উড়োজাহাজ ভাড়ায় অনিয়ম: বিমানের সাবেক চেয়ারম্যানকে তলব
উড়োজাহাজ ভাড়া করায় ‘অনিয়মের’ বিষয়ে বক্তব্যের জন্য বাংলাদেশ বিমানের সাবেক চেয়ারম্যান জামাল উদ্দীনকে তলব করেছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।
বাংলাদেশ বিমানের উড়োজাহাজ দীর্ঘদিন ধরে 'গ্রাউন্ডেড' থাকার কারণ তদন্তে গঠিত কমিটির সুপারিশ অনুযায়ী তাকে এবং কারিগরি কমিটির সদস্যদের সংসদীয় কমিটির আগামী বৈঠকে তলব করা হয়েছে।
বৃহস্পতিবার সংসদ ভবনে অনুষ্ঠিত বৈঠকে স্থায়ী কমিটি এ সিদ্ধান্ত নেয়।
মিশরের ইজিপ্ট এয়ার থেকে দুটি উড়োজাহাজ ভাড়ায় আনা নিয়ে সংসদীয় কমিটির উপকমিটি গত ২৮ জুলাই একটি প্রতিবেদন দিয়েছিল।
বিমানের সাবেক চেয়ারম্যান জামাল উদ্দীন
সংসদীয় উপ-কমিটির প্রতিবেদনে বলা হয়েছিল, কোনো খোঁজ-খবর না করেই দুটি বোয়িং উড়োজাহাজ ভাড়া করায় সাড়ে তিন বছরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের আর্থিক ক্ষতি হয়েছে ৩০৫ কোটি ৩৩ লাখ টাকা।
গত জুলাই মাসে ওই প্রতিবেদন নিয়ে বৈঠক করে সংসদীয় কমিটি।
প্রতিবেদনে বলা হয়, ভাড়া করার ক্ষেত্রে চুক্তি ছিল আত্মঘাতী, ইঞ্জিনের সক্ষমতা যাচাইয়ে ব্যর্থতা ছিল। কারিগরি কমিটি উড়োজাহাজ দুটি সম্পর্কে কোনো খোঁজখবর নিয়েছে বলে তদন্তে প্রতীয়মাণ হয়নি।
তাই এ ধরনের ‘উদাসীনতা, অজ্ঞতা বা ইচ্ছাকৃতভাবে কর্তব্যে অবহেলাজনিত’ কারণে দায়ী ব্যক্তিদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছিল কমিটি।
ওই সংসদীয় উপ কমিটির চেয়ারম্যান ছিলেন কামরুল আশরাফ খান।
তিনি সাংবাদিকদের বলেন, “স্থায়ী কমিটি আগামী বৈঠকে বিমানের সাবেক চেয়ারম্যান ও কারিগরি কমিটিকে তলব করেছে। উড়োজাহাজ ভাড়ায় আনার ক্ষেত্রে উপকমিটি যেসব অনিময়ম পেয়েছে সেসব বিষয়ে তাদের বক্তব্য নেওয়া হবে।"
কমিটির সভাপতি মুহম্মদ ফারুক খান সাংবাদিকদের বলেন, “লিজে বিমান এনে ফেলে রাখার বিষয়ে সংসদীয় সাব-কমিটি তদন্ত করে একটি রিপোর্ট দিয়েছে। ওই রিপোর্টে লিজ নেওয়ার ক্ষেত্রে বিমানের তৎকালীন পর্ষদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে।”
সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কমিটি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ও বাংলাদেশ বিমানের অভ্যন্তরীণ ব্যবস্থাপনা আরও উন্নত ও স্বচ্ছ করার সুপারিশ করেছে।
পর্যটন করপোরেশনের ক্ষতি তিন কোটি টাকা
সংসদীয় কমিটির বৈঠকে দেওয়া প্রতিবেদন থেকে জানা যায়, ২০১৭-১৮ অর্থবছরে তিন কোটি ২৯ লাখ টাকা লোকসান দিয়েছে বাংলাদেশ পর্যটন করপোরেশন।
সরকারের এই সংস্থাটির বাণিজ্যিক ইউনিটগুলো লাভ করলেও প্রধান কার্যালয়ের ব্যয় বেশি হওয়ায় সার্বিকভাবে এই লোকসান হয়েছে।
বৈঠকে পর্যটন করপোরেশনের দেওয়া হিসাবে দেখা যায়, পর্যটন করপোরেশনের বাণিজ্যিক ইউনিটগুলো গত অর্থবছরে আয় করেছিল ৯৬ কোটি ৭০ লাখ ৫১ হাজার টাকা। অবচয়সহ মোট ব্যয় করেছে ৮০ কোটি ৬৯ লাখ ৬৭ হাজার টাকা।
আর করপোরেশনের প্রধান কার্যালয় আয় করেছিল এক কোটি চার লাখ ৩৪ হাজার টাকা। বিপরীতে অবচয়সহ প্রধান কার্যালয়ের ব্যয় ২০ কোটি ৩৩৪ লাখ ৫৫ হাজার টাকা।
জাতীয় সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে পর্যটন করপোরেশনের প্রকল্পগুলো সরকারি ও বেসরকারি পর্যায়ে যৌথভাবে বাস্তবায়ন করা এবং রূপসী বাংলা হোটেলের সংস্কার কাজ আগামী বছরের ৩১ জানুয়ারির মধ্যে শেষ করার সুপারিশ করা হয়।
কমিটির সভাপতি মুহাম্মদ ফারুক খানের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন, তানভীর ইমাম, মো. নজরুল ইসলাম চৌধুরী, কামরুল আশরাফ খান, মো. আফতাব উদ্দীন সরকার ও সাবিহা নাহার বেগম বৈঠকে অংশ নেন।
