জলবায়ু পরিবর্তন: ঢাকায় গণমাধ্যম সম্মেলন শুরু বুধবার
জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ ঝুঁকি কমানো নিয়ে এশিয়া ও প্রশান্ত অঞ্চলের সম্প্রচার মাধ্যমের সম্মেলন বুধবার ঢাকায় শুরু হচ্ছে।
রাজধানীর সোনারগাঁও হোটেলে এশিয়া-প্যাসিফিক ব্রডকাস্টিং ইউনিয়নের (এবিইউ) তৃতীয় গণমাধ্যম সম্মেলনে ১৭টি দেশের প্রতিনিধিরা অংশ নেবে।
তিন দিনের এই সম্মেলন বুধবার সকাল ১০টায় এই সম্মেলন উদ্বোধন করবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত; এবিইউর মহাসচিব জাভেদ মোত্তঘী উপস্থিত থাকবেন। এবারের সম্মেলনের প্রতিপাদ্য ধরা হয়েছে-‘সবার জন্য তথ্য: জীবন বাঁচাতে গণমাধ্যম।’
এবিইউ, বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতার যৌথভাবে এই সম্মেলনের আয়োজন করছে।
তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এসব তথ্য জানান।
ইনু বলেন, বর্তমান প্রেক্ষাপটের আলোকে গণমাধ্যম সম্মেলনের আটটি অধিবেশনে সাজানো হয়েছে। প্রথম ও দ্বিতীয় দিনের অধিবেশনে জলবায়ু পরিবর্তন এবং দুর্যোগ ঝুঁকিহ্রাস ও প্রস্তুতি নিয়ে আলোচনা হবে।
বাংলাদেশ এ মুহূর্তে তিনটি বড় যুদ্ধের ভেতরে রয়েছে মন্তব্য করে তথ্যমন্ত্রী বলেন, টেকসই উন্নয়ন অর্জন, জঙ্গিবাদ নির্মূল ও জলবায়ু পরিবর্তন মোকাবিলার যুদ্ধ। প্রতিটি ক্ষেত্রেই সরকারের আন্তরিকতার পাশাপাশি গণমাধ্যম আমাদের সাথে রয়েছে বলে আমরা বিশ্বাস করি।
জলবায়ু পরিবর্তনকে বৈশ্বিক সমস্যা উল্লেখ করে ইনু বলেন, কোনো একটি দেশের পক্ষে একা এর সমাধান করা সম্ভব নয়, এজন্য স্থানীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক কার্যক্রম প্রয়োজন।
বিভিন্ন দেশের অর্ধশতাধিক পরিবেশবিদ, গণমাধ্যম বিশেষজ্ঞ ও সরকারি-বেসরকারি প্রতিনিধির সঙ্গে বাংলাদেশের দুই শতাধিক ব্যক্তি বিভিন্ন অধিবেশনে অংশ নেবেন বলে জানান তথ্যমন্ত্রী।
অধিবেশন শেষে ঢাকা ঘোষণা প্রণয়ন করে তা মেক্সিকোর কানকুনে আসন্ন জাতিসংঘের দুর্যোগ ঝুঁকিহ্রাস বিষয়ক বিশ্ব সম্মেলনে এজেন্ডাভূক্তির জন্য পাঠানো হবে বলেও জানান মন্ত্রী।
তথ্য সচিব মরতুজা আহমদ, প্রধান তথ্য কর্মকর্তা কামরুন নাহার, বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক এস এম হারুন-অর-রশিদ, বাংলাদেশ বেতারের মহাপরিচালক নাসির উদ্দিন আহমেদ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
