ঢাকায় দেরিতে আসছে বাস-ট্রেন, যাত্রীদের ভোগান্তি
ঈদ কাটিয়ে রাজধানীতে ফিরতে যানজটের কারণে মহাসড়কেই ঘণ্টার পর ঘণ্টা কাটছে যাত্রীদের। একই অবস্থা রাজধানীমুখী অনেক ট্রেনেরও।
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে কয়েকটি দুর্ঘটনার কারণে সকাল থেকে দীর্ঘ যানজট ছিল। বিকালের পর অবশ্য এই মহাসড়কে যানজট ছিল না।
শনিবার রাজধানীর গাবতলী ও কল্যাণপুর বাস টার্মিনাল ঘুরে কাউন্টার ম্যানেজার ও যাত্রীদের সঙ্গে কথা বলে জানা গেছে যানজটে ভোগান্তির তথ্য।
গাইবান্ধা থেকে শুক্রবার রাত ১০টায় এসআর পরিবহনের বাসে ঢাকা রওনা দেন হামিদা আক্তার। অন্য সময়ে সকালে পৌঁছে গেলেও যানজটের কারণে পৌঁছেছেন বিকাল সাড়ে ৩টায়।
তিনি বলেন, “মির্জাপুরে জ্যামে পড়ে থাকতে হয়েছিল অনেকক্ষণ, এছাড়াও যমুনা ব্রিজেও বিশাল জ্যাম। সাত ঘণ্টা জ্যামে পড়ে ছিলাম।”
বিকাল ৩টার দিকে গাবতলীর হানিফ পরিবহনের কাউন্টার ম্যানেজার মোহাম্মদ কবির জানান, অন্য সময়ের চেয়ে বরিশাল থেকে বাস আসতে দ্বিগুণ সময় লাগছে।
“মাওয়া ফেরি বন্ধ বলে আরিচা ফেরি দিয়ে আসতে হচ্ছে, ছয় ঘণ্টার রাস্তা ১২ ঘণ্টায়ও শেষ হচ্ছে না। কাল রাতে যে বাসগুলো ছেড়েছে তার একটাও ঢাকা পৌঁছায়নি।”
যানজটের কারণ হিসেবে তিনি বলেন, “মহাসড়কগুলো চার লেনের পথ ভেঙ্গে দুই লেন হয়ে গেছে, আবার কোনো কোনো স্থানে এক লেনেই দুই দিকের যানবাহন চলছে। সেই সাথে ব্রিজগুলোর বেহাল দশা তো আছেই...”
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানজট
দৌলতদিয়া, পাটুরিয়াতে ফেরি পেরোতেই বিপত্তি ঘটছে বলে জানান তিনি।
একই চিত্র উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী পরিবহনগুলোর ক্ষেত্রেও।
শ্যামলী পরিবহনের কাউন্টার ম্যানেজার প্রশান্ত বলেন, “বগুড়া ব্রিজে ফাটল ধরায় সময় লাগছে, ব্রিজে ওঠার আগে যাত্রী নামিয়ে একটি-একটি করে বাস পার করাতে হচ্ছে।”
মহাসড়কে যানজটে ভোগান্তির অভিজ্ঞতা অনেকেই ফেইসবুকে পোস্ট করে জানিয়েছেন।
মির্জাপুরে শুক্রবার রাত যানজটে কাটিয়েছেন জানিয়ে ফেইসবুকে পোস্ট করেছেন মহিদুল ইসলাম মিশু।
পোস্টে তিনি লিখেছেন, “এক ওস্তাদ (বাস ড্রাইভার) ঘুমায়, অন্যরা (হেলপার) পিছনে ঝিমায়... ঢাকা কতদূর...১০ ঘণ্টা তো গেলো...”
দৌলতদিয়া-পাটুরিয়ায় প্রচণ্ড যানজটের কারণে গাড়ি রেখে হেঁটে ঢাকা রওনা হওয়ার ছবি ফেইসবুকে দিয়েছেন সুমিত সাহা।
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানজট
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানজটের কথা এমডি ইমরান জানিয়েছেন এভাবে- “কেউ কি কিছু খাবার আর একটা বালিশ নিয়ে গাজীপুর আসতে পারবেন? মনে হয়না আজকে ঢাকা পৌঁছাতে পারবো।”
ট্রেনেও বিলম্ব
শনিবার উত্তরবঙ্গ থেকে প্রায় সব ট্রেনই কমলাপুরে এসেছে দেরি করে।
ভোর থেকে সব ট্রেনই গড়ে দুই থেকে আড়াই ঘণ্টা দেরি করে এসেছে বলে জানিয়েছেন কমলাপুর রেলস্টেশনের সেকেন্ড স্টেশন মাস্টার নৃপেন্দ্র চন্দ্র সাহা।
তিনি বলেন, “যমুনা সেতুর ওই পাড়ে কোনো একটা সমস্যা হয়েছে, যে কারণে গতকাল থেকেই লেট করছে ট্রেনগুলো। এছাড়াও ঈদে যাত্রীর চাপ বেশি, ফলে উঠানামার সময়ও দেরি হয়।”
রাজশাহী থেকে ‘সিল্ক সিটি’ দুপুর দেড়টায় কমলাপুরে পৌঁছানোর কথা থাকলেও, সেটি বিকাল সাড়ে ৫টায়ও ঢাকার কাছে পৌঁছায়নি।
রংপুর এক্সপ্রেস, একতা এক্সপ্রেস, ধূমকেতু, সুন্দরবন এক্সপ্রেস- সব ট্রেনই নির্ধারিত সময় থেকে দুই-তিন ঘণ্টা দেরিতে এসেছে।
রংপুর এক্সপ্রেসে ঢাকায় ফেরা ব্যাংকার যুঁথী চৌধুরী বলেন, “ট্রেন কোথাও থামলে এক-দেড় ঘণ্টার আগে নড়ে না। কেন থেমে থাকে তাও জানি না। ভোরে আসার কথা ঢাকায়, প্রায় দুপুর হয়ে গেছে আসতে আসতে।”
একই ট্রেনে ঢাকায় ফেরা ঢাকা মেডিকেলের ছাত্র আবু রায়হান তালুকদার বলেন, “যাত্রী ওঠানামায় অনেক দেরি হয়। এত মানুষ এক সাথে ট্রেনে যাতায়াত করে ঈদের সময়, সবারই দুর্ভোগ পোহাতে হয়।”
তবে সোমবার থেকে সব ট্রেনের সূচি ঠিক হয়ে যাবে বলে জানিয়েছেন কমলাপুরের সেকেন্ড স্টেশন মাস্টার নৃপেন্দ্র চন্দ্র সাহা।
