২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘পেশাগত আচরণ’ দেখাতে নার্সদের প্রতি পরামর্শ

রোগীদের প্রতি আরও যত্নশীল হতে নার্সদের প্রতি আহ্বান জানিয়েছেন শিক্ষকতায় যুক্ত দেশের জ্যেষ্ঠ চিকিৎসকরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2017, 01:28 AM

Updated : 19 Aug 2022, 04:37 PM

চিকিৎসাকে চাকরি হিসেবে না নিয়ে রোগীদের প্রতি ‘পেশাগত আচরণ’ দেখাতেও পরামর্শ দেন তারা।

রোববার রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ‘আন্তর্জাতিক নার্সেস দিবসের’ আলোচনায় জ্যেষ্ঠ চিকিৎসকরা এসব কথা বলেন। 

বিএসএমএমইউ উপাচার্য কামরুল হাসান খান বলেন, “সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার পাশাপাশি এই বিশ্ববিদ্যালয় কিছুদিন আগে ‘বিশ্বের সেরাদের’ তালিকায় যুক্ত হয়েছে।যার মূল কারিগর আমাদের নার্সরা।”

প্রতিষ্ঠানটিতে রোগীদের উন্নত সেবা দিতে একটি ‘মডেল ওয়ার্ড’ চালুর কথা জানান তিনি।

“নানা সীমাবদ্ধতা ও অপ্রতুলতার মধ্যেও আমাদের সর্বোচ্চ দিতে হবে।এরই মধ্যে আমরা একটি মডেল ওয়ার্ড চালু করেছি।

“আশা করি তিন মাসের মধ্যে বাকি ৬৮ টি ওয়ার্ডও মডেল ওয়ার্ডে পরিণত হবে।”

বিশ্ববিদ্যালয়টির উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) শহীদুল্লাহ সিকদার বলেন, চিকিৎসা সেবার ৬০ শতাংশ নার্সরা দিয়ে থাকেন।

“তাই এই পেশার গুরুত্ব অনুধাবন করতে হবে।বাড়াতে হবে জ্ঞান ও দায়িত্ববোধ, জাগ্রত করতে হবে মানবিক মূল্যবোধ।”

নার্সিংকে চাকরি নয়, পেশা হিসেবে গ্রহণ করার পরামর্শ দেন প্রতিষ্ঠানটির পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহ-আল-হারুন।

“আমাদের এই সেবাকে ব্রত হিসেবে গ্রহণ করে রোগীর প্রতি আরও যত্নশীল হতে হবে।মানুষের সেবায় হতে হবে নিষ্ঠাবান।”

অন্যদের মধ্যে বিএসএমএমইউ’র কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী আসগর, নার্সিং ফ্যাকাল্টির ডিন ও প্যাথলজি বিভাগের চেয়ারম্যান অসীম রঞ্জন বড়ুয়া এবং সেবা তত্ত্বাবধায়ক সান্ত্বনা রাণী দাস অনুষ্ঠানে বক্তব্য দেন।

আধুনিক নার্সিং সেবার অগ্রদূত ‘দ্যা লেডি উইথ দ্যা ল্যাম্প’ ফ্লোরেন্স নাইটিঙ্গেলের জন্মতারিখকে স্মরণীয় করে রাখতে ১৯৬৫ সাল থেকে ১২ মে ‘নার্সিং ডে’ হিসেবে পালিত হচ্ছে।

১৯৭৪ সালে এই দিনটি ‘আন্তর্জাতিক নার্সেস দিবস’ হিসেবে স্বীকৃতি পায়।