রামপাল বাদ দিয়ে বিদ্যুৎ উৎপাদনের বিকল্প প্রস্তাব আসছে
রামপাল ও রূপপুর বিদ্যুৎ প্রকল্প ছাড়াই কম খরচে বাংলাদেশে বিদ্যুতের চাহিদা পূরণে করণীয় সম্পর্কে মহাপরিকল্পনা নিয়ে আসছে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি।
মঙ্গলবার বিকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক সমাবেশ সংগঠনের সদস্য সচিব অধ্যাপক আনু মুহাম্মদ বলেন, আগামী ২২ জুলাই দেশবাসীর সামনে ‘সরকারের পশ্চাৎমুখী পরিকল্পনার’ বিপরীতে এই মহাপরিকল্পনা তুলে ধরবেন তারা।
তিনি বলেন, “বাংলাদেশে মানুষের বিদ্যুৎ সমস্যা সমাধানের জন্য রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র ও রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করছে বলে সরকার বলছে, এর চেয়ে বড় প্রতারণা আর নেই। কারণ এই রামপাল, রূপপুর বিদ্যুৎ সংকট সমাধানের জন্য নয়। এটা দেশি বিদেশি কতিপয় গোষ্ঠীর স্বার্থ রক্ষার্থে।
“গত সাত মাসে বিভিন্ন গবেষণার মাধ্যমে কম দামে, কোনো বিদেশির সহযোগিতা না নিয়ে, ঋণ নির্ভর না হয়ে যে বাংলাদেশে বিদ্যুৎ সংকট সমাধান সম্ভব সেই মহাপরিকল্পনা আমরা প্রণয়ন করেছি। বাংলাদেশের সরকার যখন উল্টো দিকে হাঁটছে, বাংলাদেশ সরকার যখন বিদেশি কোম্পানিনির্ভর ঋণ নির্ভর পশ্চাৎমুখী পরিকল্পনা নিয়ে বিদ্যুৎ সমস্যা সমাধানের কথা বলছে, তখন আমরা অগ্রগামী মহাপরিকল্পনা হাজির করছি।”
আনু মুহাম্মদ বলেন, তাদের ওই পরিকল্পনায় রূপপুর-রামপাল, বিদেশি ঋণ, বিদেশি কোম্পানি এবং পরিবেশ ‘ধ্বংসের’ দরকার পড়বে না।
“অনেক কম পয়সায় এই বিদ্যুৎ বাংলাদেশের মানুষ ব্যবহার করতে পারবে।”
রামপাল বিদ্যুৎ প্রকল্প বাতিল দাবিতে আগামী ২৫ জুলাই বাগেরহাটের শরণ খোলা থেকে শ্যামনগর পর্যন্ত ১০০ কিলোমিটার রাস্তায় অবস্থান নিয়ে প্রতিবাদী কর্মসূচি পালনের ঘোষণা দেন আনু মুহাম্মদ।
ওই কর্মসূচিতে বাধা না দেওয়ার দাবি জানিয়ে তিনি বলেন, “রামপালে তাপবিদ্যুৎ কেন্দ্র স্থাপনের বিরুদ্ধে দাঁড়ানোর পর থেকেই সরকার আমাদের উপর নানা ধরনের দমনপীড়ন চালিয়ে যাচ্ছে। আগামী ২৫ তারিখে আপনারা বাধা দেওয়ার চেষ্টা করবেন না, আমরা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করতে চাই।”
রামপালে বিদ্যুৎকেন্দ্র নির্মাণবিরোধী অবস্থান থেকে ইউনেসকো সরে দাঁড়ালেও তারা আন্দোলন চালিয়ে যাবেন বলে জানান অধ্যাপক আনু মুহাম্মদ।
তিনি বলেন, “বাংলাদেশ সরকারের বা কারও দ্বারা প্রভাবিত হয়ে ইউনেসকো অবস্থান পরিবর্তন করে থাকলে সেটা তাদের নৈতিক পরাজয়। ইউনেসকো সরে দাঁড়ালেও সেখান থেকে বাংলাদেশের মানুষ সরে দাঁড়াবে না। আমাদের আন্দোলন চলতে থাকবে।”
সমাবেশে অন্যদের মধ্যে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, সিপিবির কেন্দ্রীয় নেতা রুহিন হোসেন প্রিন্স, বাসদের কেন্দ্রীয় নেতা বজলুর রশিদ ফিরোজ, গণসংহতি আন্দোলনের সভাপতি জোনায়েদ সাকি, কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন মুন্না উপস্থিত ছিলেন।
