২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রোহিঙ্গা সংকট: ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী ঢাকায়

রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনার জন্য বাংলাদেশে পৌঁছেছেন ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী রেতনো মারসুদি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Sep 2017, 03:00 PM

Updated : 12 Apr 2022, 12:16 AM

মঙ্গলবার বেলা সাড়ে ১২টায় তিনি ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (দ্বিপক্ষীয় ও কনস্যুলার)  মো. কামরুল আহসান তাকে স্বাগত জানান। 

বাংলাদেশে আসার আগে মিয়ানমার সফর করেন ইন্দোনেশিয়ার মন্ত্রী। সেখানে মুসলমান রোহিঙ্গাদের ওপর চলমান সহিংসতা বন্ধের পদক্ষেপ নিতে মিয়ানমারের নেত্রী অং সান সু চির প্রতি আহ্বান জানান তিনি।  

ঢাকা সফরে রেতনো মারসুদি প্রথমে রাষ্ট্রীয় অতিথিভবন পদ্মায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে বৈঠক করবেন। পরে সন্ধ্যায় তিনি গণভবনে গিয়ে দেখা করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে।

সংক্ষিপ্ত সফর শেষে মঙ্গলবার রাতেই ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা ত্যাগ করার কথা।

মিয়ানমারে রোহিঙ্গা মুসলমানদের ওপর নিপীড়নের ঘটনায় সবচেয়ে বেশি মুসলিম জনসংখ্যার দেশ ইন্দোনেশিয়ায় তীব্র ক্ষোভ তৈরি হওয়ার প্রেক্ষাপটে রেতনো মারসুদির এই সফর।

রোহিঙ্গাদের ওপর দমন-পীড়ন বন্ধের দাবিতে বেশি কিছুদিন ধরেই ইন্দোনেশিয়ায় বিক্ষোভ হচ্ছে। রোববার জাকার্তায় মিয়ানমারের দূতাবাসের দিকে ককটেল ছোড়ারও ঘটনা ঘটেছে।

গত ২৪ অগাস্ট মিয়ানমারের রাখাইনে পুলিশ পোস্ট ও সেনাক্যাম্পে হামলার ঘটনায় নতুন করে সেনা অভিযান শুরুর পর থেকে অন্তত ৮৭ হাজার রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে বলে ইউএনএইচসিআরের তথ্য।

এছাড়া বিভিন্ন সময়ে সীমান্ত পেরিয়ে আসা আরও প্রায় পাঁচ লাখ রোহিঙ্গা কয়েক দশক ধরে বাংলাদেশে অবস্থান করছেন।

ইন্দোনেশিয়া ও তুরস্কের মত মুসলিমপ্রধান দেশগুলো রোহিঙ্গা সংকটের অবসানের পদক্ষেপ নিতে মিয়ানমারের নেত্রী নোবেলজয়ী সু চির প্রতি আহ্বান জানিয়ে আসছে। বিপুল সংখ্যক রোহিঙ্গা শরণার্থীর ভার সামলানোর ক্ষেত্রে বাংলাদেশকেও তারা সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছে।