২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচন ঘিরে ‘সহিংসতার পুনরাবৃত্তি যেন না হয়’

আগামী জাতীয় সংসদ নির্বাচন ঘিরে ২০১৪ সালের সহিংসতার পুনরাবৃত্তি যেন না হয় সে বিষয়ে উদ্যোগী হতে রাজনৈতিক দল ও নির্বাচন কমিশনের প্রতি আহ্বান এসেছে একটি গোলটেবিল বৈঠক থেকে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2017, 09:46 PM

Updated : 11 Apr 2022, 11:53 PM

পাশাপাশি ধর্মের রাজনৈতিক ব্যবহার বন্ধেরও আহ্বান জানিয়েছেন আলোচকরা।

শনিবার রাজধানীর গুলশানের একটি হোটেলে ইনস্টিটিউট অব কনফ্লিক্ট, ল’ অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজের (আইক্ল্যাডস) আয়োজনে ‘রাজনৈতিক প্রক্রিয়ায় অংশগ্রহণমূলক নির্বাচন’ শিরোনামে ওই বৈঠক হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞানের অধ্যাপক সাদেকা হালিম বলেন, “আমরা একটি রাজনৈতিক প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছি, যা সামনে আমাদের একটি নির্বাচন উপহার দেবে। একজন সমাজবিজ্ঞানের ছাত্র হিসেবে আমি মনে করি, এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে জনগণ। ’৭২ এর সংবিধানের ৭ নম্বর ধারায় বলা আছে, প্রজাতন্ত্রের মালিক জনগণ।

“যারা নির্বাচন করবেন তাদের দায়িত্বশীল হতে হবে। যখন ২০১৪ সালের নির্বাচন হয় সেই নির্বাচনের পূর্বে ও পরে যে সহিংসতা হয়েছে তার পুনরাবৃত্তি কখনোই কাম্য নয়। রাজনৈতিক শক্তির নামে যেন অপশক্তি মাথাচাড়া না দেয়।”

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং জাতীয় নির্বাচন পর্যবেক্ষণ পরিষদের প্রধান অধ্যাপক নাজমুল আহসান কলিমউল্লাহ বলেন, “নির্বাচনে সবার অংশ্রগ্রহণ নিশ্চিত করতে হলে যে সব রাজনৈতিক দল অংশগ্রহণ করবেন তাদের দোয়িত্বশীল হওয়া খুব জরুরি। কোনো অবস্থাতেই কোনো দল যেন সহিংসতায় জড়িয়ে না পড়ে সে বিষয়ে অঙ্গীকার নামায় স্বাক্ষর করা জরুরি এবং এই বিষয়ে নির্বাচন কমিশন যথাযথ পদক্ষেপ গ্রহণ করবে বলে আমরা আশা করি।”

তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের দাবিতে ২০১৪ সালের ৫ জানুয়ারি দশম সংসদ নির্বাচন বর্জন ও তা ঠেকাতে আন্দোলনে নামে বিএনপি নেতৃত্বাধীন জোট। তাদের আন্দোলনে গাড়িতে পেট্রোল বোমাসহ নাশকতার নানা ঘটনায় অনেকের প্রাণহানি হয়।

অধ্যাপক কলিমউল্লাহ বলেন, “দশম জাতীয় সংসদ নির্বাচনের সময়ে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, তার পুনরাবৃত্তি আমরা কেউ চাই না। নৈরাজ্য ও গণতন্ত্র একসাথে চলবে এটা একেবারেই অবাস্তব বিষয়। ধর্মের যে ব্যবহার সেটি সূক্ষ্ম কিংবা স্থূল যেভাবেই হোক না কেন নির্বাচনে ধর্মের ব্যবহারের বিষয়ে জিরো টলারেন্স প্রদর্শন করতে হবে।”

বিএনপির পক্ষ থেকে নির্বাচনে সেনা মোতায়েনের যে দাবি তোলা হয়েছে, সে  বিষয়ে আলোচনা করেন অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মোহাম্মদ আলী শিকদার।

তিনি বলেন, “কোনো কোনো দলের পক্ষ থেকে এখনই দাবি উঠছে যে, সেনাবাহিনীকে আইনশৃঙ্খলা বাহিনীর সমান ‍সুযোগ দিতে হবে। আমি বলব – এটা খুবই ভয়াবহ কথা এবং এটা যদি করা হয় তাহলে খুবই খারাপ দৃষ্টান্ত হবে। কারণ দুই সামরিক শাসক সেনাবাহিনীর সর্বনাশ করেছেন, বাংলাদেশের সর্বনাশ করেছেন, তা আমরা জানি।”

সাবেক এই সামরিক কর্মকর্তা বলেন, “ যদি নির্বাচনের সময় সেনাবাহিনীর প্রয়োজন হয়, সেনাবাহিনী যদি নিয়োগ করতে চান তাহলে যত সংক্ষিপ্ত সময়ের জন্য পারা যায় সেই সময়ের জন্য নিয়োগ করবেন। কোনোভাবেই সেনাবাহিনীকে আইনশৃঙ্খলা বাহিনীর জায়গায় নিয়ে যাওয়া ঠিক হবে না।”

বৈঠকে অন্যদের মধ্যে সাবেক প্রধান তথ্য কমিশনার মো. জমির, মহিলা পরিষদের সভাপতি আয়শা খানম, অধ্যাপক আনোয়ার হোসেন, অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন, ব্যারিস্টার আজমালুল হক কিউসি, শাহরিয়ার কবির, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর তুরীন আফরোজ, দৈনিক ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত ও বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম,  ডা. নুজহাত চৌধুরী, এফবিসিসিআইয়ের সভাপতি শফিকুল ইসলাম মহিউদ্দিন, ব্যবসায়ী নেতা ও অভিনেত্রী শমী কায়সার প্রমুখ উপস্থিত ছিলেন।