বনানী ধর্ষণ: আপন জুয়েলার্সের মালিকের ছেলেসহ পাঁচজনের বিচার শুরু
বনানীর রেইনট্রি হোটেলে দুই তরুণীকে ধর্ষণের মামলায় আপন জুয়েলার্সের মালিকের ছেলে সাফাত আহমেদ ও তার দুই বন্ধুসহ পাঁচজনের বিচার শুরুর আদেশ দিয়েছে আদালত।
ঢাকার দুই নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ সফিউল আজম বৃহস্পতিবার আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে সাক্ষ্যগ্রহণ শুরুর জন্য ২৪ জুলাই দিন ঠিক করে দেন।
অভিযুক্ত আসামিরা হলেন- আপন জুয়েলার্সের অন্যতম মালিক দিলদার আহমেদের ছেলে সাফাত আহমেদ, তার বন্ধু ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান ‘ই-মেকার্স’ এর কর্মকর্তা নাঈম আশরাফ, ঢাকার পিকাসো রেস্তারাঁর অন্যতম মালিক রেগনাম গ্রুপের এমডি মোহাম্মদ হোসেন জনির ছেলে সাদমান সাকিফ এবং সাফাতের গাড়িচালক বিল্লাল হোসেন ও দেহরক্ষী রহমত আলী।
অভিযোগ গঠনের শুনানির জন্য তাদের সবাইকে এদিন কারাগার থেকে আদালতে হাজির করা হয়।
তাদের পক্ষে শুনানি করেন আওয়ামী আইনজীবী পরিষদের নেতা আব্দুর রহমান হাওলাদার, ঢাকা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট কাজী মোহাম্মদ নজিবুল্লা হিরু, মাহবুব আহমেদ ও খায়রুল ইসলাম লিটন। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন এ আদালতের বিশেষ কৌঁসুলি আলী আকবর।
শুনানিতে আসামিদের বিরুদ্ধে অভিযোগ পড়ে শুনিয়ে বিচারক জানতে চান- তারা দোষী না নির্দোষ।
জবাবে আসামিরা নিজেদের নির্দোষ দাবি করে সুবিচার প্রার্থনা করেন। তাদের পক্ষে মামলা থেকে অব্যাহতির আবেদনও করা হয়।
শুনানি শেষে বিচারক অব্যাহতির আবেদন খারিজ করে আসামিদের বিচার শুরুর নির্দেশ দেন।
সাফাতের জন্মদিনের পার্টির কথা বলে গত ২৮ মার্চ রাতে বনানীর রেইনট্রি হোটেলে নিয়ে বিশ্ববিদ্যালয় পড়ুয়া দুই তরুণীকে ধর্ষণ করা হয় বলে এ মামলার অভিযোগ।
মামলা হওয়ার পর দেশজুড়ে আলোচনার মধ্যে অভিযোগ আসে পুলিশের বিরুদ্ধেও। বাদী অভিযোগ করেন, বনানী থানা পুলিশ মামলা নিতে গড়িমসি করেই দুই দিন পার করে দেয়। এর বাইরেও তাদের হয়রানি করা হয়।
গত ৬ মে বনানী থানায় ধর্ষণের ওই অভিযোগ দায়েরের পর ৮ জুন ঢাকার হাকিম আদালতে অভিযোগপত্র দেন পুলিশের ভিকটিম সাপোর্ট সেন্টারের পরিদর্শক ইসমত আরা এমি। সেখানে বাদীপক্ষে মোট ৪৭ জনকে সাক্ষী করেন তিনি।
অভিযোগপত্রে বলা হয়, সাফাত ও নাঈম ধর্ষণে সরাসরি অংশ নেন এবং বাকি তিনজন তাদের সহযোগিতা করেন।
ঘটনার এক মাসের বেশি সময় পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের চিকিৎসকরা মেডিকেল পরীক্ষায় ধর্ষণের আলামত না পাওয়ার কথা জানালেও গাড়িচালক বিল্লাল ছাড়া বাকি চার আসামিই নিজেদের দায় স্বীকার করে হাকিমের কাছে জবানবন্দি দেন।
অবশ্য সাদমান সাকিফ পরে ওই জবানবন্দি প্রত্যাহারের আবেদন করে বলেন, নির্যাতনের মাধ্যমে তার কাছ থেকে ওই জবানবন্দি গ্রহণ করা হয়েছে। তার বক্তব্য শুনে বিচারক বিষয়টি নথিভুক্ত রাখেন।
আসামিপক্ষের আইনজীবীরা অভিযোগ গঠনের শুনানিতে বলেন, এটি একটি ‘সাজানো মামলা’। ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করা ও বড়লোকদের কাছ থেকে ‘অর্থকড়ি আদায়’ এর উদ্দেশ্য।
যে সময়ে ধর্ষণের কথা বলা হচ্ছে, তার এক মাস ৮দিন পরে থানায় মামলা করা নিয়েও প্রশ্ন তোলেন তারা।
মেডিকেল পরীক্ষায় ধর্ষণের আলামত না মেলার বিষয়টি তুলে ধরে আইনজীবীরা আসামিদের অব্যাহতি দেওয়ার আবেদন জানান।
এ সময় বিচারক বলেন, যেহেতু আসামিরা ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন, সেহেতু বিচারেই প্রমাণ হবে, তারা দোষী না নির্দোষ। সারাদেশ এ বিচারের দিকে তাকিয়ে আছে।
বনানীর যে চার তারকা হোটেলে ওই ধর্ষণের ঘটনা ঘটে বলে বাদীর অভিযোগ, সেই রেইনট্রি হোটেলের মালিক ঝালকাঠির সরকারদলীয় সাংসদ বজলুল হক হারুন ও তার সন্তানরা।
সাংসদ হারুনের ছেলেদের মধ্যে এইচ এম আদনান হারুন আছেন ওই হোটেলের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্বে। তবে দেখাশোনা করেন মূলত তার ভাই মাহির হারুন।
মাহিরের বন্ধু পরিচয় দিয়েই সাফাত ধর্ষণের ঘটনার দিন ওই হোটেলে উঠেছিলেন বলে হোটেলকর্মীরা পুলিশকে জানিয়েছেন।
অভিযোগকারী তরুণীদের একজন জানিয়েছিলেন, পীড়াপীড়িতে বাধ্য হয়ে তারা রেইনট্রি হোটেলে সাফাতের জন্মদিনের অনুষ্ঠানে গিয়েছিলেন।
তাদের নিতে গাড়ি নিয়ে এসেছিলেন সাফাতের গাড়িচালক ও দেহরক্ষী। ধর্ষণের সময় দেহরক্ষী রহমতকে দিয়ে ভিডিও ধারণ করা হয়েছিল বলেও অভিযোগ করেছেন ওই তরুণী।
তার দাবি, সেদিন রেইনট্রি হোটেলে নাঈম ও সাফাত ধর্ষণের পাশাপাশি তাদের নির্যাতনও করেন। পা ধরে নিস্তার চাইলেও তারা ছাড়া পাননি।
থানায় মামলা হওয়ার পাঁচদিন পর গত ১১ মে সিলেট থেকে সাফাত ও সাদমানকে গ্রেপ্তার করা হয়। এরপর ১৫ মে সাফাতের গাড়িচালক বিল্লাল ও দেহরক্ষী রহমত ঢাকায় গ্রেপ্তার হন।
সবশেষে ১৭ মে মুন্সীগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয় নাঈম আশরাফকে, যিনি সেখানে এক আত্মীয়র বাড়িতে লুকিয়ে ছিলেন।
