ঢাবি নীল আহ্বায়কের ‘নৈতিক স্খলন’
বেসরকারি বিশ্ববিদ্যালয় খুলে অবৈধভাবে অর্থ হাতানো ও ভুয়া সনদ দেওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবদুল আজিজের বিরুদ্ধে ‘নৈতিক স্খলনের’ জন্য ব্যবস্থা নিতে শিক্ষা মন্ত্রণালয়কে সুপারিশ করেছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন গঠিত তদন্ত কমিটি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগে গত ২৯ জুলাই সিনেট যে তিন সদস্যের প্যানেল মনোনীত করে, তাতে আছেন আওয়ামী লীগ সমর্থক শিক্ষকদের নীল দলের আহ্বায়ক আজিজ। থিওরিটিক্যাল অ্যান্ড কম্পিউটেশনাল কেমিস্ট্রি বিভাগের এই অধ্যাপক বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন।
২০১৪ সালের জানুয়ারিতে প্রতিষ্ঠিত রাজশাহী সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আজিজ। ওই বিশ্ববিদ্যালয়ের সনদ দিয়ে বরিশাল সিটি করপোরেশনে চাকরি পাওয়া একজনের শিক্ষাগত যোগ্যতার তদন্তে গিয়ে অধ্যাপক আজিজের ‘নৈতিক স্খলনের’ প্রমাণ পায় ইউজিসির তদন্ত কমিটি।
মো. আব্দুল মোতালেব হাওলাদার নামে একজন বরিশাল সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী পদে নিয়োগ পেতে ‘বিএসসি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং’র সনদ দাখিল করেন।তিনি এই পদে যোগ দেওয়ার পর সনদের বৈধতা নিয়ে প্রশ্ন উঠলে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন তদন্তের জন্য ওই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে তথ্য চায়।
সেই তথ্য যাচাই করে সনদপত্রের বৈধতার বিষয়ে সন্দেহ দেখা দিলে বিশ্ববিদ্যালয়টির শিক্ষা কার্যক্রম পর্যালোচনা করে সুপারিশ দিতে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে ইউজিসি।
ইউজিসির সদস্য অধ্যাপক মো. আখতার হোসেনকে প্রধান করে গঠিত তদন্ত কমিটির অন্য দুই সদস্য হলেন-কমিশনের বেসরকারি বিশ্ববিদ্যালয় বিভাগের উপ-পরিচালক জেসমিন পারভীন ও সিনিয়র সহকারী পরিচালক মো. গোলাম মোস্তফা।
কমিটি বলছে, বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের প্রধান হওয়ায় বেসরকারি ওই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া সবব শিক্ষার্থী এবং ডিগ্রিপ্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যাসহ সব তথ্য অধ্যাপক আব্দুল আজিজের কাছে থাকে।
এই জায়গা থেকে মোতালেবের অবৈধ সনদের দায় তিনি এড়াতে পারেন না।
এছাড়া অধ্যাপক আজিজের বিরুদ্ধে বেসরকারি ওই বিশ্ববিদ্যালয়ের অর্থ আত্মসাতের প্রমাণ পাওয়ার কথা জানিয়েছে তদন্ত কমিটি।
তাদের প্রতিবেদনে বলা হয়, বোর্ড অব ট্রাস্টিজ চেয়ারম্যান অধ্যাপক আবদুল আজিজ তার ঢাকার বারিধারার আবাসিক ফ্ল্যাটের একাংশ বিশ্ববিদ্যালয়ের লিঁয়াজো অফিস হিসেবে ব্যবহার করেন। এজন্য তিনি বিশ্ববিদ্যালয় থেকে প্রতি মাসে ৬৫ হাজার টাকা করে নেন, যা সম্পূর্ণ অনৈতিক ও অর্থ আত্মসাতের শামিল।
বিপুল অংকের টাকা নেওয়ায় নৈতিক স্খলনজনিত কারণে ট্রাস্ট অ্যাক্ট ১৮৮২ এবং সোসাইটিজ রেজিস্ট্রেশন অ্যাক্ট ১৮৬০-এর আওতায় শিক্ষা মন্ত্রণালয় তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারে বলে সুপারিশ করেছে কমিটি।
গত ২২ ফেব্রুয়ারিতে রাজশাহীতে গিয়ে ওই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পরিদর্শন করে ইউজিসির তদন্ত কমিটি। সেদিন রেজিস্ট্রার মো. সোলায়মানসহ কয়েকজন শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীকে পেলেও কোনো শিক্ষার্থীর দেখা পাননি তারা।
এরপর ১৫ মার্চ ওই বিশ্ববিদ্যালয়ের উপ-পরিচালক (অর্থও হিসাব) সুমন চন্দ্র দাস বক্তব্যে বারিধারায় অধ্যাপক আজিজের ফ্ল্যাটে বিশ্ববিদ্যালয়ের লিঁয়াজো অফিসের কথা জানান।
“উক্ত ফ্ল্যাটের দুটি কক্ষ চেয়ারম্যান হিসেবে তিনি ব্যবহার করেন এবং বাকি কক্ষগুলো অফিস হিসেবে ব্যবহার করা হচ্ছে। এই ফ্ল্যাটের ভাড়া ও একজন ক্লিনারের বেতন বাবদ প্রতি মাসে ৬৫ হাজার টাকা বিশ্ববিদ্যালয়ের তহবিল থেকে তাকে দেওয়া হয়।”
গত ৯ এপ্রিল তদন্ত কমিটির কাছে মৌখিক ও লিখিত বক্তব্যে অধ্যাপক আজিজ ওই বিশ্ববিদ্যালয় থেকে নেওয়া সব অর্থ ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দেন বলে তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে।
এ বিষয়ে জানতে বিকালে অধ্যাপক আজিজকে ফোন করা হলে শুনতে পারছেন না বলে সংযোগ কেটে দেন।
এসময় তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মিটিংয়ে আছি, কথা বুঝতে পারতেছি না।পরে ফোন দেন।”
পরে সন্ধ্যার দিকে তার মোবাইলে কয়েকবার ফোন দিলে তিনি কেটে দেন।
