২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অবৈধ পথে ইউরোপগামী ২ হাজার বাংলাদেশি তুরস্কে আটকা

মধ্যপ্রাচের বিভিন্ন দেশ থেকে অবৈধভাবে ইউরোপে ঢোকার সময় তুরস্কে প্রায় ২ হাজার বাংলাদেশি আটকা পড়েছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2017, 12:30 AM

Updated : 19 Aug 2022, 05:00 PM

তুরস্কে বাংলাদেশ দূতাবাসকে উদ্ধৃত করে মঙ্গলবার এক তথ্য বিবরণীতে একথা জানানো হয়।

আটকে পড়া এসব বাংলাদেশি নাগরিককে দেশে ফিরিয়ে আনার ধীরগতির কারণে সেখানে ‘মানবিক সংকটের’ আশংকা করছেন দেশটিতে বাংলাদেশের রাষ্ট্রদূত এম আল্লামা সিদ্দিকী।

তথ্য বিবরণীতে বলা হয়- সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ, বিশেষ করে ইরান, লেবানন ও জর্ডানে বৈধভাবে কর্মরত বাংলাদেশিদের অবৈধভাবে ইউরোপে ঢোকার প্রবণতা বেড়েছে। ইউরোপে ঢোকার আশায় তারা তুরস্কে এসে জড়ো হচ্ছেন।

“তুরস্কের বাংলাদেশ দূতাবাস জানিয়েছে- ইউরোপে অবৈধভাবে ঢোকা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। দূতাবাস ও ইস্তাম্বুলে বাংলাদেশ কন্স্যুলেট জেনারেলের হিসেব অনুযায়ী আটকে পড়া বাংলাদেশিদের সংখ্যা প্রায় ২ হাজার।”

Image
তুরস্কের বৃহত্তম শহর ইস্তাম্বুল; এই শহরেও আটকে আছেন অনেক বাংলাদেশি- ছবি: রয়টার্স

তুরস্কের বৃহত্তম শহর ইস্তাম্বুল; এই শহরেও আটকে আছেন অনেক বাংলাদেশি- ছবি: রয়টার্স

আটকে পড়া বাংলাদেশিদের কারণে দেখা দেওয়া বিভিন্ন সমস্যার কথাও জানিয়েছেন রাষ্ট্রদূত।

তিনি জানান, অবৈধভাবে তুরস্কে অবস্থান করা বাংলাদেশিদের মধ্যে ডিটেনশন সেন্টার থেকে ছাড়া পাওয়া অনেকে সমুদ্র পথে ইউরোপে ঢোকার চেষ্টার সময় মারাও যাচ্ছেন। তাদের মধ্যে অনেকে আবার তুরস্কের মানব পাচারকারী দলের প্রলোভনে পড়ে সব হারিয়েছেন। এ ধরনের ঘটনায় সম্প্রতি ইস্তাম্বুলে এক বাংলাদেশি মারা গেছেন।

এছাড়া বাংলাদেশি নাগরিকরা তুরস্কের বিভিন্ন সন্ত্রাসী সংগঠনের প্রলোভনে পড়ে অপরাধমূলক কাজেও জড়িয়ে পড়ছেন বলে রাষ্ট্রদূত জানান।

অবৈধভাবে আসা ব্যক্তিদের তুরস্ক কখনোই বৈধ কর্মসংস্থানের সুযোগ দেয় না বলে বাংলাদেশি অভিবাসনপ্রত্যাশীদের সতর্ক করেছেন রাষ্ট্রদূত।

“ফলে এসব লোকজন দীর্ঘদিন ধরে স্বল্প বেতনে বিপজ্জনক কাজ করে, যা তাদের অর্থনৈতিক উত্তরণে কোনো কাজে লাগে না। তুরস্কের সঙ্গে ইইউ’র অভিবাসন চুক্তির কারণে তুরস্ক হয়ে ইউরোপে পাড়ি জমানো অসম্ভব এবং এ চেষ্টা অর্থহীন।”