২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতার শুভেচ্ছা

ইংরেজি নববর্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতা শুভেচ্ছা জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Dec 2010, 06:01 PM

Updated : 25 Aug 2022, 07:54 PM

ঢাকা, ডিসেম্বর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-ইংরেজি নববর্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতা শুভেচ্ছা জানিয়েছেন। শনিবার ২০১১ সালের প্রথমদিন। শুক্রবার এ উপলক্ষে এ তিন নেতা দেশবাসী ও বিশ্ববাসীকে শুভেচ্ছা জানান। রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান শুভেচ্ছায় বলেন, "ইংরেজি নববর্ষ উদযাপন আমাদের জাতীয় সংস্কৃতির সঙ্গে মিশে গেছে, ছুঁয়ে গেছে বাঙালির হৃদয়। "আমাদের দৈনন্দিন ও জাতীয় জীবনে ইংরেজি বর্ষপঞ্জির ব্যবহার ওতপ্রোতভাবে মিশে আছে বিধায় ইংরেজি নববর্ষের গুরুত্ব অপরিসীম।" নতুন বছর সবার জন্য মঙ্গল, শান্তি, অগ্রগতি ও খুশির বারতা নিয়ে আনবে- এ প্রত্যাশা করেন জিল্লুর রহমান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুভেচ্ছাবাণীতে বলেন, "ইংরেজি নববর্ষের শুভ সূচনালগ্নে দেশবাসী, প্রবাসী বাঙালি এবং বিশ্বের সকল নাগরিককে আন্তরিক শুভেচ্ছা জানাই। "আর্থ-সামাজিক উন্নয়ন, আইনের শাসন প্রতিষ্ঠা, তথ্য-প্রযুক্তি খাতে উৎকর্ষ অর্জন এবং মহান মুক্তিযুদ্ধের চেতনায় জাতিকে নতুনভাবে উজ্জীবিত করার ক্ষেত্রে বিদায়ী বছর আমাদের জাতীয় জীবনে চিরভাস্বর হয়ে থাকবে।" হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের বিচারের রায় হয়েছে। নতুন বছরে তিনি যুদ্ধাপরাধীদের বিচার জনগণের প্রত্যাশিত পর্যায়ে নিয়ে যাওয়ার প্রত্যাশা রাখেন। পাশাপাশি জাতীয় চার নেতা হত্যাসহ অন্যান্য মানবতাবিরোধী অপরাধের বিচার কাজ শুরুরও প্রতিশ্রুতি দেন প্রধানমন্ত্রী। নতুন কর্মসংস্থান সৃষ্টি, বিনিয়োগ ও আমদানি-রপ্তানি বৃদ্ধি, অবকাঠামো ও মানবসম্পদ উন্নয়নের মাধ্যমে সামষ্টিক অর্থনীতির অগ্রগতি অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। শিশু মৃত্যুর হার হ্রাসে জাতিসংঘ এমডিজি অ্যাওয়ার্ড আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে। সে ধারাবাহিকতায় তিনি সবার প্রতি দেশকে আরো এগিয়ে নেওয়ার আহ্বান জানান। প্রধানমন্ত্রী রাজধানীর নিমতলীতে ভয়াবহ আগুনসহ বিভিন্ন দুর্ঘটনায় প্রাণ হারানোদের জন্য গভীর সমবেদনা ও তাদের রুহের মাগফিরাত কামনা করেন। নতুন বছরে তিনি সবার জীবনে অনাবিল সুখ, সমৃদ্ধি ও শান্তিপ্রার্থনা করেন। বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া বলেন, "পহেলা জানুয়ারি প্রতিবছর নতুন বার্তা নিয়ে আমাদের দ্বারে উপস্থিত হয়। পুরনো বছরের ব্যর্থতা, গ্লানি, হাতাশাকে ঝেড়ে ফেলে নবউদ্যমে এগিয়ে যাওয়ার প্রেরণা যোগায় নববর্ষ।" বিশ্বময় সংঘাত আর অশান্তির ঘটনা প্রবাহে নতুন বছরটিকে শান্তি ও অগ্রগতির বছরে পরিণত করতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি। অশান্তি, যুদ্ধবিগ্রহ ও অমানবিকতা দূর হয়ে নতুন বছর সবার জীবনে অনাবিল সুখ ও শান্তি আসবে- এ কামনা করেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/ডিডি/২৩০০ ঘ.