২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মোহাম্মদপুরে খাল ভরাট করে অবৈধ ট্রাক স্ট্যান্ড

রাজধানীর মোহাম্মদপুর এলাকায় রামচন্দ্রপুর খাল দখল করে বানানো হচ্ছে অবৈধ ট্রাক স্ট্যান্ড; ইতোমধ্যে খালের প্রায় ৫০ মিটার অংশ পুরোপুরি ভরাট করে সেখানে রাখা হচ্ছে ট্রাক।

ওবায়দুর মাসুম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Oct 2017, 01:13 PM

Updated : 11 Oct 2022, 02:35 PM

আর খাল ভরাটের এ কাজ উদ্বোধন করতে খোদ ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৩৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর তারেকুজ্জামান রাজিবকে দেখেছেন স্থানীয় দোকানিরা।

চার দশমিক ৮ কিলোমিটার দৈর্ঘ্যের রামচন্দ্রপুর খাল তুরাগ থেকে উৎপন্ন হয়ে রামচন্দ্রপুর মৌজার রামচন্দ্রপুর, রায়েরবাজার বধ্যভূমি ও সামরিক কবরস্থানের ভেতর দিয়ে গিয়ে পড়েছে বুড়িগঙ্গায়।

এর মধ্যে রায়েরবাজার বধ্যভূমির উত্তরে রামচন্দ্রপুর খালে এসে মিলেছে বাইক্কা খাল। বছিলা সেতুর উত্তরপাশ থেকে শুরু হওয়া বাইক্কা খাল প্রায় দুই কিলোমিটার এসে রামচন্দ্রপুর খালে মিলিত হওয়ার পর এ দুই খালের মিলিত প্রবাহ রায়েরবাজার পশ্চিমপাশ দিয়ে বুড়িগঙ্গায় গিয়ে পড়েছে।

মিলিত প্রবাহ শুরুর জায়গা থেকে রামচন্দ্রপুর খাল চওড়ায় প্রায় ১০০ ফুট। এ খালের রক্ষণাবেক্ষণের দায়িত্ব বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো)।

সরেজমিনে গিয়ে দেখা যায়, বছিলা রোডের বটতলা কালভার্টের কাছ থেকে উত্তর দিকে প্রায় ১০০ মিটার খাল ভরাট করে ফেলা হয়েছে। সেখানে প্রায় ২০টির মতো ট্রাক রাখা হয়েছে।

সড়কের পাশে ভরাট করা জায়গায় একটি সাইনবোর্ড টানিয়ে দেওয়া। তাতে ‘বাংলাদেশ আন্তঃজিলা ট্রাকচালক ইউনিয়ন মোহাম্মদপুর শাখা’ ও ‘ঢাকা মেট্রোপলিটন ট্রাক মালিক সমিতি, মোহাম্মদপুর ঢাকা’র নাম লিখে প্রস্তাবিত ট্রাক স্ট্যান্ডের জন্য নির্ধারিত স্থান লেখা রয়েছে।

সাইনবোর্ডের নিচের অংশে লেখা রয়েছে ‘‌মালিক-শ্রমিক ঐক্য পরিষদ।’

স্থানীয় কয়েকজন দোকানদারের সঙ্গে কথা বলে জানা যায়, কোরবানির ঈদের আগে সেখানে মাটি ভরাট শুরু করে ট্রাক চালকরা। সেদিনই সেখানে ওই সাইনবোর্ড টানিয়ে দেওয়া হয়।

নাম প্রকাশ না করার শর্তে এক দোকানি বলেন, খাল ভরাট করে ট্রাক স্ট্যান্ডের কাজ উদ্বোধন করেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৩৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর তারেকুজ্জামান রাজিব।

“কাউন্সিলর সাহেব তো আছিলেন যেইদিন মাডি ফালান শুরু করে।”

এ ব্যাপারে কথা বলতে কাউন্সিলর তারেকুজ্জামান রাজিবের মুঠোফোনে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি। খুদে বার্তা পাঠালেও তার জবাব দেননি।

এদিকে ঢাকা মেট্রোপলিটন ট্রাক মালিক সমিতির সভাপতি আলী হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলছেন, ট্রাক রাখার জায়গা না থাকায় খাল ভরাট করে ট্রাক স্ট্যান্ড বানানো হয়েছে।

