২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে পরীক্ষার সূচি পিছিয়েছে

প্রস্তুতির জন্য সময় চেয়ে অবস্থানে যাওয়া শিক্ষার্থীদের দাবির মুখে পরীক্ষার সূচিতে পরিবর্তন এনেছে ব্র্যাক বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2017, 04:09 PM

Updated : 12 Apr 2022, 12:05 AM

রোববার সকাল ৯টার দিকে শিক্ষার্থীরা পরীক্ষা বর্জন করে অবস্থান শুরু করলে এক ঘণ্টার মাথায় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য আনসার আহমেদ আগামী বুধবার থেকে পরীক্ষা নেওয়ার ঘোষণা দেন।

পরে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এক ঘোষণায় বলা হয়, বুধবারের আগে কোনো সমাপনী পরীক্ষা হচ্ছে না।

এতে বলা হয়, সব সমাপনী পরীক্ষা ৯ অগাস্ট (বুধবার) থেকে শুরুর সিদ্ধান্ত নিয়েছে ব্র্যাক বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পুননির্ধারিত সময়সূচি রোববার বিকাল নাগাদ জানানো হবে।

শিক্ষার্থীরা জানান, পরীক্ষার প্রস্তুতির জন্য এমনিতে তাদের ক্লাস শেষে ৫-৭ দিন ছুটি থাকে। এবার আন্দোলনের কারণে তারা পরীক্ষার সূচি পরিবর্তনের দাবি জানিয়েছিলেন। কিন্তু কর্তৃপক্ষ আগের রুটিনেই পরীক্ষার আয়োজন করায় তারা পরীক্ষায় অংশ নেননি।

বিশ্ববিদ্যালয়ের ব্র্যাক বিজনেস স্কুল-এর আন্দোলনরত শিক্ষার্থী আজমল বশির শিহাব বিডিনিউজ টোয়েন্টিফোর ডট কমকে বলেন, “যারা পরীক্ষা দিতে চায় তাদের পরীক্ষার হলে যাওয়ার সুযোগ করে দেওয়া হয়েছিল। প্রস্তুতি ছাড়াই চাইলে পরীক্ষা দিতে পারত শিক্ষার্থীরা, কিন্তু কেউ যায়নি।”

আইন বিভাগের চুক্তিভিত্তিক শিক্ষক ফারহান উদ্দিন আহমেদ গত ৩০ জুলাই রেজিস্ট্রারসহ কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে মারধরের অভিযোগ তোলার পর থেকে রাজধানীর মহাখালীতে এ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উত্তেজনা চলছিল।

শিক্ষক লাঞ্ছনাকারীদের শাস্তির দাবিতে বিক্ষোভের মধ্যেই গত মঙ্গলবার শিক্ষার্থীদের ওপর নিরাপত্তাকর্মীদের ‘হামলার’ ঘটনা ঘটে। এর বিচারের দাবিতে বৃহস্পতিবার শিক্ষার্থীরা আমরণ অনশন শুরু করেন।

রোববার থেকে ক্লাসের পাশাপাশি পরীক্ষাও বর্জনের ডাক আসে শিক্ষার্থীদের পক্ষ থেকে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিক্ষোভের মুখে গত বুধ ও বৃহস্পতিবারের ক্লাস বন্ধ ঘোষণা করলেও পরীক্ষা চালানোর কথা ছিল।

পরে বৃহস্পতিবার রাতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সামিয়া হক সব অভিযোগের তদন্তের আশ্বাস দিলে ৭২ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে আন্দোলন স্থগিত করেন শিক্ষার্থীরা।

কিন্তু শুক্রবার সকালে শতাধিক শিক্ষার্থী আবারও বিশ্ববিদ্যালয়ের তিন নম্বর ভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন।

বিক্ষোভের মুখে শনিবার চাকরিচ্যুত শিক্ষক ফারহানকে পুনর্বহালের ঘোষণা আসে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছ থেকে।

এছাড়া রেজিস্ট্রার শাহুল আফজালকে ছুটিতে পাঠানো হয়; পদত্যাগ করেন সহকারী রেজিস্ট্রার মো. মাহি উদ্দিন এবং অফিস অব কো-কারিকুলাম অ্যাক্টিভিটিজের সিনিয়র অফিসার জাবেদ রাসেল।

বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে দেওয়া ওই ঘোষণাতেই রোববার থেকে পরীক্ষা শুরুর কথা বলা হয়েছিল।

পুরনো খবর:

শিক্ষার্থীদের দাবিতে ব্র্যাকের সেই শিক্ষককে পুনর্বহাল