২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নরসিংদী অভিযান: পাঁচ তরুণের আত্মসমর্পণ, মেলেনি কিছুই

নরসিংদী সদরে জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রাখা বাড়িতে অবস্থানরত পাঁচ তরুণের আত্মসমর্পণের পর সেখানে কোনো অস্ত্র বা বিস্ফোরক পায়নি র‌্যাব।  

ওবায়দুর মাসুম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 May 2017, 10:31 AM

Updated : 11 Oct 2022, 02:02 PM

পুরনো খবর:

নরসিংদীর আস্তানায় ‘আতিয়া মহলের জঙ্গিরা’

তাদের মধ্যে সিলেটের আতিয়া মহল থেকে পালিয়ে আসা কয়েকজন ‘জঙ্গি’ রয়েছে বলে র‌্যাব দাবি করলেও স্বজনরা বলছেন, জঙ্গিবাদের সঙ্গে তারা জড়িত নয়।

নরসিংদীর গাবতলীর চিনিসপুর ইউনিয়নের উত্তর গাবতলী গোরস্থানের উত্তর পাশে এক প্রবাসীর মালিকানাধীন একতলা ওই বাড়ি শনিবার সন্ধ্যা থেকে ঘেরাও করে রাখার পর রোববার সকালে আত্মসমর্পণের আলোচনার জন্য স্বজনদের নিয়ে ভেতরে যায় র‌্যাব। 

এরপর সকাল সোয়া ১০টা থেকে পৌনে ১১টার মধ্যে একে একে পাঁচজনকে ওই বাড়ি থেকে বের করে আনতে দেখা যায় র‌্যাব সদস্যদের। পরে তাদের গাড়িতে তুলে নিয়ে যাওয়া হয় র‌্যাব-১১ কার্যালয়ে।

এই পাঁচ তরুণ হলেন- নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার আগুয়ানদী গ্রামের আবদুর রাজ্জাকের ছেলে আবু জাফর, নরসিংদী সদর উপজেলার চরদিঘলদী গ্রামের আবদুর রহমানের ছেলে সালাহউদ্দিন, নরসিংদী সদরের চরভাসানিয়া পাঁচ আনি পাড়ার নুরুল ইসলামের ছেলে বাসিকুল ইসলাম, গাজীপুরের বোর্ড বাজার এলাকার আব্দুল মজিদের ছেলে মাসুদুর রহমান ও কিশোরগঞ্জের ভৈরব এলাকার মশিউর।

অভিযান শেষে র‌্যাবের গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান ঘটনাস্থলে সাংবাদিকদের বলেন, “আতিয়া মহলে যে জঙ্গিরা ছিল তাদের সঙ্গে এখানে যারা ছিল তাদের কিছু সম্পৃক্ততার প্রমাণ আমরা পেয়েছি। আমরা মোটামুটি নিশ্চিত এই পাঁচ জনের মধ্যে কয়েকজন সেই জঙ্গিদের সঙ্গে সম্পৃক্ত। বাকিটা তাদের জিজ্ঞাসাবাদ করে বলা সম্ভব হবে।”

ওই বাড়ি তল্লাশি শেষে বেলা ১টার পর র‌্যাব সদস্যদের তালা দিয়ে সেখান থেকে চলে যেতে দেখা যায়। 

এ বিষয়ে জানতে চাইলে মুফতি মাহমুদ খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ওই বাড়ির তিনটি কক্ষ তল্লাশি করে বাহ্যিকভাবে কোনো অস্ত্র বা বিস্ফোরক পায়নি আমাদের বোমা নিষ্ক্রিয়করী দল। আমরা আটকদের জিজ্ঞাসাবাদ করে তথ্য পাওয়ার চেষ্টা করব।”

পরিবারের দাবি ‘জঙ্গি নয়’

নরসিংদী শহর থেকে কিছু দূরে জামেয়া কাসেমিয়া মাদ্রাসার কাছে ওই বাড়ির মালিক মাইনুদ্দিন কুয়েতে থাকেন। বাসাটি দেখাশোনা করেন জাকারিয়া নামে তার এক প্রতিবেশী।

জাকারিয়া জানান, গত ৩ মে তিন অবিবাহিত পুরুষ ওই বাসা ভাড়া নেন। আর স্থানীয় কয়েকজন বলেছেন, ওই বাসার তরুণ বাসিন্দারা মূলত টিউশনি করতেন। তাদের আচরণে সন্দেহজনক কিছু আছে বলে তাদের মনে হয়নি। 

শনিবার সন্ধ্যায় র‌্যাব ওই বাড়ি ঘেরাও করার পর খবর পেয়ে রাতেই স্বজনরা সেখানে উপস্থিত হতে শুরু করেন। নরসিংদীর গাবতলী জমিয়া কাসেমিয়া কামিল মাদ্রাসার দশম শ্রেণির ছাত্র মাসুদুর রহমানের বাবা আব্দুল মজিদ ও বড় ভাই ব্যাংক কর্মকর্তা আব্দুর রহমান মাসুম ঘটনাস্থলে পৌঁছান রাত ১১টার দিকে।

