২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফাঁসি কার্যকরে প্রস্তুত কাশিমপুর, বেড়েছে নিরাপত্তা

মুফতি আবদুল হান্নানসহ হরকাতুল জিহাদের দুই নেতার মৃত্যুদণ্ড কার্যকরে সব ধরনের প্রস্তুতি নেওয়ার কথা জানিয়েছে কাশিমপুর কারাগার কর্তৃপক্ষ।

কামাল তালুকদার

গাজীপুরের কাশিমপুর থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2017, 08:47 PM

Updated : 11 Oct 2022, 01:46 PM

পুরনো খবর:

জঙ্গি রিপনের সঙ্গে দেখা করেছেন মা-বাবা

এদিকে এই দণ্ড কার্যকর ঘিরে কারাগারের আশপাশে নিরাপত্তা জোরদারের পাশাপাশি গাজীপুর জেলার বিভিন্ন জায়গায় অভিযান চালানোর কথা জানিয়েছেন জেলার পুলিশ সুপার মো. হারুন উর রশিদ।

এক যুগেরও বেশি সময় আগে সিলেটে ব্রিটিশ হাই কমিশনার আনোয়ার চৌধুরীর ওপর গ্রেনেড হামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত তিনজনের মধ্যে হুজির শীর্ষ নেতা হান্নান ও তার সহযোগী শরীফ শাহেদুল বিপুল রয়েছেন কাশিমপুরে। অপরজন দেলোয়ার হোসেন রিপন আছেন সিলেট কেন্দ্রীয় কারাগারে।

সব আইনি প্রক্রিয়া শেষে রাষ্ট্রপতি আবদুল হামিদ সোমবার হান্নান ও বিপুলের প্রাণভিক্ষার আবেদন নাকচ করার পরই ফাঁসি কার্যকরের প্রস্তুতি নেওয়া হয় বলে কাশিমপুর হাইসিকিউরিটি কারাগারের সিনিয়র সুপার মো. মিজানুর রহমান জানান।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কারাগারে জল্লাদ ও ফাঁসির মঞ্চসহ সব কিছু প্রস্তুত আছে।

মঙ্গলবার দুইজনের পরিবারকে সাক্ষাতের জন্য ডাকা হলেও বিকাল পর্যন্ত তারা কেউ আসেনি বলে জানিয়েছেন কারাগারের এক কর্মকর্তা।

কবে কখন এই দুজনের ফাঁসি কার্যকর হচ্ছে সে বিষয়েও নিশ্চিত করে কেউ কিছু বলতে পারেননি।

বিকালে সরেজমিন গিয়ে কারা ফটকের সামনে পুলিশের সতর্ক অবস্থান দেখা গেছে। তবে রাস্তার দুই পাশের দোকানগুলো খোলা ছিল এ সময়। গণমাধ্যকর্মীরাও মূল ফটকের সামনে আসতে পারছিলেন এ সময়।

এর আগে কাশিমপুরে যুদ্ধাপরাধী মীর কাসেম আলীসহ কয়েকজনের ফাঁসি কার্যকর হওয়ার পূর্ব প্রস্তুতি দেখার অভিজ্ঞতা থেকে সবুজ নামের একজন দোকানদার বলেন, মঙ্গলবার ফাঁসি দেওয়া হবে বলে তিনি মনে করছেন না।

“রায় বাস্তবায়নের মতো পরিস্থিতি হলে রাস্তার দুই পাশের দোকানগুলো বন্ধ করা হয় এবং ফটকের একশ গজের ভেতরে কোনো মিডিয়াকর্মীও ঢুকতে পারত না।”

বিকাল ৫টার দিকে কারাগারের সামনে ছিলেন গাজীপুরের পুলিশ সুপার হারুন উর রশিদ।

তিনি সাংবাদিকদের বলেন, “রায় যেহেতু হয়েছে। কার্যকর এক সময় না এক সময় হবেই। সেটাকে (রায়) কেন্দ্র করে আমাদের একটু বাড়তি নিরাপত্তা ব্যবস্থা, যার কারণে গাজীপুরের প্রতিটি জায়গায় অভিযান পরিচালনা করছি।”

কারাগারের আশপাশে পোশাকধারী পুলিশের পাশাপাশি বহু সংখ্যক সাদা পোশাকের পুলিশ ও গোয়েন্দা পুলিশ রয়েছে বলে জানান।

জঙ্গি হামলার আশঙ্কা আছে কি না জানতে চাইলে পুলিশ সুপার বলেন, “আমাদের কাছে এ ধরনের আশঙ্কা নেই। তবে যেহেতু টঙ্গী এলাকায় মুফতি হান্নানসহ জঙ্গিদের ছিনিয়ে নেওয়ার অপতৎপরতা হয়েছিল, এই কারণে আমাদের একটু বাড়তি নিরাপত্তা আছে।”

ওই ঘটনায় জড়িত সবাইকে গ্রেপ্তার করা হয়েছে এবং তারা সবাই ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে বলে জানান তিনি।

এসপি হারুন বলন, “প্রচুর পরিমাণে পুলিশ প্রত্যেক জায়গায় রয়েছে। রায় কার্যকরে আমরা সার্বিকভাবে প্রস্তুত রয়েছি।”

২০০৪ সালের ২১ মে সিলেটে হযরত শাহজালাল (র.)-এর মাজারে তৎকালীন ব্রিটিশ হাই কমিশনার আনোয়ার চৌধুরীর ওপর গ্রেনেড হামলা চালিয়ে তিনজনকে হত্যা করা হয়। আনোয়ার চৌধুরী বেঁচে গেলেও আহত হন। জখম হয়েছিলেন অন্য অর্ধশতাধিক মানুষও।

মামলার বিচার শেষে ২০০৮ সালের ২৩ ডিসেম্বর বিচারিক আদালত তিনজনকে মৃত্যুদণ্ড ও দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়। উচ্চ আদালত ও আপিল বিভাগেও এই রায় বহাল থাকে।

অবশেষে অপরাধ স্বীকার করে গত ২৭ মার্চ রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন করেন তারা।

সোমবার বেলা ১টার দিকে হান্নান ও বিপুলের প্রাণভিক্ষার আবেদন রাষ্ট্রপতি নাকচ করার চিঠি কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে পৌঁছায়।

অপর আসামি রিপনের প্রাণভিক্ষার আবেদন নাকচ হওয়ার চিঠি সিলেট কারাগারে পৌঁছেছে মঙ্গলবার সকালে। এদিনই কারাগারে গিয়ে তার সঙ্গে দেখা করে এসেছেন স্বজনরা।