২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লালবাগ কেল্লার ঐতিহ্য তুলে ধরবে ১৫ তরুণের দল

মুঘল ঐতিহ্যের অনন্য নিদর্শন লালবাগ কেল্লাকে যথাযথভাবে সংরক্ষণ, স্থানীয় জনগণের মধ্যে এ বিষয়ে সচেতনতা বাড়ানোর প্রয়োজনীয়তা তুলে ধরতে মাঠে নামছে দেশ-বিদেশের ১৫ তরুণের দল।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2017, 09:03 PM

Updated : 11 Oct 2022, 02:16 PM

লালবাগ কেল্লাকে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের অংশ হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে এই আয়োজনের উদ্যোক্তা প্রত্নতত্ত্ব অধিদপ্তর ও এডুকেশন অ্যান্ড কালচারাল সোসাইটি।

সোমবার বিকালে লালবাগ কেল্লায় ‘ওয়ার্ল্ড হেরিটেজ ভলান্টিয়ার ইনিশিয়েটিভ’ এর উদ্বোধন করেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর।

অনুষ্ঠানের বিশেষ অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র দূতাবাসের শার্জ দ্য অ্যাফেয়ার্স জোয়েল রেইফম্যান, সংস্কৃতি সচিব ইব্রাহীম হোসেন খান।

উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী আসাদুজ্জামান নূর বলেন, “দেশের তরুণ সম্প্রদায়ের বড় দায়িত্ব, তারাই দেশে-বিদেশে বাংলাদেশের ঐতিহ্যগুলোকে তুলে ধরবে। একইসঙ্গে জনসাধারণের মধ্যে সচেতনতা বৃদ্ধি করে ঐতিহ্য সংরক্ষণেও ব্রতী হবে তারা। এই তরুণরা অন্য দেশের সঙ্গে আমাদের সংস্কৃতির বিনিময় করবে।”

তিনি বাংলাদেশের ‘টেনজিবল’ ও ‘ইনটেনজিবল’ হেরিটেজগুলোকে ক্রমান্বয়ে বিশ্ব ঐতিহ্যের অন্তর্ভুক্ত করতে সংস্কৃতি মন্ত্রণালয়ের প্রচেষ্টার কথা জানান।

“বাগেরহাট,পাহাড়পুরের পর এবার আমরা ময়নামতি ও লালবাগ কেল্লাকে বিশ্ব ঐতিহ্যের অংশ হিসেবে অন্তর্ভুক্তির প্রচেষ্টা চালাচ্ছি। লালবাগ কেল্লাকে অন্তর্ভুক্তির বিষয়ে সমস্যা হল, এর আশপাশে বেশকটি স্থাপনা উঠে গেছে। ইউনেস্কোর নিয়মাবলীর মধ্যে রয়েছে, নির্দিষ্ট দূরত্বের মধ্যে অন্য অবকাঠামো থাকতে পারবে না। তবে এটা শুধু বাংলাদেশেরই সমস্যা নয়, অন্যান্য দেশরও রয়েছে। আমরা প্রচেষ্টা চালিয়ে যাব।”

জোয়েল রেইফম্যান বলেন, “বিশ্বজুড়ে ঐতিহ্যগুলো এখন হুমকির মুখে। মানুষের সচেতনতার অভাবে হারিয়ে যেতে বসেছে ঐতিহ্যগুলো। অথচ তারা যদি একবার বুঝত এর আর্থসামাজিক গুরুত্বের কথা!  বাংলাদেশের তরুণরা এগিয়ে এসেছে। তারা একে একে সব ঐতিহ্যকে তুলে ধরুক, এটাই প্রত্যাশা।”

এডুকেশন অ্যান্ড কালচারাল সোসাইটির সভাপতি কাজী নাসরিন সিদ্দিকা বলেন, বিজ্ঞান- প্রযুক্তি নিয়ে নানা ক্যাম্পেইনের পর এবার তারা প্রথমবারের মতো সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে এগিয়ে আসছে। এরপর তারা বাংলার বাউল সংগীতকে বিশ্ব ঐতিহ্যের অংশ হিসেবে প্রতিষ্ঠা করতে কাজ শুরু করবে।