মজিদ রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মাসুদ আগে গাজীপুরের পোড়াবাড়ির একটি মাদ্রাসায় পড়ত। বছর দুই আগে সে গাবতলীর এই মাদ্রাসায় আসে।

“মাসুদ দাখিল পরীক্ষার্থী। সে সালাহউদ্দিনের কাছে প্রাইভেট পড়তে ওই বাড়িতে গিয়েছিল। সে জঙ্গিবাদের সঙ্গে যুক্ত নয়। তাকে জীবিত অবস্থায় বের করে আনেন। অপরাধী হলে প্রচলিত আইনে তার বিচার করেন।”

মজিদের কাছ থেকে ফোন নম্বর পাওয়ার পর তার ছেলে মাসুদের সঙ্গেও শনিবার রাত ১টার দিকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদকের কথা হয়।

মাসুদ বলেন, “বিকাল ৪টায় এইখানে প্রাইভেট পড়তে আসছিলাম। সাড়ে ৪টার দিকে দরজায় আওয়াজ শুনি। গিয়া দেখি বাইরে দিয়া লাগানো। জানালা দিয়া বাইরে তাকাইয়া দেখি চারদিকে পুলিশ ঘেরাও কইরা রাখছে। আমি মনে করছি হয়তো বাইরে কোনো ঘটনা ঘটছে এই জন্য পুলিশ দরজা লাগাইছে।

“আমি এরপরও দেড়ঘণ্টার মতো পড়ছি। কিন্তু মাগরিব পার হইয়া গেলে দেখি আস্তে আস্তে বাড়ির সামনে আরও পুলিশ জড়ো হচ্ছে। বাইরে থেকে ফোন দিতেছে এইখানে নাকি জঙ্গি পাওয়া গেছে। আমরা জানিও না। ফোন দেওয়ার পর জানতে পারলাম। পরে সবাইকে ফোন দিলাম।”

মাসুদ সে সময় দাবি করেন, জঙ্গিবাদের সঙ্গে তার কোনো ধরনের সম্পৃক্ততা নেই এবং আত্মসমর্পণ করতেও তার কোনো আপত্তি নেই।

মাসুদ জানান, সালাহউদ্দিন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞানে মাস্টার্স করেছেন এর আবু জাফর এবার মাস্টার্স পরীক্ষার্থী।

মাসুদের সঙ্গে কথা বলার ৫ মিনিট পর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদককে ফোন করেন আবু জাফর।

নিজেদের নিরপরাধ দাবি করে তিনি বলেন, “আমাদের বের হতে দেন। আমাদের বের করেন। আমরা যদি চুল পরিমাণও অপরাধী হই যে কোনো শাস্তি আমরা মেনে নেব। আমাদের যদি সন্দেহ হয় তাহলে উনারা সেভাবেই প্রস্তুতি নিয়ে আসুক।”

নিজেকে নরসিংদীর আওয়ামী মুক্তিযোদ্ধা লীগের এক নেতার ভাগ্নে পরিচয় দেন আবু জাফর। আড়াইহাজারের সরকারদলীয় সাংসদ নজরুল ইসলাম বাবুকে নিজের আত্মীয় বলেও দাবি করেন তিনি।

ওই বাড়িতে কী করছিলেন জানতে চাইলে আবু জাফর বলেন, তিনি নরসিংদী সরকারি কলেজ থেকে গণিতে মাস্টার্স করছেন। রোববার পরীক্ষা থাকায় ওই বাড়িতে গেছেন ‘পড়াশোনার’ জন্য।

সকালে ওই বোড়ির সামনে কথা হয় বাসিকুল ইসলামের বাবা নুরুল ইসলাম, আবু জাফরের ছোট ভাই আবদুল্লাহ ও সালাউদ্দিনের বাবা আবদুর রহমানের সঙ্গে। তারা একই রকম কথা বলেন।  

নুরুল ইসলাম জানান, তার তিন ছেলের মধ্যে বাসিকুল সবার ছোট। নরসিংদী সরকারি কলেজ থেকে হিসাব বিজ্ঞানে মাস্টার্স পাস করার পর জাফরের সঙ্গে ওই বাসায় থেকে চাকরির চেষ্টার পাশাপাশি টিউশনি করিয়ে আসছিল সে।

আবদুল্লাহ বলেন, তাদের পাঁচ ভাইয়ের মধ্যে জাফর দ্বিতীয়। রাতে ফোনে তিনি ওই বাসায় আটকা পড়ার কথা জানান।

“ফোন পেয়ে আমরা এইখানে আসছি। আমার ভাই জঙ্গি না। র‌্যাব পুলিশ চাইলে আমরা ভেতরে গিয়ে তাদের নিয়ে আসতে পারি।”

নরসিংদীর শেখেরচর পৌলানপুর জামিয়া ইসলামিয়া মাদ্রাসার শিক্ষক আবদুর রহমান বলেন, তার ছেলে সালাউদ্দিন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞানে মার্স্টার্স শেষ করার পর এলাকায় ফিরে ওই বাসায় থেকে টিউশনি করার পাশাপাশি বিসিএস এর প্রস্তুতি নিচ্ছিলো।

