২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভেড়া বাজারজাতকরণে সমবায় গঠনে জোর প্রধানমন্ত্রীর

ভেড়ার উৎপাদন বাড়িয়ে তা বাজারজাতকরণের সুবিধার জন্য সমবায় গঠনের ওপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2017, 03:46 PM

Updated : 11 Oct 2022, 02:16 PM

একইসঙ্গে ভেড়ার উৎপাদন বাড়াতে এ খাতে ব্যাংক ঋণের সুদের হার কমানোরও আশ্বাস দেন তিনি।   

বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে দেশি ভেড়ার পশম, পাট ও সুতার মিশ্রণে তৈরি বিভিন্ন পণ্য হস্তান্তর অনুষ্ঠানে একথা বলেন শেখ হাসিনা।

বঙ্গবন্ধুর সময় সমবায়ের ভিত্তিতে ‘মিল্ক ভিটা’ প্রতিষ্ঠার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, “বেসরকারি খাতের পাশাপাশি সমবায় ভিত্তিতে করলে তারা বাজারজাতকরণের সুবিধা পাবে।

“যদি আমরা কো-অপারেটিভের মাধ্যমে দিতে পারি, তাহলে সেটার বাজারজাতকরণের সুবিধাটাও তারা পাবে। কাজেই আমি মনে করি ওভাবে আমাদের একটা উদ্যোগ নেওয়া উচিৎ। তাতে মানুষ আরো উৎসাহিত হবে।”

Image
ছবি: পিআইডি

ছবি: পিআইডি

ভেড়ার মাংসে ছাগলের চেয়ে চর্বির পরিমাণ কম থাকার কারণে হৃদরোগের ঝুঁকিও কম। এছাড়া ছাগলের চেয়ে কষ্টসহিঞ্চু পরিবেশে বেড়ে উঠা ভেড়ার লোম ব্যবহার করা হয় বিভিন্ন পণ্য তৈরিতে।

বিশ্বের বিভিন্ন দেশে ভেড়ার মাংসের চাহিদা বাড়লেও বাংলাদেশে এখনো তেমন জনপ্রিয় হয়নি। ভেড়ার চাষও তুলনামুলকভাবে কম।

অনুষ্ঠানে মৎস ও প্রাণী সম্পদ সচিব মাকসুদুল হাসান জানান, বাংলাদেশে বর্তমানে ৩৪ লাখ ভেড়া রয়েছে, যা থেকে বছরে প্রায় ৩২শ থেকে ৩৪শ টন পশম পাওয়া যায়।

দেশের বরেন্দ্র, যমুনা ও উপকূলীয় নামে তিন প্রজাতির ভেড়া রয়েছে। এসব ভেড়া ১৫ থেকে ৩০ কেজি পর্যন্ত ওজন হয়।

সচিব জানান, বিদেশ থেকে বেশি ওজনের তিন প্রজাতির ভেড়া আনা হয়েছে। এসব ভেড়া থেকে ২৮টি বাচ্চাও হয়েছে।

গরু পালনের মত ভেড়া পালনেও ৫ শতাংশ হারে ঋণ দিলে ভেড়া পালন আরো বাড়বে বলে জানান সচিব।

সহজ ঋণের ব্যবস্থা করে দেওয়ার আশ্বাস দিয়ে প্রধানমন্ত্রী বলেন, “গাভী পালনে আমরা যদি ৫ শতাংশ সুদে ঋণ দিতে পারি তাহলে ভেড়া, ছাগল, মোষ এগুলিতে দিতে পারব না কেন? দিলে মানুষ আরো উৎসাহিত হবে।

“তবে শুধু উৎপাদন করলেই তো হবে না। সেগুলি যদি সাথে সাথে বাজারজাতকরণের ব্যবস্থা যদি না করে দেই, তাহলে কিন্তু কোনোটাই টিকবে না। স্থায়ী হবে না।”

শেখ হাসিনা বলেন, “আমাদের কিন্তু গরু ও ছাগল কোরবানি দেওয়ারই রেওয়াজটা আছে। এখনো ভেড়া কোরবানির ব্যাপারে কোনো আগ্রহ কারো নেই, দেয়ও না।

“এগুলো আস্তে আস্তে উৎসাহিত করা যায়,” বলেন তিনি।

Image
ছবি: পিআইডি

ছবি: পিআইডি

বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট ও পাট গবেষণা ইনস্টিটিউট যৌথভাবে ভেড়ার পশম ও পাট মিলিয়ে বিভিন্ন পণ্য তৈরি করেছে, যা প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করা হয়।

এসব পণ্যের মধ্যে রয়েছে প্যান্ট ও ব্লেজারের কাপড়, শাল, কম্বল, জায়নামাজ, পাপোষ, ডাইনিং ও ফ্লোর ম্যাট।

ভেড়ার চামড়া ও পাটে তৈরি এসব পণ্য এখনো বাজারে ছাড়া হয়নি বলে সচিব জানান।

পণ্যগুলো তৈরির জন্য প্রধানমন্ত্রী সংশ্লিষ্টদের ধন্যবাদ জানিয়ে এগুলো বাজারজাতকরণের নির্দেশ দেন। দেশীয় চাহিদা মেটানোর পাশাপাশি বিদেশেও পাঠানোর ওপর গুরুত্বারোপ করেন।

ভেড়ার মত অন্যান্য গৃহপালিত পশুর মাংস ছাড়াও হাড় ও চামড়া থেকে বিভিন্ন পণ্য রপ্তানিরও আহ্বান জানান তিনি।

ধান, মাছসহ বিভিন্ন ফসল ও খাদ্যের উৎপাদন বাড়ানোর পেছনে গুবেষণার ভূমিকা তুলে ধরে তিনি বলেন, “আমরা ১৯৯৬ এ ক্ষমতায় এসে গবেষণার ওপর গুরুত্ব না দিলে এগুলো কিন্তু হত না। গবেষণাটার মাধ্যমে আমরা কিন্তু অনেক কাজ করতে পারি।”

ভেড়ার পশমের সঙ্গে পাট মিলিয়ে পণ্য তৈরি করলে পশম আমদানি কমার পাশাপাশি পাটেরও চাহিদা তৈরি হবে বলে আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী।

একইসঙ্গে কালো ছাগল উৎপাদনসহ অন্যান্য দুগ্ধ ও প্রাণিজ আমিষ উৎপাদন বাড়ানোর ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

শেখ হাসিনা বলেন, “আমাদের পদক্ষেপের কারণে দেশ সবদিক দিয়েই এগিয়ে যাচ্ছে। একসময় পুষ্টিহীনতায় ভুগত। মানুষ একবেলাও খাবার পেত  না। এখন বাংলাদেশে তা নেই।”