২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইয়ুকিয়া আমানোকে ‘ডক্টর অব লজ’ ডিগ্রি দিলো ঢাকা বিশ্ববিদ্যালয়

বিশেষ সমাবর্তনের মাধ্যমে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (আইএইএ) মহাপরিচালক ইয়ুকিয়া আমানোকে সম্মানসূচক ‘ডক্টর অব লজ’ ডিগ্রি দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2017, 11:35 PM

Updated : 11 Oct 2022, 02:14 PM

মঙ্গলবার বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অনুষ্ঠিত এ সমাবর্তনে বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাষ্ট্রপতি আবদুল হামিদ আমানোর হাতে সনদ তুলে দেন।

অনুষ্ঠানে মানপত্র পাঠ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক।

পরে ইউকিয়া আমানোর কাছ থেকে স্বাক্ষর নেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. আখতারুজ্জামান। স্বাক্ষর নেওয়া শেষে আমানোর হাতে ‘ডক্টর অব লজ ডিগ্রির’ সনদ তুলে দেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।

অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক সমাবর্তন ভাষণে পারমাণবিক অস্ত্রের বিস্তার রোধ ও নিরস্ত্রীকরণকে সময়ের দাবি বলে উল্লেখ করেন।

“পারমাণবিক প্রযুক্তির ভালো ও মন্দ উভয় দিক আছে।এই প্রযুক্তির নিরাপদ ও শান্তিপূর্ণ ব্যবহারের মাধ্যমে মানবতার কল্যাণ সাধন করতে হবে।

“হিরোশিমা ও নাগাসাকিতে পারমাণবিক বোমা নিক্ষেপের মাধ্যমে যে ধ্বংসযজ্ঞ চালানো হয়েছিল, এর মধ্য দিয়ে পরমাণু যুগের শুরু হয়। ফলে মানব জাতির অস্তিত্ব এখন হুমকির সম্মুখীন।”

১৯৭৪ সালের ১৭ সেপ্টেম্বর জাতিসংঘে দেওয়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণের কিছু অংশ উদ্ধৃত করে আরেফিন সিদ্দিক বলেন, প্রথম থেকেই বাংলাদেশ শান্তিপূর্ণ সহ-অবস্থানে বিশ্বাসী।

আইএইএ ঘোষিত ‘এ্যাটমস ফর পিস’ শ্লোগানকে অত্যন্ত সময়োপযোগী বলে বর্ণনা করেন তিনি।

অনুষ্ঠানে আইএইএ মহাপরিচালক ‘শান্তি ও উন্নয়নে পারমাণবিক শক্তি’ শীর্ষক  বক্তব্য দেন।

তিনি বলেন, পরমাণু প্রযুক্তির সফল ব্যবহারের মাধ্যমে ক্যান্সারসহ বিভিন্ন জটিল রোগ নির্ণয় ও চিকিৎসা প্রদান, পানি বিশুদ্ধকরণ ও কৃষি খাতের উন্নয়ন, খাদ্য উৎপাদন ও শস্য সংরক্ষণ, পরিবেশ সুরক্ষা ও বায়ু দূষণ রোধ এবং বিদ্যুৎ খাতের ব্যাপক উন্নয়ন সম্ভব।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্প শুরুর জন্য বাংলাদেশ সরকারের প্রশংসা করে আমানো বলেন, এটি অত্যন্ত সময়োপযোগী পদক্ষেপ। এই প্রকল্পের সফল বাস্তবায়নে আইএইএ কারিগরি সহযোগিতা দিয়ে যাবে।

বাংলাদেশ ও আইএইএ’র মধ্যে যৌথ সহযোগিতামূলক কর্মসূচি অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

সমাবর্তন অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ জানান বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক নাসরীন আহমাদ।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রেজিস্ট্রার এনামুজ্জামান।

মন্ত্রী পরিষদের সদস্য, সংসদ সদস্য, কূটনীতিক এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, সিনেট-সিন্ডিকেট সদস্য ও একাডেমিক পরিষদের সদস্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আইএইএ মহাপরিচালক ইয়ুকিয়া আমানো ১৯৪৭ সালে জাপানে জন্মগ্রহণ করেন।

২০০৯ সালে তিনি আন্তর্জাতিক পরমাণু সংস্থার মহাপরিচালক নির্বাচিত হন।

পারমাণবিক অস্ত্রের বিস্তার রোধ এবং নিরাপদ ও শান্তিপূর্ণ পরমাণু প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে ১৯৫৭ সালে আইএইএ প্রতিষ্ঠিত হয়।

২০০৯ সালে আইএইএ মহাপরিচালকের পদে আসার আগে আমানো সংস্থাটির জাপানের আবাসিক প্রতিনিধির দায়িত্ব পালন করেন।এছাড়া ২০০৫ থেকে ২০০৬ সাল পর্যন্ত তিনি সংস্থার ‘বোর্ড অব গভর্নরস’র চেয়ার হিসাবেও দায়িত্ব পালন করেন।

এরও আগে ২০০২ থেকে ২০০৫ সাল পর্যন্ত তিনি জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিরস্ত্রীকরণ, অস্ত্রের বিস্তার রোধ ও বিজ্ঞান বিভাগের মহাপরিচালকের দায়িত্বে ছিলেন।

টোকিও বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদ থেকে স্নাতক আমানো ১৯৭২ সালের এপ্রিলে জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ দেন।