সামরিক কবরস্থানের কাছে খালের প্রবাহ বন্ধ হয়ে রয়েছে দাবি করে তার ভাষ্য, প্রবাহ বন্ধ থাকায় তারাও খাল ভরাট করেছেন।

আলী হোসেন বলেন, “ওই জায়গাটা খালি পইড়া রইছে তো, হেরলাইগা আমরা মালিক-শ্রমিকরা মিল্যা কিছু গাড়ি রাখছি। মোহাম্মদপুর ইস্টার্নের মধ্যে জায়গায় অয় না। তো আমরা ড্রাইভারগোরে কইলাম ওইহানে কিছু গাড়ি রাখন যাইব আপাতত, কিছু মাডি ফালা।

“খালতো আগেই আর্মিরা বন্ধ কইরা দিসে কবরস্থানের মুখে। এইখান দিয়া পানি ঢুকতেও পারে না, বাইরও হইতে পারে না। ওইটা বন্ধ দেইখাই আমরা খাল ভরসি। ওইটা রানিং থাকলে তো আমরা ভরতাম না। খাল চালু থাকলে কি আর ভরাট করা সম্ভব নি?”

আর কোথাও জায়গা না থাকায় এখানে ভরাট করা হয়েছে বলে জানান বাংলাদেশ আন্তঃজিলা ট্রাকচালক ইউনিয়ন মোহাম্মদপুর শাখার সভাপতি মোহাম্মদ নসু মিয়া।

তিনি বলেন, খাল ভরাট করার বিষয়টি ‘উপরের নেতারাও’ জানেন।

“জায়গাটা খালি পইরা আছিল। লোকজন সেইখানে ময়লা, রাবিশ ফেইলা দখল করতাসিল। আর আমাদের ট্রাক রাখনের কোনো জায়গা নাই বইলা সেইখানে মাটি ভরাট করসি আরকি। আর এইডা উপরের লেভেলে জানে। নেতারা জানে।”

ট্রাক রাখার জন্য জায়গার প্রয়োজন থাকলেও খাল ভরাট করা ঠিক হয়নি বলে জানান বাংলাদেশ ট্রাক-কভার্ডভ্যান ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি রুস্তম আলী।

সোমবার রুস্তম আলী বলেন, সরকারের কারও কাছ থেকে ট্রাক স্ট্যান্ডের জন্য জায়গা পাওয়ার কথা তিনি জেনেছেন।

“তারা তো খাল ভরাট করতে পারে না। তবে সরকারের কেউ না কেউ তাদেরকে জায়গাটা দিছে, আমি এইটুকু জানি। তারা যে খাল ভরাট করে টার্মিনাল করছে, এইটা আমি জানি। টার্মিনাল করার জন্য খাল ভরাট করা ঠিক হয় নাই। কিন্তু আমি চাইব ট্রাক রাখার জায়গা সরকারকে দিতে হবে।”

খাল দখলের বিষয়ে অবগত আছেন জানিয়ে পাউবোর নির্বাহী প্রকৌশলী দেওয়ান আইনুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এ ব্যাপারে দখলদারদের নোটিসও দেওয়া হয়েছে।

“এটা সরকারি খাল। এটার মালিক জেলা প্রশাসন। এর আগে নৌপরিবহন মন্ত্রণালয়ের এক সিদ্ধান্তের পর আমরা ২০১০-১১ সালের দিকে খালটি পুনঃখনন করেছিলাম। কিন্তু এরা খালের মোটামুটি ১০০ ফুট জায়গা দখল করেছে। এছাড়া আমাদের অধিগ্রহণ করা খাস জায়গা, আমাদের অধিগ্রহণ করা না- কিন্তু জেলা প্রশাসনের জমিও তারা দখল করেছে। তারা অনেক জায়গা দখল করেছে।

“আমরা অবৈধ দখল উচ্ছেদে ম্যাজিস্ট্রেট নিয়োগের জন্য জেলা প্রশাসনে চিঠি পাঠিয়েছি। সেখানে এই খালের কথাও বলা আছে। খালের অবৈধ দখলদার উচ্ছেদে ডিসি অফিসের সহযোগিতা লাগবে।”