দিন বলেন, “রেন্ট কন্ট্রোলার, যারা ভাড়া নিয়ন্ত্রণের দায়িত্বে থাকেন, তাদের কোনো ভূমিকা দেখা যায় না। এই সুযোগে বাড়ির মালিক ভাড়া বৃদ্ধি করেন।” 

সংবাদ সম্মেলনে তিনটি দাবি জানানো হয়। এগুলো হচ্ছে- বাড়িভাড়া নিয়ন্ত্রণ আইন ১৯৯১ সংস্কার না হওয়া পর্যন্ত ভাড়া না বাড়াতে সরকারি প্রজ্ঞাপন জারি, বিদ্যুৎ, গ্যাস ও পানির মূল্যবৃদ্ধির প্রস্তাব প্রত্যাহার এবং হোল্ডিং ট্যাক্স পাঁচ শতাংশ করা।

সংবাদ সম্মেলনে ভাড়াটিয়া পরিষদের সাধারণ সম্পাদক জান্নাত ফাতেমা, ভাড়াটিয়া কল্যাণ সমিতির সভাপতি সিরাজুল ইসলাম খোকন, বাংলাদেশ আবাসিক ভাড়াটিয়া অধিকার সংরক্ষণ পরিষদের সভাপতি তুষার রহমান উপস্থিত ছিলেন।