সম্মেলনে অংশ নিতে অস্ট্রেলিয়া গেলেন নৌপ্রধান
একটি সম্মেলনে যোগ দিতে অস্ট্রেলিয়া গেছেন নৌবাহিনী প্রধান এডমিরাল নিজামউদ্দিন আহমেদ।
‘সী পাওয়ার কনফারেন্স-২০১৭’ নামে এই সম্মেলন ৩ অক্টোবর শুরু হয়ে ৫ অক্টোবর পর্যন্ত চলবে।
ওই সম্মেলনে যোগ দিতে নৌপ্রধান রোববার সিডনির উদ্দেশ্যে ঢাকা ছাড়েন বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে।
তাদের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নৌপ্রধান এই সম্মেলন ছাড়াও ‘ইন্টারন্যাশনাল মেরিটাইম কনফারেন্স-১৭’ এবং ‘প্যাসিফিক ইন্টারন্যাশনাল মেরিটাইম এক্সপোজিশন-১৭’-এ অংশগ্রহণ করবেন।
সেখানে অবস্থানকালে অস্ট্রেলিয়ার নৌবাহিনী প্রধান এডমিরাল টিম ব্যারেট, ফ্রান্সের নৌবাহিনী প্রধান এডমিরাল ক্রিস্তফে প্রাজুক, মিয়ানমারের নৌবাহিনী প্রধান এডমিরাল তিন অং সান এবং ভারতীয় নৌবাহিনী প্রধান (পার্সোনেল) ভাইস এডমিরাল একে চাওলার সাথে তার সৌজন্য সাক্ষাতের সূচি রয়েছে।
সফর শেষে আগামী ৭ অক্টোবর দেশে ফিরবেন নৌপ্রধান।
