২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রেলিংয়ে ঝুলন্ত বাস, বাঁচলেন হজযাত্রীরা

হজযাত্রীদের নিয়ে বিমানবন্দরে ঢোকার পথে সোমবার দুর্ঘটনায় পড়েছিল একটি বাস। তবে এর যাত্রীরা অক্ষত রয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jul 2017, 11:18 PM

Updated : 19 Aug 2022, 05:10 PM

সোমবার বেলা সাড়ে ১২টার দিকে বিমানবন্দরের বহির্গমন টার্মিনালের ড্রাইভওয়েতে এই দুর্ঘটনা ঘটে বলে বিমানবন্দর থানার ওসি নূরে আজম মিয়া জানিয়েছেন।

এই দুর্ঘটনার ছবিটি ফেইসবুকে ছড়িয়ে পড়ে; তাতে বাসটির অর্ধেক অংশকে রেলিংয়ে ঝুলন্ত অবস্থায় দেখা যায়।

আশকোনার হজ ক্যাম্প থেকে ২৬ জন হজযাত্রী নিয়ে বাসটি বিমানন্দরে ঢুকেছিল।

ওসি নূরে আজম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আনন্দ পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে বিমানবন্দরের ড্রাইভওয়ের রেলিংয়ে ঝুলতে থাকে। এটি পড়ে গেলে ১২ ফুট নিচে যাত্রীরা পড়ে যেতেন।”

র‌্যাবের রেকার দিয়ে বাসটি উদ্ধার এবং চালককে আটক করে থানায় আনা হয় বলে ওসি জানান।

বিমানবন্দরের বহির্গমন টার্মিনালের ড্রাইভওয়ের রেলিং ভেঙে যাওয়ার ঘটনাটি বর্ণনা করে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ একটি সাধারণ ডায়েরি করেছেন।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বাসটি টার্মিনালে ঝুলে থাকতে দেখে বিমানবাহিনী, পুলিশকে খবর দিলে তারা রেকার নিয়ে এসে বাসটিকে নিরাপদ জায়গায় নিয়ে আসেন।

“এটি পড়ে গেলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত।”

ওসি বলেন, ওই বাসটির যাত্রীরা নিরাপদে নেমে হজের উদ্দেশ্যে যাত্রা করেন।

চালকের কাছে ড্রাইভিং লাইসেন্স পাওয়া যায়নি বলেও জানান তিনি।

এই ঘটনায় হজ এজেন্সিগুলোর সংগঠন হাবের সাধারণ সম্পাদক শাহাদত হোসেন তাসলিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ঘটনাটি শোনার পর একজন সাধারণ মানুষ হিসেবে নাগরিকদের জীবনের নিরাপত্তা নিশ্চিতের জন্য দাবি করছি।

“যারা গাড়ির ফিটনেস সনদ দেন, চালকদের গাড়ি চালানোর লাইসেন্স দেন ও যারা বিষয়গুলোর দিকে নজর রাখেন, তারা যেন আরও বেশি দায়িত্বশীল ভূমিকা পালন করেন।”