বয়লার বিস্ফোরণ: আইএলও নীতিমালায় ক্ষতিপূরণ দাবি
গাজীপুরে বয়লার বিস্ফোরণে হতাহত শ্রমিকদের আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) নীতিমালা অনুযায়ী ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক-শিল্প ঐক্য।
রোববার জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধন থেকে এ দাবি জানায় সংগঠনটি।
গত সোমবার সন্ধ্যায় গাজীপুরের কাশিমপুরের নয়াপাড়ায় ‘মাল্টিফ্যাবস লিমিটেড’ নামে একটি কারখানার ডাইং সেকশনের বয়লার বিকট শব্দে বিস্ফোরিত হলে চার তলা কারখানা ভবনের এক পাশের দোতলা পর্যন্ত ধসে পড়ে।
এ ঘটনায় এখন পর্যন্ত ১৩ জনের মৃত্যু এবং অর্ধশতাধিক আহতের খবর পাওয়া গেছে।
মানববন্ধন শেষে সমাবেশে গার্মেন্টস শ্রমিক-শিল্প ঐক্যের সদস্য সচিব লীমা ফেরদৌস বলেন, “এ ঘটনায় নিহত-আহত শ্রমিকদের আন্তর্জাতিক শ্রম আইন অনুযায়ী ক্ষতিপূরণ, আহতদের উন্নত চিকিৎসার ব্যবস্থা এবং মালিকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।”
গার্মেন্টস শ্রমিক কর্মচারী ফেডারেশনের সভাপতি নাজিম উদ্দিন বলেন, মাল্টিফ্যাবস লিমিটেডের বয়লার বিস্ফোরণে হতাহত শ্রমিকদের ক্ষেত্রে আন্তর্জাতিক শ্রম আইন মানতে হবে।
“এ ঘটনার জন্য মালিকদের অবহেলা দায়ী। বিষয়টি তদন্ত করে দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।”
এছাড়া দেশের সব কারখানার বয়লার পরিদর্শন করে তা হালনাগাদেরও দাবি জানান নাজিম উদ্দিন।
লীমা ফেরদৌসের সভাপতিত্বে গ্রিন বাংলা গার্মেন্টস ওয়াকার্স ফেডারেশনের সভাপতি সুলতানা বেগম, বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক-শিল্প ঐক্যের নেতা রোকসানা আক্তার ও আব্দুল জলিল সমাবেশে বক্তব্য দেন।
পরে শ্রমিক নেতাদের একটি প্রতিনিধি দল শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে গিয়ে একটি স্মারকলিপি দেয়।
