২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সপ্তমী পূজায় রোহিঙ্গাদের জন্য প্রার্থনা

জাতিগত সন্ত্রাসের শিকার হয়ে মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে পালিয়ে আসা রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য ‘বিশেষ প্রার্থনা’ হয়েছে মহাসপ্তমী পূজায়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Sep 2017, 11:14 PM

Updated : 11 Oct 2022, 02:34 PM

সন্ত্রাস ও মৌলবাদের চোখ রাঙানির প্রেক্ষাপটে মৃত্যুর মিছিলের বিপরীতে সত্য, সুন্দরের প্রতীক দেবী দুর্গাকে নবরূপে আবির্ভাবের আবাহন নিয়ে মণ্ডপে মণ্ডপে চলছে এই পূজা।

শাস্ত্র অনুযায়ী বুধবার সকাল ৮টা ৫৮ মিনিটে দুর্গা দেবীর নবপত্রিকা প্রবেশ ও স্থাপনের মাধ্যমে সপ্তামাদি কল্পারম্ভ শুরু হয়।

মহাসপ্তমী তিথির তাৎপর্য নিয়ে গেন্ডারিয়ার শিব মন্দিরের পুরোহিত নিহার দাশ জানান, এই ক্রিয়া অনুষ্ঠানের মধ্য দিয়ে সমাজের কৃষি, খনিজ, বনজ, জলজ, প্রাণিজ ও ভূমি সম্পদ রক্ষা করার জন্য সনাতন ধর্মাবলম্বীরা দেবীর কাছে প্রার্থনা করেন।

তিনি বলেন, “সমাজের সর্বস্তরের মানুষের অংশগ্রহণে বিশ্ব সংহতি সমুন্নত করার আহ্বান জানিয়েছি দেবীকে। চলমান প্রেক্ষাপটে জাতিগত বিরোধ নিষ্পত্তিরও প্রার্থনা করেছি আমরা।”

শাঁখারিবাজারের কালাচাঁদ বিগ্রহ এস্টেট মন্দিরের পুরোহিত শ্যামল ভট্টাচার্য জানান, মহাসপ্তমীতে অশুভ শক্তি বিনাশের প্রার্থনার সঙ্গে তারা মিয়ানমার থেকে পালিয়ে আসা উদ্বাস্তুদের জন্যও ‘বিশেষ’ প্রার্থনা করেছেন তারা।

দুর্গাপূজা সামনে রেখে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে জানানো হয়েছিল, এবার দুর্গোৎসবের ডামোডাল কমিয়ে পূজার মূল ব্যয়ের ‘একটা অংশ’ যাবে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে।

সেখানে আর্তমানবতার সেবায় অংশগ্রহণের ঘোষণাও আসে এক সংবাদ সম্মেলন থেকে।

শাঁখারিবাজারের প্রতিদ্বন্দ্বী কমিটির দুর্গা মণ্ডপে প্রার্থনা শেষে সবিতা সিংহ বলেন, “নিজের জন্য প্রার্থনার পাশাপাশি চেয়েছি গোটা বিশ্বেই যেন শান্তি বিরাজ করে। কোথাও যেন এতটুকু সংঘাত না বাধে, কেউ যেন রেশারেশিতে না জড়িয়ে পড়ে।”

ঢাকেশ্বরী মন্দিরে মাতৃবন্দনা করতে এসে পুতুল দাশ বলেন, “বিয়ের পর এবার প্রথম দুর্গা পূজা। প্রার্থনা তো অবশ্যই বিশেষ কিছুর। স্বামী, সংসার, পরিবার-পরিজনের পাশাপাশি আমি প্রার্থনা করব, মায়ের আগমনীতে যেন সমস্ত অন্যায়-অত্যাচার বন্ধ হয়।”

মাতৃশক্তির প্রতীক দেবী দুর্গার কাছে নারীর নিরাপত্তা আর অগ্রযাত্রা চেয়ে প্রার্থনা করেছেন শাঁখারিবাজারের সার্বজনীন নতুন কুঁড়ি দুর্গা মণ্ডপের পূজারি জয়শ্রী স্যানাল।

এখানে আসা নির্মল চ্যাটার্জি বলেন, “রাজনৈতিক-সামাজিক অস্থিরতা বাড়ছে, মায়ের কাছে প্রার্থনা করব, এসব থেকে মা যেন আমাদের পরিত্রাণ করেন। দেশের অর্থনৈতিক সমৃদ্ধির পাশাপাশি অসাম্প্রদায়িক ঐক্য গঠনেও সমবেত প্রার্থনা করছি।”

ঢাকেশ্বরী মন্দিরের পুরোহিত নারায়ণ চক্রবর্তী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সপ্তমীর পবিত্র লগ্নে নবপত্রিকা প্রবেশ প্রকৃতপক্ষে একটি ‘প্রতীকী’ পূজা।

‘নবপত্রিকা’ শব্দটির আক্ষরিক অর্থ নয়টি গাছের পাতা। কদলী বা রম্ভা (কলা), কচু, হরিদ্রা (হলুদ), জয়ন্তী, বিল্ব (বেল), দাড়িম্ব (দাড়িম), অশোক, মান ও ধান এই নয়টি উদ্ভিদকে পাতাসহ একটি কলাগাছের সঙ্গে একত্র করা হয়।

পরে একজোড়া বেলসহ শ্বেত অপরাজিতা লতা দিয়ে বেঁধে লালপাড় সাদা শাড়ি জড়িয়ে ঘোমটা দেওয়া বধূর আকার দেওয়া হয়। তারপর তাতে সিঁদুর দিয়ে সপরিবার দেবীপ্রতিমার ডান দিকে দাঁড় করিয়ে পূজা করা হয়। প্রচলিত ভাষায় নবপত্রিকার নাম ‘কলাবউ’।

নবপত্রিকার নয়টি উদ্ভিদ আসলে দেবী দুর্গার নয়টি বিশেষ রূপের প্রতীকরূপে বিবেচনা করা হয়। এই নয় দেবী একত্রে ‘নবপত্রিকাবাসিনী নবদুর্গা’ নামে ‘নবপত্রিকাবাসিন্যৈ নবদুর্গায়ৈ নমোঃ’ মন্ত্রে পূজিতা হন।

নবপত্রিকা প্রবেশের পর দর্পণে দেবীকে মহাস্নান করানো হয়। দুর্গাপ্রতিমার সামনে একটি দর্পণ বা আয়না রেখে সেই দর্পণে প্রতিফলিত প্রতিমার প্রতিবিম্বে বিভিন্ন উপচারে দেবীকে স্নান করানো হয়।

মঙ্গলবার ভোরে বিল্বতলায় দেবী দুর্গার বোধন ও পরে সন্ধ্যায় মূল প্রতিমায় দেবী ও তার সন্তানদের প্রাণপ্রতিষ্ঠা ও চক্ষুদানের মাধ্যমে শুরু হয় দুর্গোৎসবের মূল আচার।

৩০ সেপ্টেম্বর বিকাল ৩টায় ঢাকেশ্বরী মন্দির থেকে প্রতিমা সহযোগে শোভাযাত্রা যাবে বিসর্জনের ঘাটে। এবার পূজার সরকারি ছুটিও সেদিন।