আরব-ইসলামিক সম্মেলনে প্রধানমন্ত্রী
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও মুসলিম প্রধান অর্ধশতাধিক দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানদের সঙ্গে ‘আরব ইসলামিক আমেরিকান সামিটে’ অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে রোববার এই সম্মেলন হয়। প্রধানমন্ত্রী সম্মেলন স্থলে পৌঁছালে তাকে স্বাগত জানান সৌদি বাদশা সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ।
উগ্রবাদ ও সন্ত্রাসবাদ মোকাবিলায় নতুন অংশীদারিত্ব প্রতিষ্ঠা এবং নিরাপত্তা ও স্থিতিশীলতা জোরদারের লক্ষ্যে আয়োজিত এই সম্মেলনে ইসলামি চরমপন্থার বিরুদ্ধে লড়াই জোরদারের আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই লড়াইকে ‘সভ্যতার সংঘাতের’ বদলে ‘শুভ ও অশুভের যুদ্ধ’ বলেছেন তিনি।
সৌদি বাদশার আমন্ত্রণে এই সম্মেলনে যোগ দেন বাংলাদেশের সরকার প্রধান। সৌদি আরবের সাংস্কৃতিক ও তথ্যমন্ত্রী আওয়াদ বিন-সালেহ-আল-আওয়াদ গত ৯ মে ঢাকায় এসে শেখ হাসিনার সঙ্গে দেখা করে এই সম্মেলনে যোগ দেওয়ার আমন্ত্রণ জানিয়ে যান।
প্রধানমন্ত্রী এই সফরে ওমরাহ পালন এবং মদিনায় মহানবী (সা.) এর রওজা জিয়ারত করবেন বলে তার প্রেস সচিব ইহসানুল করিম জানিয়েছেন।
মঙ্গলবার রাতে প্রধানমন্ত্রীর ঢাকায় ফেরার কথা রয়েছে।
