২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চীনের পুলিশ প্রধানের সাথে আইজিপির বৈঠক

চীনের পুলিশ প্রধান ও পাবলিক সেফটি মন্ত্রণালয়ের উপমন্ত্রী ওয়াং জিয়াওঙের সাথে বৈঠক করেছেন বাংলাদেশের পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক।

অপরাধ বিষয়ক প্রধান প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Sep 2017, 08:33 PM

Updated : 19 Aug 2022, 05:38 PM

মঙ্গলবার বেইজিংয়ের ডায়াউটাই ন্যাশনাল গেস্ট হাউজে দুই দেশের পুলিশ প্রধানের মধ্যে এই বৈঠক হয় বলে পুলিশ সদর দপ্তরের এক সংবাদ বিজ্ঞপিএত জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে চীনের পক্ষ থেকে বাংলাদেশের সাম্প্রতিক উন্নয়নমুখী ও স্থিতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতি, বিশেষ করে জঙ্গি তৎপরতা দমনে বাংলাদেশের সাম্প্রতিক সাফল্যের প্রশংসা করা হয়।

চীনের পুলিশ প্রধান কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে জননিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে বাংলাদেশের অভিজ্ঞতা নিতে আগ্রহ প্রকাশ করেন। এক্ষেত্রে তিনি বাংলাদেশের সহযোগিতা কামনা করার পাশাপাশি বাংলাদেশ পুলিশের দক্ষতা উন্নয়নে চীনের সহযোগিতার আশ্বাস দেন।

আইজিপি এ কে এম শহীদুল হক বৈশ্বিক নিরাপত্তায় চীনের ভূমিকার প্রশংসা করেন এবং জঙ্গি তৎপরতা দমনে বাংলাদেশ সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি সম্পর্কে অবহিত করেন।

শহীদুল হক কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে জঙ্গিবাদ, মাদক, নারী ও শিশু নির্যাতন এবং অন্যান্য সামাজিক অপরাধ দমনের সাফল্য এবং এ সম্পর্কে বাংলাদেশের অভিজ্ঞতা বিনিময় করেন।

ইন্টারপোলের ৮৬তম বার্ষিক সাধারণ সম্মেলনে যোগ দিতে গত ২২ সেপ্টেম্বর আইজিপির নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল চীনে যায়।

সম্মেলন বেইজিংয়ের চায়না ন্যাশনাল কনভেনশন সেন্টারে গত ২৬ সেপ্টেম্বর শুরু হয়। শেষ হবে ২৯ সেপ্টেম্বর।

বাংলাদেশ দলের অন্য সদস্যরা হলেন, ডিআইজি (অপারেশন্স) ও এনসিবি ঢাকার প্রধান ব্যারিস্টার মাহবুবুর রহমান, এআইজি (এনসিবি) মো.মাহবুবুর রহমান ভূঁইয়া, এআইজি (ইন্টেলিজেন্স অ্যান্ড স্পেশাল অ্যাফেয়ার্স) মো. মনিরুজ্জামান এবং অতিরিক্ত পুলিশ সুপার আক্তার হোসেন।