২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বঙ্গভবনে ইলিশ বিরিয়ানিতে সিরিসেনাকে আপ্যায়ন

ফরাসি কায়দায় রান্না করা মশলাদার লবস্টারের সঙ্গে ইলিশ ও রূপচাঁদার পদ, সঙ্গে হায়দ্রাবাদি বিরিয়ানি, শেষে মালাইচপ-এভাবে বঙ্গভবনে নৈশভোজে আপ্যায়ন করা হয় শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনাকে।

সাজিদুল হক

বঙ্গভবন প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2017, 08:44 PM

Updated : 11 Oct 2022, 02:16 PM

পুরনো খবর:

সম্ভাবনাকে কাজে লাগাতে ঢাকা-কলম্বোর যৌথ উদ্যোগ চান হামিদ

সিরিসেনার সম্মানে শুক্রবার রাতে বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের দেওয়া এই নৈশভোজে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও অংশ নেন।

প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয় ও তার স্ত্রী ক্রিস্টিনা ওভারমায়ার এবং প্রধানমন্ত্রীর মেয়ে সায়মা ওয়াজেদ হোসেন ও তার স্বামী খন্দকার মাশরুর হোসেন মিতুও ছিলেন বঙ্গভবনের এই আয়োজনে।

শ্রীলঙ্কার প্রেসিডেন্ট তিন দিনের সফরে বৃহস্পতিবার ঢাকায় পৌঁছালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান রাষ্ট্রপতি হামিদ।

এই সফরে প্রেসিডেন্ট সিরিসেনা থাকছেন ঢাকার সোনারগাঁও হোটেলে। তার সফর উপলক্ষে রাজধানীর বিভিন্ন সড়ক সাজানো হয়েছে বর্ণিল সাজে।

রাষ্ট্রপ্রধান হিসেবে বাংলাদেশে এটা সিরিসেনার প্রথম সফর হলেও এর আগে ২০১৩ ও ২০১৪ সালে স্বাস্থ্যমন্ত্রী হিসেবে ঢাকা ঘুরে গেছেন তিনি। শুক্রবার দ্বিপক্ষীয় বৈঠক করেছেন রাষ্ট্রপতি হামিদ ও প্রধানমন্ত্রী হাসিনার সঙ্গে।

মাইথ্রিপালা সিরিসেনা সন্ধ্যা ৭টার দিকে বঙ্গভবনে পৌঁছালে তাকে ফুল দিয়ে স্বাগত জানান আবদুল হামিদ।

বঙ্গভবনের ক্রেডেনশিয়াল হলে সৌজন্য সাক্ষাতের পর দরবার হলে হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। তারপর অতিথিরা অংশ নেন ভোজে। শিল্পকলা একাডেমির শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠানে ছিল বাংলাদেশি ও শ্রীলঙ্কার নৃত্য, বাংলা ও সিংহলি ভাষায় গান।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ওয়েস্টিন হোটেলের রান্না করা খাবার দিয়ে আপ্যায়ন করা হয় শ্রীলঙ্কার প্রেসিডেন্টকে।ওই হোটেলের কর্মীরাই খাবার পরিবেশন করেন।

দরবার হলের ওই নৈশভোজে ছিল সাত ধরনের খাবার। চার কোর্সের এই ভোজ শুরু হয় ‘স্মোকড হিলসা অন টোস্ট’ দিয়ে। এরপরে টেবিলে আসে ক্রিম অব মাশরুম স্যুপ। সঙ্গে ছিল ব্রেড অ্যান্ড বাটার।

মেইন কোর্সে প্রথমে টেবিলে আসে স্পাইসি পমফ্রেট, পরে ফরাসি ডিশ ‘লবস্টার থারমিডর’; দুটো খাবারই পরিবেশন করা হয় বয়েলড ভেজিটেবলসহ।

পরে হায়দ্রাবাদি ভেজিটেবল বিরিয়ানি দেওয়া হয় টেবিলে, ডেজার্টে ছিল মালাই চপ ও ফল।

অনুষ্ঠানে স্পিকার শিরীন শারমিন চৌধুরী, প্রধান বিচারপতি এস কে সিনহা,  বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ উপস্থিত ছিলেন।

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী, বাণিজ‌্যমন্ত্রী তোফায়েল আহমেদ, স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, আইনমন্ত্রী আনিসুল হক, নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মশিউর রহমান, ভারতের হাই কমিশনার হর্ষবর্ধন শ্রিংলা, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম নৈশ ভোজে অংশ নেন।

সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক ছিলেন বঙ্গভবনের এই অনুষ্ঠানে। অতিথিদের সঙ্গে যোগ দিয়েছিলেন ঢাকায় কূটনৈতিক কোরের ডিন ভ্যাটিকানের রাষ্ট্রদূত জর্জ কোচেরি।