শৃঙ্খলা রক্ষায় মনোযোগী হতে ঢাবি উপাচার্যকে রাষ্ট্রপতির পরামর্শ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের প্রতিটি স্তরে সুনির্দিষ্ট নিয়ম-শৃঙ্খলা মেনে কাজ করতে বলেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামান বৃহস্পতিবার বঙ্গভবনে গেলে দেশের বিশ্ববিদ্যালয়গুলোর আচার্য আবদুল হামিদ এ কথা বলেন।
রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন পরে সাংবাদিকদের বলেন, “সাক্ষাতের সময় নবনিযুক্ত উপাচার্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রিপতিকে অবহিত করেন। এব দায়িত্ব পালনে রাষ্ট্রপতির সহযোগিতা চান।
“রাষ্ট্রপতি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় দেশের একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। তিনি প্রশাসনের প্রতিটি স্তরে সুনির্দিষ্টভাবে নিয়ম-শৃঙ্খলা মেনে কাজ করার পরামর্শ দেন।”
এছাড়া আবদুল হামিদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবেশগত উন্নয়নেও উপাচার্যকে মনোযোগী হওয়ার তাগিদ দেন এবং বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য ও মর্যাদা যাতে অক্ষুণ্ণ থাকে সেজন্য সম্মিলিত উদ্যোগ নেওয়ার পরামর্শ দেন।
