২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিক্ষকদের অবসরভাতা যাবে ব্যাংক হিসাবে

অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে বেসরকারি স্কুলের শিক্ষকদের কল্যাণ ও অবসর ভাতা দেওয়ার কার্যক্রম চালু করেছে সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 May 2017, 06:35 PM

Updated : 19 Aug 2022, 04:40 PM

রোববার রাজধানীর পলাশীর বাংলাদেশ শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরো (ব্যানবেইস) মিলনায়তনে এ কার্যক্রমের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

অনুষ্ঠানে তিনি বলেন, “চেকের পেছন পেছন ঘুরতে ঘুরতে জীবন শেষ হয়ে যেত শিক্ষকদের। এখন থেকে তাদের চেকের পেছনে ঘুরতে হবে না। আপনাদের পেছনে চেক ঘুরবে। আগে ঘুষ দিতে হতো টেবিলে টেবিলে, এ হয়রানিতে আর পড়তে হবে না।

“অনলাইনে সকলের কাছে সুবিধা পৌঁছে দেয়া হবে। স্ব স্ব ব্যাংক অ্যাকাউন্টে তাদের টাকা পৌঁছে যাবে। এতে হয়রানি কমবে।”

এ কাজে ‘বেসরকারি শিক্ষক কর্মচারীদের মধ্যে কল্যাণ ও অবসর ভাতার চেক অনলাইনে বিতরণ কার্যক্রম’ নামে প্রকল্প চালু করেছে সরকার।

প্রধানমন্ত্রী কার্যালয়ের একস্সে টু ইনফরমেশন (এটুআই) প্রকল্পের সহযোগিতায় এই প্রকল্প বাস্তবায়ন করছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী কল্যাণ ট্রাস্ট ও অবসর সুবিধা বোর্ড।

রোববারের অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী গোপালগঞ্জের টুঙ্গিপাড়া, সিলেটের কোম্পানীগঞ্জ এবং ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার শিক্ষক-কর্মচারীদের সঙ্গে ভিডিও কন্ফারেন্সের মাধ্যমে কথা বলেন। শিক্ষকরা এসময় তাদের অনুভূতি ব্যক্ত করেন।

প্রকল্প সম্পর্কে শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মোহাম্মদ আফরাজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রাথমিকভাবে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে অ্যাকাউন্টে টাকা পাবেন অবসরপ্রাপ্ত শিক্ষকরা। অ্যাকাউন্টে টাকা যাওয়ার পর সেটা এসএমএসের মাধ্যমে শিক্ষকদেরকে জানিয়ে দেওয়া হবে।”

বেসরকারি শিক্ষক-কর্মচারীরা ধারাবাহিকভাবে এই সুবিধা পাবেন বলে উল্লেখ করে অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী নাহিদ বলেন, “এবার হজ গমনেচ্ছু এক হাজার ৮৫১ জন অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীকে মোট ৬৩ কোটি ৮৭ লাখ টাকার কল্যাণ ও অবসর সুবিধা দেওয়া হচ্ছে। বেসরকারি শিক্ষক-কর্মচারীদের জন্য অবসর সুবিধা ও কল্যাণ ভাতা বাবদ ৬৫০ কোটি টাকা অনুদান দেয়া হয়েছে।”

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব এবং কল্যাণ ট্রাস্ট ও অবসর সুবিধা বোর্ডের চেয়ারম্যান মো. সোহরাব হোসাইনের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক এস এম ওয়াহিদুজ্জামান, ব্যানবেইসের পরিচালক মো. ফসিউল্লাহ, শিক্ষক-কর্মচারী কল্যাণ ট্রাস্টের সদস্য সচিব মো. শাহজাহান আলম সাজু এবং অবসর সুবিধা বোর্ডের সদস্য সচিব শরীফ আহমদ সাদী।