রোগীর মৃত্যুর পর ঢাকার বক্ষব্যাধি হাসপাতালে ভাংচুর
এক রোগীর মৃত্যুর পর তার স্বজনরা ভাংচুর চালিয়েছে রাজধানীর মহাখালীতে জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালে।
কর্তব্যরত নার্সদের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলে মৃত রোগীর স্বজনরা মঙ্গলবার বিকালে এই ভাংচুর চালায় বলে পুলিশ জানিয়েছে।
পরে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার পর গাফিলতির অভিযোগটি ‘সত্য নয় বুঝতে পেরে’ মৃত রোগীর স্বজনরা লাশ নিয়ে যায় বলে বনানী থানার এসআই সোহরাব হোসেন জানিয়েছেন।
মারা যাওয়া ওই রোগীর নাম আবুল হাসেম (৭৫)। তার বাড়ি কুমিল্লায়।
বনানী থানার পরিদর্শক (অপারেশন) বোরহান উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সকাল ১০টার দিকে আবুল হাসেমের স্ত্রী তার সন্তানদের মোবাইলে ফোন করে জানান যে তার স্বামীর অবস্থার অবনতি ঘটলেও নার্সদের ডাকা হলে তারা সাড়া দেয়নি।”
এরপর হাসেম মারা যান। তখন তার তিন ছেলে এসে নার্সদের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়েন। তারা উত্তেজিত হয়ে হাসপাতালের কয়েকটি চেয়ার ভাংচুর করেন বলে প্রত্যক্ষদর্শীরা জানায়।
বক্ষব্যাধি হাসপাতালের পরিচালক শাহেদুর রহমান খান বিডিনিউজ টোয়েন্টিটফোর ডটকমকে জানান, যক্ষ্মারোগী হাসেমের মঙ্গলবার হাসপাতাল ছাড়ার কথা ছিল। কিন্তু সকালে তার হার্ট অ্যাটাক হয়।
“সাথে সাথে তাকে অক্সিজেন, ইনজেকশনসহ প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়। এর মধ্যেই রোগীর স্ত্রী ফোন করে ছেলেসহ অন্যদের আসতে বলেন। তারা এসে না বুঝে ইনজেকশন দেওয়ার কারণে মৃত্যু হয়েছে- অভিযোগ তুলে কিছু আসবাবপত্র ভাংচুর করে।”
এসআই সোহরাব বলেন, “পরবর্তীতে হাসপাতাল কর্তৃপক্ষ তাদের সঙ্গে আলোচনায় বসলে তারা বুঝতে পারেন তাদের বাবার চিকিৎসায় কোনো গাফিলতি হয়নি। তাই তারা হাসপাতাল কর্তৃপক্ষের কাছে মুচলেকা দিয়ে হাসপাতাল ছাড়েন।”
বিষয়টি মানবিক দৃষ্টিকোন থেকে দেখে হাসপাতাল কর্তৃপক্ষ ভাংচুরের বিষয়ে কোনো ব্যবস্থা নিতে চায়নি বলে এই পুলিশ কর্মকর্তা জানান।
তিনি বলেন, হাসেমের লাশ নিয়ে তার তিন ছেলে কুমিল্লায় রওনা হয়ে গেছে।
