তাভেল্লা হত্যা মামলায় ব্যবসায়ীর সাক্ষ্য
রাজধানীর গুলশানে ইতালির নাগরিক চেজারে তাভেল্লা হত্যা মামলায় গিয়াস উদ্দিন নামের এক ব্যবসায়ী সাক্ষ্য দিয়েছেন।
বুধবার ঢাকার মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা মামলার জব্দ তালিকার এই সাক্ষীর বক্তব্য শোনেন।
বৃহস্পতিবার ব্যবসায়ী গিয়াসের অবশিষ্ট সাক্ষ্যের দিন রাখা হয়েছে।
সাক্ষ্য গ্রহণকালে আসামিদের কারাগার থেকে আদালতে হাজির করা হয়।
এ আদালতের রাষ্ট্রপক্ষের অন্যতম কৌঁসুলি তাপস পাল জানান,আসামি মতিনের পক্ষে আইনজীবী সানাউল্লাহ মিয়া সাক্ষীকে আংশিক জেরা করেন।
মামলাটিতে এ পর্যন্ত ২১ জনের সাক্ষ্য গ্রহণ করেছে আদালত।
এ মামলায় বিএনপি নেতা এম এ কাইয়ুমসহ ৭ জনের বিরুদ্ধে গত বছর ২৫ অক্টোবর অভিযোগ গঠন করে আদালত।
এর আগে গত বছরের ২৮ জুন পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) পরিদর্শক গোলাম রাব্বানী আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
২০১৫ সালের ২৮ সেপ্টেম্বর সন্ধ্যায় রাজধানীর গুলশান-২ নম্বরে দুর্বৃত্তের গুলিতে নিহত হন চেজারে তাভেল্লা।
