২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে ৩ শ্রমিকের মৃত্যু

রাজধানীর বাড্ডায় একটি নির্মাণাধীন ভবনে কাজ করার সময় উপর থেকে পড়ে দুই সহদোরসহ তিন শ্রমিকের মৃত্যু হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Sep 2017, 01:27 PM

Updated : 19 Aug 2022, 05:39 PM

বাড্ডা থানার ওসি কাজী ওয়াজেদ আলী জানান, শুক্রবার বেলা ১২টার দিকে ১৭ নম্বর সড়কে একটি নির্মাণাধীন ভবনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, শাহজাহান (৩০), তার ভাই সারোয়ার (২৪) এবং তাদের চাচাতো ভাই আব্দুল কুদ্দুস (৩২)।

শাহজাহানদের ভগ্নিপতি মিজানুর রহমান জানান, তাদের বাড়ি নেত্রকোণা জেলায়।শাহজাহান ও সারোয়ার ছিলেন রাজমিস্ত্রি; আর কুদ্দুস তাদের সহকারী হিসেবে কাজ করতেন।

বাড্ডার ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভবনে কাজ করার সময় অস্থায়ী লিফট ছিঁড়ে গেলে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নেওয়ার পর মারা যায় আরেকজন।

এ ঘটনায় মো. সারোয়ার নামে ২০ বছর বয়সী আরেক শ্রমিক আহত হয়েছেন। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মিজানুর রহমান বলেন, এই আহত সারোয়ারও তাদের আত্মীয়। নিহত তিনজনের লাশ দাফন করার জন্য তারা গ্রামের বাড়িতে নিয়ে যাবেন।