পোস্ট অফিসে ‘হ্যান্ডশেকে’ কী থাকে, দেখবেন তারানা
পোস্ট অফিসে ঘুষ লেনদেনের কোনো অভিযোগ না পেলেও ‘হ্যান্ডশেক’ বা করমর্দনের মাধ্যমে ঘুষ বা বকশিশ দেওয়া হয় কি না তা খতিয়ে দেখবেন বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।
পোস্ট অফিসে যেসব কর্মচারী ‘হ্যান্ডশেক’ করছেন তাদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
বৃহস্পতিবার আকস্মিক গুলিস্তান জেনারেল পোস্ট অফিস (জিপিও) পরিদর্শন শেষে তারানা হালিম বলেন, “এখানে কিছু কিছু বিষয় চোখে পেড়েছে। সঞ্চয়পত্র ফর্ম দেওয়াতে ধীরগতি দেখা গেছে। অনেক কাউন্টারে বলেছে কোন সমস্যা হয় না, ঘুষ কেউ চায় না, দুই একটি জায়গায় বলেছে ‘হ্যান্ডশেক’ করে।”
হ্যান্ডশেকের অর্থটা কী সেটা বুঝতে দেরি হওয়ার কথা নয় মন্তব্য করে প্রতিমন্ত্রী বলেন, “কে কে হ্যান্ডশেক করে ওটা বার করে ব্যবস্থা নিতে হবে, এ ব্যাপারটি একেবারে সহ্য করব না। বকশিশ বলে কিছু থাকবে না- লিখে দেওয়া হবে, যদি কেউ ঘুষ চায় তাহলে সামনে বসে আন্দোলন করবেন।”
পোস্ট অফিসের গ্রাহক বাড়ার তথ্য জানিয়ে তারানা হালিম বলেন, “আমাদের অনেক বেশি গ্রাহক বেড়ে গেছে। অনেক ধরনের সঞ্চয়পত্র দেওয়া হচ্ছে, কাজেই ফর্মগুলো দ্রুত দেওয়া উচিত, কেন মানুষ এক ঘণ্টা দাঁড়িয়ে থেকে ফর্ম নেবেন? এ কাজে যে কর্মকর্তা আছে তাকে শোকজ তো করবই।”
তিনি বলেন, ডাক বিভাগের আয় বাড়লেও সেবা বাড়েনি।
“শুধু আয় বাড়ালে হবে না, সেবার মানও বাড়াতে হবে। ৬১ কোটি টাকা আয় অধিক করেছি বলে বসে থাকার মতো অবস্থায় নেই। মানুষ যেন অসন্তুষ্ট না হয়।”