“ও প্রতি সপ্তাহেই বাড়িতে যায়। ও জঙ্গি না। আমার ভাতিজার কাছ থেকে খবর পেয়ে আমি সকালে এইখানে আসছি।”

মনিরা বেগম নামে স্থানীয় এক বাসিন্দা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,ওই বাসায় মেস করে থেকে কয়েকজন তরুণ টিউশনি করত বলে তারা জানেন। তারা জঙ্গিবাদে সম্পৃক্ত বলে তার কখনও মনে হয়নি।

যেভাবে আত্মসমর্পণ

রোববার সকাল সোয়া ৯টার দিকে র‌্যাবের মুফতি মাহমুদ খান ঘটনাস্থলে সাংবাদিকদের বলেন, ভেতরে অবস্থানকারীদের সঙ্গে তাদের কথা হয়েছে এবং তারা আত্মসমর্পণে প্রস্তুত বলে জানিয়েছে।

“আমরা সব দিক দিয়েই চেষ্টা করছি, যাতে এখানে সর্বোচ্চ নিরাপত্তাটা থাকে। সবদিক থেকেই চেষ্টা করছি তাদেরকে আত্মসমর্পণ করানোর জন্য। তাদের স্বজনদের সঙ্গে কথাবার্তা বলে আমরা এটা চেষ্টা করছি।”

আর অভিযান শেষে তিনি সাংবাদিকদের বলেন, ওই এলাকা ঘনবসতিপূর্ণ হওয়ায় সার্বিক নিরাপত্তার বিবেচনায় তারা রাতে অভিযান বন্ধ রাখেন। ওই সময়ে তারা ভেতরে অবস্থানরতদের সঙ্গে যোগাযোগ রেখে আত্মসমর্পণের বিষয়ে আলোচনা চালিয়ে যান। 

“আমরা তাদের আত্মীয়স্বজনকে ভেতরে নিয়ে গিয়েছি। তাদের সঙ্গে কথা বলার পর তারা আত্মসমর্পণ করতে রাজি হয়। আটক ৫ জনকে র‌্যাব হেফাজতে নেওয়া হয়েছে।”

ওই পাঁচ তরুণের বিষয়ে জানতে চাইলে মুফতি মাহমুদ খান বলেন, “এই মুহূর্তে তাদের সঠিক পরিচয় বলা সম্ভব নয়। পাঁচ জনের নাম পেয়েছি, আনুষঙ্গিক বিষয়গুলো খতিয়ে দেখে তাদের পরিচয় নিশ্চিত করা সম্ভব হবে।”

‘পরিবারও অনেক সময় জানে না’

ওই তরুণরা জঙ্গি নয়- পরিবারের এমন দাবির বিষয়ে জানতে চাইলে র‌্যাবের গণমাধ্যম শাখার পরিচালক বলেন,

“অনেক সময় পরিবারও জানতে পারে না যে তারা জঙ্গিবাদে জড়িত। এ রকম ঘটনা আরও ঘটেছে। হলি আর্টিজানসহ বিভিন্ন অভিযানে যারা নিহত হয়েছে, তাদের পরিবারও কিন্তু বিশ্বাস করতে পারে নাই। পরিবারের চিন্তার বাইরেই ছিল তার সন্তান জঙ্গিবাদে জড়িয়ে গেছে।”

এই র‌্যাব কর্মকর্তার দাবি, সুনির্দিষ্ট তথ্যের ওপর ভিত্তি করেই তারা এই অভিযান  চালিয়েছেন। তাদের জিজ্ঞাসাবাদ করলে বাকিটা জানা যাবে।

বাড়ির মালিকের বরাত দিয়ে মুফতি মাহমুদ খান জানান, চলতি মাসের ৩ তারিখ ওই বাসা ভাড়া নেওয়া হয়েছিল। তবে যারা ভাড়া নিয়েছিল তারা ছাড়াও আরও কয়েকজনের যাতায়াত ছিল সেখানে।

“তারা ভাড়া নেওয়ার সময় কিছু কাগজপত্র দিয়েছিল। বলেছিল ৪-৫ জন থাকবে। কারা কারা থাকবে তাও সুনির্দিষ্ট করে বলেছিল। কিন্তু তারা যখন আত্মসমর্পণ করেছে তখন দেখলাম আরও কিছু নতুন ফেইস এখানে যুক্ত হয়েছে।”

তাদের জিজ্ঞাসাবাদ করে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।”

বাসা ভাড়ার ক্ষেত্রে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করা হয়েছে কি না- এমন প্রশ্নে মুফতি মাহমুদ খান বলেন, সেগুলো তারা পরীক্ষা করে দেখছেন।

“যে ডকুমেন্টগুলি দিয়েছে সেগুলো সবাই দেয়। কিন্তু দেখা গেছে পরবর্তীতে সেগুলো মেলে না। এখানেও আমরা দেখেছি, যাদের আসার কথা ছিল তারা নাই। আমরা নতুন মুখ দেখেছি।”