লন্ডনে মেয়র আনিসুলের ‘খোঁজ নিয়েছেন’ প্রধানমন্ত্রী
লন্ডনে চিকিৎসাধীন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হকের শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার শেখ হাসিনা আনিসুলের পরিবারের সদস্যদের তার হোটেলে ডেকে নিয়ে কথা বলেছেন বলে মেয়রের একান্ত সচিব একেএম মিজানুর রহমান জানিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “গতকাল লন্ডন সময় সন্ধ্যা ৬টায় মাননীয় প্রধানমন্ত্রী মেয়র মহোদয়ের ফ্যামিলির লোকজনকে হোটেল স্যুটে ডেকে নিয়েছিলেন। সেখানে উনারা একসঙ্গে অনেকক্ষণ ছিলেন। মাননীয় প্রধানমন্ত্রী মেয়র স্যারের স্বাস্থ্যের খোঁজখবর নিয়েছেন।”
প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাষ্ট্রে জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগদান শেষে বর্তমানে যুক্তরাজ্যের লন্ডনে আছেন। শনিবার সকালে দেশে ফিরবেন তিনি।
আনিসুল হকের শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে বলেও তার পরিবারের বরাত দিয়ে জানিয়েছেন তার একান্ত সচিব।
মিজানুর বলেন, “মেয়র স্যারের পরিবারের সদস্যরা জানিয়েছেন, উনার অক্সিজেন মাস্ক আর নেই, ভেন্টিলেটর নেই। তিনি ইমপ্রুভ করছেন। নিজেই শ্বাসপ্রশ্বাস নিতে পারছেন। চোখ মাঝেমধ্যে খোলেন-বন্ধ করেন।
“আর ডাক্তাররা মেডিসিন দিচ্ছেন, স্টেরয়েড দিচ্ছেন। মেডিসিন কাজও করছে। তবে সময় লাগবে বলে জানিয়েছেন।”
সেরিব্রাল ভাসকুলাইটিসে (মস্তিষ্কের রক্তনালির প্রদাহ) আক্রান্ত আনিসুল গত ৪ অগাস্ট থেকে লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ঘুম পাড়িয়ে রাখা হয়েছে।
মেয়ের সন্তান জন্মদান উপলক্ষে গত ২৯ জুলাই লন্ডনে যান আনিসুল হক। সেখানে অসুস্থ বোধ করায় হাসপাতালে গেলে গত ৪ অগাস্ট পরীক্ষা চলার মধ্যেই তিনি সংজ্ঞা হারান।পরে তার সেরিব্রাল ভাসকুলাইটিস শনাক্ত করেন চিকিৎসকরা।
আনিসুল হকের পরিবারের ঘনিষ্ঠ একজন সে সময় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছিলেন, বেশ কিছুদিন ধরেই মেয়রের মাথা ঘোরার সমস্যা দেখা যাচ্ছিল। কিছুক্ষণ খারাপ লাগার পর আবার ঠিক হয়ে যেত।
“ঢাকায় তিনি বিশেষজ্ঞ ডাক্তার দেখিয়েছিলেন। ঢাকার চিকিৎসরা তাকে বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছিলেন। কিছুদিন আগে সিঙ্গাপুরে গেলে সেখানেও চিকিৎসকরা একই কথা বলেছিলেন।”
ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি আনিসুল হক ২০১৫ সালের নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হন।
